দৃশ্যটা দেখলে একটু হলেও এলোমেলো হতো দক্ষিণ আফ্রিকার চিন্তা। তবে কি মানগাউং ওভালের দ্বিতীয় টেস্টে পেস আক্রমণের ধার বাড়িয়ে মাঠে নামছে বাংলাদেশ দল?
লিটন দাসকে উইকেটকিপার বানিয়ে কাল মাঝ উইকেটের পাশে স্লিপ ক্যাচিং অনুশীলন করাচ্ছিলেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তো সেই ‘ডামি স্লিপে’ কতজন ফিল্ডার ছিলেন? পাঁচজন! ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। কখনো ডানহাতি বোলার, কখনো বা বাঁহাতি বোলার কল্পনায় রেখে স্লিপ ফিল্ডিং করানো হলো উইকেটের দুই পাশে।
পাঁচ স্লিপের দৃশ্য বাংলাদেশ দলের ফিল্ডিংয়ে কতটা বাস্তব হয়ে ধরে দেবে কে জানে। সে রকম পেসারই বা কই দলে! একাদশের তিন পেসারে এবার অবশ্য একটু চেহারা বদল হতে পারে। মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ ব্লুমফন্টেইন টেস্টেও খেলছেন। থাকছেন না শফিউল ইসলাম। তাঁর জায়গায় দলে আসবেন রুবেল হোসেন।
আক্রমণাত্মক ফিল্ডিংয়ের ওই অনুশীলন করানো হয়েছে আসলে বিশেষ পরিস্থিতি মাথায় রেখে। প্রয়োজনে যেন ঘিরে ধরা যায় প্রোটিয়া ব্যাটসম্যানদের। দূর থেকে কাল মানগাউং ওভালের উইকেটে তেমন ঘাস দেখা না গেলেও পচেফস্ট্রুমের উইকেটের চেয়ে সেটা একটু বেশিই আছে এখানে। উইকেট যথেষ্ট শক্তও। কিউরেটর নিকো প্রিটোরিয়াস তো আগেই বলে দিয়েছেন—উইকেটে ব্যাটসম্যানদের দিকে ধেয়ে আসতে
পারে অস্বস্তিকর সব বাউন্সার। শুরুর দিকে বল একটু এদিক-সেদিকও হবে। সত্যিই উইকেট ও রকম হলে বাংলাদেশের পেসাররাও সুবিধাগুলো নিতে চাইবেন। সে জন্যই হ্যালসলের ওই অনুশীলন।
কিন্তু পচেফস্ট্রুম টেস্টের অভিজ্ঞতার পর আসলে কতটা আস্থা রাখা যায় পেসারদের ওপর? অধিনায়ক মুশফিকুর রহিম প্রথম টেস্ট শেষে বোলারদের ওপর চড়াও হলেও এখন আশাবাদী, দ্বিতীয় টেস্টে তাঁরা ঘুরে দাঁড়াবেন, ‘যদি তারা আমার বার্তাটা বোঝার চেষ্টা করে তাহলে অনেক ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।’
ব্লুমফন্টেইনে বাংলাদেশের ব্যাটিং একটু ব্যাকফুটেই থাকবে। ঊরুর চোটে টেস্ট থেকে ছিটকে গেছেন সবচেয়ে বড় ভরসা তামিম ইকবাল। সাকিবের পর তামিমেরও না খেলা দলের জন্য ধাক্কা বটে। অধিনায়ক সেটা মানেন। তবু দলের আত্মবিশ্বাস যাতে টলে না যায়, সে জন্য মনে করিয়ে দিলেন, ২০০৬ সালে সাকিব-তামিমকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ড্র করেছিল বাংলাদেশ দল। তাদের অনুপস্থিতি বরং অন্যদের জন্য কিছু করে দেখানোর সুযোগ নিয়ে এসেছে।
দক্ষিণ আফ্রিকার চোটজর্জর অবস্থা সিরিজের আগে থেকেই। ডেল স্টেইন, ফিল্যান্ডার তো স্কোয়াডেই নেই। সিরিজ শুরুর পর পারনেল, মরকেলও পড়েছেন চোটে। কাল উইকেট দেখে বিশেষ করে মরকেলের অভাবটাই বেশি অনুভব করলেন অধিনায়ক ফাফ ডু প্লেসি, ‘মরকেলের অনুপস্থিতি বিরাট ক্ষতি আমাদের জন্য। আমাদের এখন দেখতে হবে যারা আছে তাদের নিয়েই কীভাবে ভারসাম্যপূর্ণ একটা আক্রমণভাগ তৈরি করা যায়।’ বিপরীতে দক্ষিণ আফ্রিকান অধিনায়কের সবচেয়ে বড় স্বস্তি এই টেস্টে তামিমের খেলতে না-পারা, ‘এটা আমাদের জন্য খুব ভালো খবর। ও তাদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। এই কন্ডিশনে কীভাবে খেলতে হয়, সেটা তামিমই সবচেয়ে ভালো জানে। তাকে হারানো বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি।’
খেলতে নামার আগে চোট আঘাতের দিক দিয়ে দুই দলই প্রায় সাম্যাবস্থায়। কিন্তু টেস্ট ক্রিকেটে ‘বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা’ লড়াই কখনোই সাম্যাবস্থায় থেকে হয় না। দক্ষিণ আফ্রিকা টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয়, আর বাংলাদেশ নবম। তা ছাড়া ব্লুমফন্টেইনে এর আগে খেলা একমাত্র টেস্টটির দিকে ফিরে তাকালেও বাংলাদেশ আশাবাদী হওয়ার মতো কিছু দেখে না। ২০০৮-এর ওই টেস্টের দুই ইনিংসেই বাংলাদেশ দল থেমে যায় দেড় শর একটু ওপরে রান করে। হার মেনেছিল ইনিংস ও ১২৯ রানের ব্যবধানে।
অতীতের তিক্ত অভিজ্ঞতা আর বাউন্সি উইকেট সামনে রেখেও ব্লুমফন্টেইন টেস্ট নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। আশার ভিত্তি ভুল থেকে শেখার তাড়না। দলের সবাই নাকি এখন প্রথম টেস্টের ভুল শুধরে ভালো কিছু উপহার দেওয়ার অপেক্ষায়।
মুশফিকের আশা পূরণ হলে ভালো। আর পূরণ না হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ভুল থেকে শেখাটা যে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য ব্লুমফন্টেইনের উইকেটের চেয়েও কঠিন!