ভেজা পকেটের গল্প

জন্মেছিলেন খুবই সাধারণ মধ্যবিত্ত একটা পরিবারে। মুম্বাইয়ের মতো ব্যয়বহুল শহরে সংসারের ব্যয় মেটাতে দিনমান অক্লান্ত পরিশ্রম করতে হতো তাঁর বাবা-মাকে। ছয় সদস্যের সেই পরিবারে বিলাসিতার সুযোগ ছিল না। শৈশব থেকেই কঠোর পরিশ্রম করতে হয়েছে শচীন টেন্ডুলকারকে।
সেই ছোটবেলাতেই দিনের পর দিন ভারী কিট ব্যাট (ক্রিকেট সরঞ্জামের ব্যাগ) বয়েছেন, ভিড়বাসে দাঁড়িয়ে চলাফেরা করেছেন। খুব দামি ক্রিকেট সরঞ্জামও ছিল না। ছিল না ভালো ব্যাট, হেলমেট কিংবা প্যাড। নিজের কষ্টের সেই দিনগুলোর কথা টেন্ডুলকার কখনোই ভোলেননি। আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়েতে টেন্ডুলকার শুনিয়েছেন ভেজা পকেটের গল্পটাও।
কলোনিতে টেন্ডুলকারের খেলা দেখার সময়ই বড় ভাই অজিত তাঁর মধ্যে প্রতিভার ঝলক দেখতে পেয়েছিলেন। অজিতই টেন্ডুলকারকে নিয়ে যান গুরু রমাকান্ত আচরেকারের কাছে। অনেক চেষ্টার পর ১১ বছর বয়সী টেন্ডুলকার জায়গা পান আচরেকারের গ্রীষ্মকালীন ক্যাম্পে।
রান চুরি করেছিলেন টেন্ডুলকার!
টেন্ডুলকার লিখেছেন, ‘শিবাজি পার্কে প্রতিদিন সকালে আর সন্ধ্যায় অনুশীলন হতো। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ১০টার প্রথম সেশন করার পর বাড়ি ফিরতাম দুপুরের খাবারের জন্য। বিকেলে ফিরে গিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত অনুশীলন। সূচিটা ছিল খুবই কঠিন। দিনশেষে আমি তাই ক্লান্তিতে নুয়ে পড়তাম। বান্দ্রায় আমাদের বাসা থেকে শিবাজি পার্কে যেতে ৪০ মিনিটের মতো লাগত। ঠিক সময়ে পৌঁছানোর জন্য একেবারে সাতসকালে বাস ধরতে হতো।’
প্রথমদিকে বড় ভাই অজিত তাঁকে আনা-নেওয়া করতেন। পরে অভ্যস্ত হয়ে গেলে একাই যেতেন। কিন্তু সমস্যা ছিল আরও একটা জায়গায়। তখন টেন্ডুলকারের একটাই ক্রিকেট পোশাক ছিল। সকাল বেলার অনুশীলন শেষে ঘামে ভেজা টেন্ডুলকার বাসায় ফিরতেই সেই পোশাক ধুয়ে শুকোতে দেওয়া হতো। বিকেল নাগাদ পোশাক শুকিয়ে গেলে সেই পোশাকটা পরেই আবার অনুশীলতে যেতেন। সন্ধ্যায় অনুশীলন শেষে আবার ধুয়ে শুকোতে দেওয়া হতো সেটাই। সেটা পরে পরদিন সকালে অনুশীলনে।
‘পদ্ধতিটা বেশ কাজে দিয়েছিল। শুধু সমস্যা ছিল একটা জায়গায়। আমার পকেট কখনো শুকাত না। আসলে পকেটগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সময়ই কখনো পাওয়া যেত না। সেই গ্রীষ্মকালীন ক্যাম্পের পুরোটা সময় আমি খেলেছি ভেজা পকেট নিয়েই।