ভুল থেকে শিক্ষা নেবেন বুমরারা

কাল ভারতের হয়ে ভালো করেছেন শুধু বুমরাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেবারিট হিসেবে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। একমাত্র দল হিসেবে প্রথম ও দ্বিতীয় ম্যাচের মাঝে ৬ দিন বিরতিও পেয়েছে তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচ শেষ হতেই গা থেকে ফেবারিটের তকমা খসে পড়েছে ভারতের। এমনকি সুপার টুয়েলভ পার হয়ে সেমিফাইনালে যাওয়ার কাজটাও এখন অন্যদের হাতে ছেড়ে দিয়েছে ভারত।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছ অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। কাল ভারত হেরেছে ৮ উইকেটে। এই হারের পর কোনো অজুহাত দেখাননি ভারতের একমাত্র পারফরমার যশপ্রীত বুমরা। এই পেসার বলেন, ভুল থেকে নেওয়া শিক্ষা পরের ম্যাচগুলোয় কাজে লাগাবেন।

মিচেল কোনো সুযোগ দেননি ভারতীয় বোলারদের
ছবি: টুইটার

গতকাল ভারত পুরো ২০ ওভার খেলে মাত্র ১১০ রান তুলেছিল। সে রান তাড়া করতে নেমে ৩৩ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে এসেছে নিউজিল্যান্ড। ফলে, দুই ম্যাচ শেষে ভারতের হাত শুধু শূন্যই নয়, রানরেটেও অনেক পিছিয়ে গেছে দলটি। এমন এক হারের পর বুমরা তাই স্বীকার করে নিয়েছেন, তাঁদের কিছু ভুল ছিল ম্যাচে, ‘খেলোয়াড় হিসেবে ক্রিকেটে অনেক রকম দিনই দেখতে হয়। কোনো দিন ভালো যায় এবং কোনো দিন বাজে। সবই একজন ক্রিকেটারের জীবনের অংশ। এখন কী ঘটছে তা নিয়েই ভাবব, কী ভুল হয়েছে তা বিশ্লেষণ করব, কী ঠিক হয়েছে সেটা দেখব এবং সামনে এগিয়ে যাব। এই খেলায় সামনে এগোনোর একমাত্র উপায় এটি।’

কোহলিও পারেন্নি দলকে বাঁচাতে
ছবি: টুইটার

টানা দুই ম্যাচ প্রথমে ব্যাট করে হারল ভারত। এবার সংযুক্ত আরব আমিরাতে অধিকাংশ দলই টস জিতলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিচ্ছে। শিশিরের প্রভাব থাকায় রাতের ম্যাচে পরে ব্যাট করা সহজ হয়ে যাচ্ছে। কাল বুমরাই শুধু উইকেট পেয়েছেন ভারতের হয়ে। অন্য কোনো বোলারই উইকেট পাওয়ার মতো বল করতে পারেননি। বুমরা এর দায় দিচ্ছেন শিশিরকে, ‘দ্বিতীয় ইনিংসে আমরা যখন বল করছিলাম, লেংথ বল খুব একটা কাজ করছিল না। কিন্তু প্রথম ইনিংসে ওরা যখন লেংথ বল করছিল, তখন পুলগুলো হচ্ছিল না এবং অন্য শট মারাও কঠিন ছিল।’

ব্যর্থ হয়েছেন রোহিত
ছবি: টুইটার

অবশ্য কাল ভারত যে রান করেছে, তাতে শিশিরের প্রভাব না থাকলেও ভারতের পক্ষে ম্যাচ বের করা কঠিন হতো। পাকিস্তানের বিপক্ষে দেড় শ পার করতে পারলেও গতকাল মাত্র ১১০ রান তুলেছিলেন কোহলিরা। তবে বুমরা পুরো দায় ব্যাটসম্যানদের ওপর দিতে রাজি নন, ‘আমরা জানি, দ্বিতীয় ইনিংসে শিশির খুব বড় প্রভাব ফেলে। আমাদের ব্যাটসম্যানরা চেয়েছিল বোলারদের জন্য কিছু দিতে, দ্বিতীয় ইনিংসে সুবিধা পাওয়ার জন্য কিছু বাড়তি রান করতে। আর সেটা করতে গিয়ে এমন সব খেলেছি, যা কাজে লাগেনি আজ।’