ভুলোমনা আম্পায়ার
কলাবাগান ক্রিকেট একাডেমির ইনিংসের দশম ওভার শেষ হয়ে গেছে, একাদশ ওভার করার জন্য বলও হাতে নিয়েছেন আবাহনীর বাঁহাতি স্পিনার অমিত কুমার। প্রথম পাওয়ার প্লে শেষে শুরু হওয়ার কথা দ্বিতীয় পাওয়ার প্লে। কিন্তু কোথায় যেন একটা ছন্দপতন। মাঠের আম্পায়াররা যে নতুন পাওয়ার প্লে শুরুর সংকেতই দেননি। তাঁদের সংবিৎ ফেরে মাঠের বাইরে থেকে রিজার্ভ আম্পায়ার মাথার ওপর হাত ঘুরিয়ে ও চিৎকার করার পর!
খানিক পর আরেকটি ওভার শুরুর আগে দেখা গেল আবাহনীর এক ফিল্ডার ইশারা ও চিৎকার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন নন-স্ট্রাইকার প্রান্তের আম্পায়ার মিজানুর রহমানের। কারণটা পরিষ্কার হলো একটু পর, প্রতি ওভার শেষে যে নিজের প্রান্তের বলটা পকেটে পুরতে হয় সেটিই ভুলে গেছেন আম্পায়ার! বলটা তাই থেকে যায় ওই ফিল্ডারের হাতে।
অবশ্য ভুল হওয়াটাই স্বাভাবিক, এই মৌসুমে কালই প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন দুই আম্পায়ার জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমান। বড় ম্যাচের চাপ হয়তো সামলাতে পারেননি। এসব ভুলের বাইরেও তাঁদের কিছু সিদ্ধান্ত খুশিমনে মানতে দেখা যায়নি একাডেমির ব্যাটসম্যানদের।