ভুলতে পারছেন না জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষ আফগানিস্তান বলেই কি অনুশীলনে এমন ফুরফুরে মেজাজে স্টিভেন স্মিথ ও মিচেল জনসন?  l এএফপি
প্রতিপক্ষ আফগানিস্তান বলেই কি অনুশীলনে এমন ফুরফুরে মেজাজে স্টিভেন স্মিথ ও মিচেল জনসন? l এএফপি

কিছুতেই কিছু হচ্ছিল না তাঁর। যেখানেই বল ফেলছিলেন, মাঠছাড়া হয়ে যাচ্ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বটে, কিন্তু মিচেল জনসন নিজেকে হারিয়েই খুঁজেছেন। শেষ পর্যন্ত ৬ ওভারে ৬৮ রান দিয়েছেন জনসন, উইকেট পাননি একটিও।
গাপটিল, উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন কেউই জনসনকে রেহাই দেননি। তবে ঝালটা বেশি ঝেড়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, যা অনেক দিন দুঃস্বপ্ন হয়েই থাকবে অস্ট্রেলিয়ান পেসারের কাছে। নিজেই বলছেন, ‘সে অসাধারণ (ম্যাককালাম) একজন ব্যাটসম্যান। আমাকে খুবই ভুগিয়েছে, অনেক দিন আমি এ রকম মার খাইনি।’
ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ অবশ্য আজই পেয়ে যাচ্ছেন জনসন। ওয়াকার গতিময় উইকেটে আফগানিস্তানের সঙ্গে ভালো করতে নিশ্চয় তেতেই আছেন তিনি।
কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিং এভাবে বালির বাঁধের মতো ভেঙে পড়ল কেন? অনেকেই বলছেন, প্রথম ম্যাচের পর পাওয়া দুই সপ্তাহের বিরতিটা ভালোই প্রভাব ফেলেছে অস্ট্রেলিয়ার খেলায় (মাঝে বাংলাদেশের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত)। অধিনায়ক মাইকেল ক্লার্ক নিজেই তা কবুল করছেন। তাঁর কথা, নিউজিল্যান্ডের সুইং বোলিং খেলার জন্য অস্ট্রেলিয়া ঠিকঠাক প্রস্তুতি নেয়নি।
তবে জনসন কাঠগড়ায় তুলছেন অন্য একটা ব্যাপার। সেটি হলো, খেলোয়াড়দের স্নায়ুচাপ, ‘সত্যি বললে আমাদের প্রস্তুতিটা খুবই ভালো ছিল। আমার মনে হয় মাঝামাঝি সময়ে এসে আমরা একটু বেশি স্নায়ুচাপে ভুগছিলাম। আমরা তো জানতামই বল সুইং করবে। কিন্তু যেভাবে খেলা দরকার ছিল, সেভাবে খেলতে পারিনি। নিজেদের ওপর চাপটা আসলে বেশি নিয়ে ফেলেছিলাম।’
প্রতিপক্ষ যখন আফগানিস্তান, আজ অস্ট্রেলিয়ার তেমন কোনো চাপে না পড়ারই কথা। এএফপি।