ভুল ব্রাভোকে শুভেচ্ছা জানিয়ে উপহাসের পাত্র হলেন আজমল

ড্যারেন ব্রাভোর বুঝি আক্ষেপের আর শেষ রইল না। একে তো অসাধারণ সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না, তার ওপর সেঞ্চুরির কৃতিত্বটাও লোকে দিয়ে দিচ্ছে অন্য একজনকে!
কী দুর্দান্ত এক সেঞ্চুরিই না ব্রাভো করলেন দুবাইয়ের দিবারাত্রির টেস্টে! চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ৩৪৬। সেটি তাড়া করতে নেমে শেষ সেশন পর্যন্ত যে লড়ে গেছে ক্যারিবীয়রা, তা তো ব্রাভোর ৪০৬ মিনিটে চোখ জুড়ানো সব শটের ১১৬ রানের ইনিংসটির সুবাদেই। কে জানে, হোল্ডার-চেজ-জনসনদের ত্রিশ পেরোনো ইনিংসগুলো আরেকটু বড় হলে হয়তো পাকিস্তানের কাছে টেস্টটা ৫৬ রানে হারতে হয় না ওয়েস্ট ইন্ডিজকে।
সে যা-ই হোক, শেষ সেশন পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে যাওয়া টেস্টটা অনেক দিন পর টেস্টের রূপ-রস-স্বাদ দিয়ে গেছে। ড্যারেন ব্রাভোও পেয়েছেন অনেক প্রশংসা। আউট হয়ে মাঠ ছাড়ার সময় পাকিস্তানের খেলোয়াড়েরাই তাঁকে অভিবাদন জানিয়েছেন, ব্রাভো ম্যাচের পর টুইটারে প্রশংসা পেয়েছেন সাবেক-বর্তমান অনেক খেলোয়াড়েরও। তবে এমন প্রশংসা জানাতে গিয়েই উল্টো বিপাকে পড়েছেন আরেক পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল।
অনেক দিন ধরেই দলের বাইরে আজমল। তবে টেস্টটি নিশ্চয়ই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। তা ম্যাচের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে পাকিস্তানি অফ স্পিনার টুইট করেছেন, ‘পুরো থ্রিলার! কে বলে টেস্ট ক্রিকেট তার রোমাঞ্চ হারিয়েছে! পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সবাইকে বিনোদিত করেছে। টিম পাকিস্তান, দুর্দান্ত করেছ। (একটি টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে) ব্রাভো, অসাধারণ লড়েছ!’
ঝামেলাটা হলো, আজমল যে ব্রাভোকে টুইটে ট্যাগ করেছেন, তিনি ড্যারেন নন, ডোয়াইন ব্রাভো!
সেঞ্চুরি তো দূরে থাক, ডোয়াইন ব্রাভো এই দলেই নেই। এমন টুইটের পর অনুসারীরাও উপহাস করলেন আজমলকে নিয়ে। একজন তো লিখেছেন, ‘সাঈদ ভাই, ঘুমান। সম্ভবত আপনার ঘুম ধরেছে। ও ড্যারেন ব্রাভো, ডোয়াইন নয়।’ আরেকজন খোঁচা মেরেছেন ৩৯ বছর বয়সী স্পিনারের দলের বাইরে থাকা নিয়ে, ‘হে হে! একে তো ক্রিকেটের বাইরে, তার ওপর জানেনও না এটা কোন ব্রাভো!’ এমনকি আজমল ম্যাচটা দেখে টুইট করেছেন কি না, এ নিয়েও সংশয় কারও কারও, ‘ও জনাব! ম্যাচ দেখেছেন? নাকি শুনে শুনেই টুইট করে দিয়েছেন? এটা ড্যারেন ব্রাভো!’
ওয়েস্ট ইন্ডিজের দুই ব্রাভোতেই এমন গোলমাল! ভাবুন তো, বাংলাদেশের চার ‘মেহেদী’ যদি আন্তর্জাতিক মঞ্চে উঠে আসেন, তখন অবস্থাটা কী হবে? সূত্র: জি নিউজ।