ভুবি ডোবালেন কিউইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত আগের দিন শেষ করেছিল ৭ উইকেট হারিয়ে। গতকাল দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডেরও নেই ৭ উইকেট। কিন্তু ইডেন টেস্টে দুই দিন শেষে দুই দলের মানসিক অবস্থায় কত পার্থক্য!
প্রথম দিন শেষে ভারতের স্কোরবোর্ডে ছিল ২৩৯ রান। ভালো অবশ্যই নয়, বিরাট কোহলির দল রানটা নিশ্চয়ই তিন শ পার করানোর আশায় ছিল। ঋদ্ধিমান সাহার অপরাজিত ফিফটির সৌজন্যে সেটি তারা করেছেও, প্রথম ইনিংসে তারা করেছে ৩১৬ রান। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের রান তিন শ পেরোনোর আশাটা সুদূরপরাহত মনে হচ্ছে। ৩ উইকেটই আছে, কিন্তু রস টেলরের দল কাল দিন শেষ করেছে প্রথম ইনিংসে ১২৮ রান নিয়ে। এখনো পিছিয়ে ১৮৮ রানে।
ভারতের মাটিতে কোনো বিদেশি দলের এমন ত্রাহি অবস্থা সাধারণত হয় স্পিন-বিষে। কিন্তু ইডেন গার্ডেনে কাল ব্যাপারটি হয়েছে সম্পূর্ণ ভিন্ন, কিউইদের ভুগিয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার। ১০ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট! ১৫ টেস্টের ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন ‘ভুবি’।
দিনের প্রথম ভাগটা ছিল ঋদ্ধিমান সাহার। নিজে অপরাজিত থাকেন ৫৪ রানে, শেষ তিন ব্যাটসম্যানকে নিয়ে ভারতকেও এনে দেন আরও ৭৭ রান। এরপর বোলিংয়ে শুরু হয় ভুবনেশ্বরের দাপট। কতটা নিখুঁত লাইনে বোলিং করেছেন, তা বুঝে নিতে পারেন এই তথ্য থেকে—৫ উইকেটের মধ্যে গাপটিল, নিকোলস ও হেনরি তিনজনকেই করেছেন বোল্ড। এলবিডব্লু স্যান্টনার। শুধু টেলরকে আউট করতেই ফিল্ডারের সাহায্য নিতে হয়েছে। নিউজিল্যান্ডের হয়ে টেলর (৩৬) ও রনকিই (৩৫) যা একটু লড়েছেন। ক্রিকইনফো।