নিজের হোটেলরুমে ঘুমাচ্ছিলেন হারিস সোহেল। হঠাৎ টের পেলেন, কে যেন তাঁর খাট ধরে সজোরে ঝাঁকুনি দিচ্ছে। বোধ হয় ভূমিকম্পটম্প হচ্ছে! একবার ভাবলেন সোহেল। কিন্তু পরে বুঝতে পারলেন, সে রকম কিছু নয়। সঙ্গে সঙ্গেই অশরীরী এক ভয় গ্রাস করল তাঁকে। কোনোমতে বিছানা ছেড়ে উঠে ছুট দিলেন পাশের কক্ষে। বাকি রাতটা কাটালেন সেখানেই। না, গাঁজাখুরি কোনো গল্প নয়। ব্যাপারটা সত্যিই ঘটেছে। বিশ্বকাপের প্রস্তুতি নিতে পাকিস্তান এখন রয়েছে নিউজিল্যান্ডে। গত শনিবার ক্রাইস্টচার্চের এক হোটেলে এই ভৌতিক অভিজ্ঞতা হয়েছে পাকিস্তানের এই ক্রিকেটারের। সোহেল এতটাই মুষড়ে পড়েন যে, পরের দিন নিউজিল্যান্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে আর নামেনইনি। পাকিস্তানের ম্যানেজার নাভিদ আকরাম অবশ্য একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। ওই সময় সোহেল জ্বরে ভুগছিলেন, সেটার ঘোরেই হয়তো ভয় পেয়েছেন বলে ধারণা নাভিদের। মেইল অনলাইন।