ভেট্টরি অজ্ঞ নাকি মিথ্যেবাদী ?

ক্রিস কেয়ার্নসের স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে ভালোই ফ্যাসাদে পড়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। লু ভিনসেন্ট তো ম্যাচ পাতানোর অভিযোগ স্বীকারই করে নিয়েছেন। কিন্তু যারা ফিক্সিংয়ের ফাঁদে পা দেননি তাঁরাও কিন্তু ছাড় পাচ্ছেন না। কেয়ার্নসের বিপক্ষে সাক্ষ্য দিতে গিয়ে নিজের সততাই প্রশ্নের মুখে পড়ে গেছে ভেট্টরির।
বর্তমান ক্রিকেট দুনিয়ায় যেখানে নিপাট ভদ্রলোক খুঁজে যাওয়া যথেষ্ট কঠিনই। সেই ক্ষুদ্র তালিকায় এত দিন ওপরের দিকেই ছিল ভেট্টরির নাম। তাই স্পট ফিক্সিং প্রসঙ্গে তাঁর নাম উঠলেও কারও মনে অন্য ধরনের কোনো প্রশ্ন আসে নি। ব্রেন্ডন ম্যাককালামের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন কেয়ার্নস। ম্যাককালাম সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সঙ্গে সঙ্গেই। এবং এ ব্যাপারটি ভেট্টরিকে জানিয়েও ছিলেন তিনি। ম্যাককালাম এ ঘটনা আইসিসির দুর্নীতি কমিশনের কাছে জানিয়েছিলেন ২০১১ এর শুরুর দিকে। কিন্তু ভেট্টরির বিপক্ষে অভিযোগ উঠেছে তিনি ব্যাপারটা জানলেও নিজের স্বার্থেই তা চেপে গিয়েছিলেন।
ভেট্টরিকে অবশ্য জড়িয়েই পড়তে হয়েছে এই ঘটনার সঙ্গে। তদন্তকারীদের প্রশ্নের মুখে তিনি পরবর্তীতে এই ‘জানার সময়কাল’ ২০১০ বলে উল্লেখ করেছিলেন। বলেছিলেন, ‘যেহেতু প্রস্তাবটি আসলে আমাকে করা হয়নি, আমি ব্যাপারটি রিপোর্ট করার প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমার কখনো মনে হয়নি এটি আমার দায়িত্ব’।
নতুন করে এখন প্রশ্ন উঠেছে ভেট্টরির উল্লেখ করা সময় নিয়ে। ম্যাককালাম যেখানে কেয়ার্নসের কাছ থেকে ২০০৮ সালে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন, সেখানে এই ঘটনা জেনেও ভেট্টরি কীভাবে এখানে ২০১০ সালের কথা উল্লেখ করলেন! সময়কাল নিয়ে এমন মিথ্যাচারের কারণ হিসেবে নিউজিল্যান্ডের এই বাঁ হাতি স্পিনার অবশ্য উল্লেখ করেছেন নিজের অজ্ঞতার ব্যাপারটিই।
ভেট্টরি মনে করতে পারেন, বাংলাদেশে কোনো এক সফরেই নাকি ম্যাককালাম তাঁকে কেয়ার্নসের প্রসঙ্গে বলেছিলেন। কিন্তু সেটা ২০০৮ নাকি ২০১০, সেটা কিছুতেই মনে করতে পারছেন না তিনি। ব্যাপারটা সত্যিই, নাকি তিনি ইচ্ছা করেই তা করেছিলেন, তদন্ত করে দেখা হচ্ছে সেটাই।
ভেট্টরি অবশ্য উড়িয়ে দিয়েছেন নিজের কোনো অসততার বিষয়টি। উল্টো কেয়ার্নসের ওপরই এখন যত ক্ষোভ তাঁর, ‘এই কেয়ার্নসকে আমি খুব সম্মান করতাম। ক্রিকেটে সে আমার সেরা বন্ধুই ছিল। আমি রীতিমতো তাঁকে গুরু মানতাম। আমি তাই তাঁর স্খলনের কথা শুনে অবাক হয়েছিলাম। প্রচণ্ড রাগও হয়েছিল। পুরো দল মিলে আমরা যে কষ্ট করছি সেটিকে কলঙ্কিত করেছে সে। আর ব্রেন্ডনকে এমন পরিস্থিতিতে ফেলল সে...আমি বিশ্বাস করতে পারছিলাম না।’ সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।