ভেঙে গেল সিএ-এসিএ আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুড়ঙ্গের শেষ মাথায় আলোর রেখা দেখা দিয়েও মিলিয়ে গেল। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) কাল জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে তাদের আলোচনা ভেঙে গেছে। এসিএ বলছে, তাদের দেওয়া আর্থিক কাঠামোর সংশোধিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিএ। সিএর দাবি, আলোচনা ভাঙেনি এবং দর-কষাকষির সুযোগও শেষ হয়ে যায়নি। ঘটনার নতুন এই মোড়ে আগামী মাসে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গেল।

কাল সন্ধ্যায় দুই ঘণ্টার জরুরি বৈঠক শেষে এসিএ জানায়, ন্যায্য প্রাপ্য নিয়ে লড়াই থেকে তারা পিছু হটবে না। তবে এসিএর আলোচনা ভেঙে যাওয়ার দাবিতে বিস্ময় প্রকাশ করেছে সিএ। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বলছে, এ বিষয়ে এসিএ আনুষ্ঠানিকভাবে তাদের কিছুই জানায়নি। সিএ বলছে, আগামী সোমবার সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন যথারীতি আলোচনা করবেন।

দুই পক্ষের বিপরীতমুখী ভাষ্যই ইঙ্গিত দেয়, সমঝোতার সম্ভাবনা এখনো অনেক দূরের পথ। এর আগে গত বুধবার অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া জানায়, আলোচনা তেমন একটা এগোচ্ছে না। সর্বশেষ দুই দিন অবশ্য দুই পক্ষের মুখোমুখি আলোচনা হয়নি, ফোন ও ই-মেইলেই বার্তা বিনিময় হয়েছে।

দ্বন্দ্বের জেরে ১ জুলাই থেকেই বেকার হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার ২৩০ জনেরও বেশি ক্রিকেটার। কাল সেই দলে যোগ হয়েছেন মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররাও। সাময়িক চুক্তি করেই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন তাঁরা। পরশু সেমিফাইনালে ভারতের কাছে হেরে শেষ হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ।

সময় যত গড়াচ্ছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিলের শঙ্কা ততই বাড়ছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, সিএ নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছে সফর শেষ পর্যন্ত না-ও হতে পারে। বিসিবিকে সেভাবেই প্রস্তুত থাকতে বলেছে সিএ। আর্থিক কাঠামো নিয়ে বিরোধের জেরে এরই মধ্যে অস্ট্রেলিয়া ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে।

বাংলাদেশ সফরের জন্য ১৩ সদস্যের দল আগেই ঘোষণা করেছে সিএ। আগামী ১০ আগস্ট ডারউইনে সফর-পূর্ব প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়ার। সফর হবে কি হবে না তা পরের কথা। তবে সফর নিয়ে সিএ ও বিসিবি কিছু রুটিন কাজ সেরে রাখছে। সফরের নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি দেখতে আগামী পরশু বাংলাদেশে আসছেন সিএ ও এসিএর প্রতিনিধিরা। তথ্যসূত্র: ক্রিকইনফো, দ্য এজ।