ভুয়া ভুয়া চিৎকার কেন?

দর্শকেরাই খেলার প্রাণ। এত দিন বেশির ভাগ ম্যাচে গ্যালারি ছিল ফাঁকা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকেও মনে হয়েছে প্রাণহীন। আজ ছুটির দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দর্শকের ভিড় বাড়ছে। বাংলাদেশ-নেপাল কোয়ার্টার ফাইনাল ম্যাচটির রংও যেন বেড়েছে।
সকালে নেপালের সমর্থকদের ভিড়ই যেন বেশি ছিল। সকাল থেকে নেপালি সমর্থকেরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন। তাতে কত আশা আর স্বপ্নের কথা লেখা। গলাও ফাটিয়েছেন নিজ দেশের সমর্থনে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের ভিড় বেড়েছে। স্বাভাবিকভাবেই তাতে বাংলাদেশের সমর্থকদের আধিপত্য। বাংলাদেশের সমর্থকেরাও গলা ফাটিয়ে সমর্থন দিয়ে যাচ্ছেন। অনুপ্রেরণা জোগাচ্ছেন। কিন্তু শুরু থেকেই গ্যালারির একটি বড় অংশ থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান উঠেছে। নেপালিদের উদ্দেশেই হয়তো এই বিদ্রূপ ধ্বনি। কিন্তু নিজের দেশকে সমর্থন দিতে গিয়ে নেপালকে ভুয়া ভুয়া বলে দুয়ো দিতে হবে কেন?
নেপাল ছোট্ট একটি দেশ। ক্রিকেট ইতিহাসও তাদের দীর্ঘ নয়। কিন্তু কদিন আগেই ভয়াবহ ভূমিকম্প, এর পরপরই ভারতের কার্যত বাণিজ্যিক অবরোধের কারণে দেশটির মানুষ ভুগেছে নিদারুণ কষ্টে। সেই নেপালিদের মুখে হাসি ফুটিয়েছে খেলা। কদিন আগে বাংলাদেশ থেকেই নেপালের ফুটবলরা জিতে নিয়ে গেছেন বঙ্গবন্ধু গোল্ড কাপ। এরপর যুব বিশ্বকাপে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে।
নেপালের জন্য আজ যেন সবচেয়ে বড় উৎসবের দিন। সেই উচ্ছ্বাস আর আবেগ ধরা পড়ছে ক্রিকইনফোতে প্রকাশিত নেপালিদের মন্তব্যে। সবাই বুঁদ হয়ে টিভির সামনে। ক্লাস চলছে। কিন্তু আজ পড়াশোনায় ছুটি। শিক্ষকও আজ পড়ানোর বদলে জানতে চাইছেন স্কোর কত। কারও কারও পরীক্ষা। কিন্তু একদিন না পড়লে কী এমন ক্ষতি হবে? এমন দিন তো নেপালের জন্য সব সময় আসে না।
এখান থেকে তারা টুর্নামেন্টে কত দূর যাবে কে জানে। বাংলাদেশের সমর্থকেরা অবশ্যই চাইবেন নেপালের যাত্রা যেন এখানেই থেমে যায়। কিন্তু নিজ দলকে সমর্থন দিতে গিয়ে অকারণে প্রতিপক্ষকে অপমান করা কেন?
নেপালের মতো এক সময় বাংলাদেশ ক্রিকেট বিশ্বে খর্বশক্তির দল ছিল। অনেক অপমান সইতে হয়েছে। বাংলাদেশের যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই অপমানের যন্ত্রণা বাংলাদেশ ভালো জানে জন্যই তো আরও বেশি করে এই দলগুলোর প্রতি সম্মান দেখানো উচিত। বাহবা দেওয়া উচিত, শ্রদ্ধা করা উচিত তাদের ক্রিকেট আবেগকে।

এমনিতেই সারা বিশ্বে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আলাদা পরিচিতি আছে। বাংলাদেশের সমর্থকেরা দলের ‘দ্বাদশ খেলোয়াড়’-এর ভূমিকা নেন। এ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট এগিয়ে আসার পেছনে দর্শকদের ক্রিকেট নিয়ে ভালোবাসা, আবেগ আর উন্মাদনার বড় অবদান। ২০১১ বিশ্বকাপে ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে মুগ্ধ মাইক আথারটন লিখেছিলেন, ‘এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন কে হবে জানি না। তবে ক্রিকেটকে ভালোবাসার দিক দিয়ে এরই মধ্যে চ্যাম্পিয়ন পাওয়া গেছে। আর তার নাম বাংলাদেশ।’
মিরাজরা এগিয়ে যান ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অনুষ্ঠেয় ফাইনালের মঞ্চের দিকে। তবে এর আগেই যেন ভালোবাসা দিয়ে বাংলাদেশের দর্শকেরাও হয়ে ওঠে সত্যিকারের চ্যাম্পিয়ন!