ভুলটাকেই 'ভালোবাসেন' মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ দলের মধ্যমণি হয়েই আছেন। ছবি: প্রথম আলো
খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ দলের মধ্যমণি হয়েই আছেন। ছবি: প্রথম আলো

তাঁর সবকিছুর মধ্যেই একটা আশ্চর্য সহজ সারল্য আছে। খেলার ধরন কিংবা জীবন দর্শনেও। মাহমুদউল্লাহ সবকিছু সহজভাবেই ব্যাখ্যা করতে ভালোবাসেন। এবারের আসরে খুলনা টাইটানস খুব ভালো করছে। গতকাল পর্যন্ত ছিল ৬ ম্যাচে ৫ জয়। কিন্তু আজ আবারও রংপুর রাইডার্সের কাছে হারার পর প্রশ্নটা উঠল। খুলনা যে খুব বেশি রান তুলতে পারছে না স্কোরবোর্ডে। ১২৭, ১৩৩, ১৪৪-এর স্কোরগুলো দিয়েই পার পেয়ে গেছে তারা। এখন পর্যন্ত ১৬০-এর পুঁজি এক ম্যাচেও পায়নি। অথচ টি-টোয়েন্টিতে এই স্কোরও নিরাপদ নয়। 

আজ রংপুরের বিপক্ষে ৭ উইকেটে ১২৫ রান তোলার পর প্রশ্নটা তাই উঠলই। তবে এর একটা সহজ ব্যাখ্যা দিয়েছেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘না পারার কারণটা সহজ, মারতে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। আমাদের দলে মারতে পারে এমন খেলোয়াড় তো কম নেই। ফ্লেচার, ওয়েসেলস খুব ভালো মারতে পারে। মজিদ গত দুই বছর ধরে ভালো রান করছে। দুর্ভাগ্যজনকভাবে ক্লিক করছে না। হাসান কয়েকটা ম্যাচে ভালো শুরু করেছে, কিন্তু টেনে নিয়ে ​যেতে পারেনি। আশা করি ঠিক হয়ে যাবে।’
খুলনা সাত ম্যাচের দুটিতে হেরেছে। দুবারই প্রতিপক্ষ রংপুর রাইডার্স। রংপুরের কারণেই তো এখনো তাদের রান রেট ঋণাত্মক। যেটি খুলনাকে ভোগাতেও পারে। রংপুর কি তাহলে খুলনার দুর্বলতা ধরে ফেলেছে? মাহমুদউল্লাহ হেসেই উত্তর দিলেন, ‘হয়তো হতে পারে ( হেসে)। না, আমার মনে হয় আজকে উইকেট খুব ভালো ছিল, ওরা খুব ভালো বল করেছে। ওরা নিজেদের শক্তির জায়গাটা জানে। আমরা কোন স্পিনারকে খেলতে হবে বা কোন গ্যাপে খেললে ভালো হবে—সেটা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। ওরা খুব ভালো বল করেছে।’
প্রথম ম্যাচে সেই ৪৪ রানে অলআউট হয়ে যাওয়ার ভয়টাও যেন আজ তাড়া করে ফিরেছে খুলনাকে। এ কারণে প্রতি মুহূর্তেই মনে হয়েছে তারা বাড়াবাড়ি রকমের সতর্ক। মাহমুদউল্লাহ মানলেন, সেই স্মৃতি মনের ভেতরে আসলেই ঢুকে আছে খুলনার। জানালেন, ভুলটাকে ভুলে যাওয়া নয়, সেটিকে মনে রাখার দর্শনেই তাঁর বিশ্বাস, ‘ওইটা তো ছিলই। কারণ, সেদিন আমি একটা কথা বলেছিলাম, এটা যেন আমরা না ভুলি। এটা মনে রাখলেই ভালো, তাহলে আমরা শিক্ষা নিতে পারব। যদি ভুলে যাই, তবে এই ভুলগুলোই আবার করব।’
খুলনা আসলে শুরুতেই ঝামেলায় পড়ে যাচ্ছে। ওপেনিং জুটির ব্যর্থতার কারণে পাওয়ার প্লের ৬ ওভার ভালোভাবে কাজে লাগাতে পারছে না। মাহমুদউল্লাহও স্বীকার করে নিলেন, ‘ওপেনিং জুটি নিয়ে অবশ্যই আমরা চিন্তিত। যেহেতু টুর্নামেন্টের মাঝপথে চলে এসেছি। টপ অর্ডারের ব্যাটিং নিয়ে চিন্তিত। আর বেশ কয়েকটা পরিবর্তন এনেছি, কোনোটাই কাজে দিচ্ছে না। তবে এখনো আশাবাদী, যদি এক ম্যাচে ভালো করতে পারি, ওপেনিং ও টপ অর্ডারের আত্মবিশ্বাসটা আরও বাড়বে।’