ভুল আম্পায়ারিংয়ের ব্যাখ্যা জানতে চাইবে বিসিবি

এনামুলদের রানবন্যার দিনেও আলোচনায় আম্পায়ারিংছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেএসপির দুই মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ম্যাচই জমজমাট ক্রিকেটেরই আভাস দিচ্ছিল। কিন্তু দিন শেষে প্রিমিয়ার লিগকেন্দ্রিক আলোচনাটা গিয়ে ঠেকল সেই আম্পায়ারিংয়ে। এবার আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার মাসুদুর রহমানকে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি আম্পায়ার্স কমিটি।

তিন নম্বর মাঠে আবাহনী ও খেলাঘরের মধ্যকার ম্যাচের ঘটনা। মোহাম্মদ নাঈমের ৮৪ ও মোসাদ্দেক হোসেনের ৬৩ রানের ইনিংসে আবাহনী ৯ উইকেটে ২৬১ রান করে। তাড়া করতে নেমে খেলাঘরের উদ্বোধনী ব্যাটসম্যান হাসানুজ্জামানকে ষষ্ঠ ওভারে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আবাহনীর বাঁহাতি স্পিনার আরাফাত সানি। কিন্তু জোরের ওপরে করা আর্ম বলটিতে এলবিডব্লুর আবেদনই করেননি সানি! তবু আম্পায়ার মাসুদুর রহমান আঙুল তুলতে এক মুহূর্তও দেরি করেননি।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির আম্পায়ার্স বিভাগের এক সূত্র বলছিলেন, ‘যেহেতু একটা ভুল হয়েছে, আমরা তাঁর ভাষ্যটা জানতে চাইব। এর বেশি কিছু না। যেহেতু একটা ঘটনা ঘটেছে, সেদিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

বিসিবির আম্পায়ার্স কমিটিও আম্পায়ার মাসুদুরের কাছে এমন ভুলের ব্যাখ্যা জানতে চেয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিসিবির আম্পায়ার্স বিভাগের এক সূত্র বলছিলেন, ‘যেহেতু একটা ভুল হয়েছে, আমরা তাঁর ভাষ্যটা জানতে চাইব। এর বেশি কিছু না। যেহেতু একটা ঘটনা ঘটেছে, সেদিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

অমিত মজুমদার ও অমিত হাসানের জোড়া ফিফটির পরও ২০ রানে হেরেছে খেলাঘর। যদিও ম্যাচ শেষে আলোচনায় ছিল হাসানুজ্জামানের সেই আউটটি। জানা গেছে, খেলাঘরের অধিনায়ক মাসুম খানের প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ ছিল।

আম্পায়ারিং নিয়ে এই বিতর্ক ছাড়া প্রিমিয়ার লিগে গতকালের দিনটা আসলে এনামুল হকের। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৩তম শতকের পর তিনি এগিয়ে যাচ্ছিলেন দ্বিশতকের দিকে। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে যে অর্জন শুধু সৌম্য সরকারেরই। কিন্তু দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দ্বিশতক শেষ পর্যন্ত পেলেন না এনামুল।

দারুণ শতক হাঁকিয়েছেন এনামুল
ছবি: বিসিবি

খেলাঘরের বিপক্ষে তাঁর ইনিংসটা শেষ পর্যন্ত থেমেছে ১৪২ বলে ১৮৪ রানেই। প্রাইম ব্যাংকের এই উদ্বোধনী ব্যাটসম্যানের মধ্যে অবশ্য রেকর্ড গড়তে না পারার আক্ষেপ নেই, ‘যখন ক্যাপ খুলে ব্যাট উঁচু করে সবাইকে দেখাই, সেটা খুবই শান্তির বিষয়, ভালো লাগার বিষয়। ছোটবেলা থেকেই এটা খুব পছন্দ করি। চেষ্টা করব যেন এমন শতক আরও করতে পারি, দলের জয়ে যেন আরও অবদান রাখতে পারি।’

শাইনপুকুরের বিপক্ষে প্রাইম ব্যাংকের জয় অবশ্য প্রথম ইনিংসেই নিশ্চিত হয়ে গেছে। এনামুলের ক্যারিয়ার–সেরা ১৮৪ রানের পর নাসির হোসেনের ৩২ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে প্রাইম ব্যাংক করেছে ৫ উইকেটে ৩৮৮ রান, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

সেই রানের পেছনে ছুটতে গিয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৭ রান করেছে শাইনপুকুর। সিকান্দার রাজা ৯৮ ও সাজ্জাদুল হক ৫৬ রান করেন। প্রাইম ব্যাংকের ১১১ রানের বিরাট জয়ে ম্যাচসেরা এনামুলই।

রান বন্যার ম্যাচটি অবশ্য ভিন্ন কারণেও আলোচনায় এসেছে। প্রাইম ব্যাংকের ইনিংসের ৪০তম ওভারে আলাউদ্দিন বাবুর বলে পুল শট খেলে বল আকাশে তোলেন মোহাম্মদ মিঠুন। শাইনপুকুরের অধিনায়ক মাহিদুল ইসলাম সহজ ক্যাচটি ধরতেই গিয়েও যেন ধরলেন না! বোলার আলাউদ্দিন শরীরীভাষায় তখন অবিশ্বাস। ৬ রানে অপরাজিত ব্যাটসম্যান মিঠুন শেষ পর্যন্ত ৩৮ রান করেন।