ভেট্টোরির অনন্য অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ভেট্টোরি ছবিঃ এএফপি
ড্যানিয়েল ভেট্টোরি ছবিঃ এএফপি

নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজকের স্মৃতিটা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসেরই অংশ হয়ে থাকবে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য? কক্ষনো না! আজ নেপিয়ারের স্মৃতিটা কিউই ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে ড্যানিয়েল ভেট্টোরির জন্যই। আজ যে তিনি প্রবেশ করলেন ওয়ানডের ৩০০-উইকেট ক্লাবে! একদিনের ক্রিকেটে দ্বাদশ ব্যক্তি হিসেবে ৩০০ উইকেটের মালিক হলেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।

স্পিনারদের মধ্যে এর আগে এই কৃতিত্ব ছিল মাত্র চারজনের। ২৯৮টি উইকেট নিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। আফগান ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলেই নওরোজ মঙ্গলকে ফেরত পাঠিয়ে তিনি ঢুকে যান ইতিহাসে।
প্রথম কিউই হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছেন ভেট্টোরি। এই তালিকায় সবার ওপরে আছেন লঙ্কান স্পিন-জাদুকর মুত্তিয়া মুরালিধরন। তাঁর উইকেট সংখ্যা ৫৩৪টি। মুরালির সবচেয়ে কাছাকাছি অবস্থান ওয়াসিম আকরামের। সর্বকালের সেরা এই বাঁহাতি পেসার মালিক ৫০২ উইকেটের। ৪১৬ উইকেট নিয়ে তৃতীয় অবস্থাটিতেও আরেক পাকিস্তানি—ওয়াকার ইউনুস। ১২তম অবস্থানে থাকা ভেট্টোরির সংগ্রহে এখন মোট উইকেট ৩০২। আর ১৪টি উইকেট হলেই তিনি টপকে যাবেন ১১তম অবস্থানে থাকা ভারতের জাভাগাল শ্রীনাথকে।

সাতানব্বইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের বিপক্ষেই। ২০০৭ সালে নিউজিল্যান্ডের কুইন্সটাউনের মাঠে মাত্র ৭ রান দিয়ে তিনি তুলে নিয়েছিলেন ৫ উইকেট। টেস্টে তাঁর উইকেটসংখ্যা ৩৬২।
শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতেও নিউজিল্যান্ড দলের ভরসা এই অলরাউন্ডার। ৩৬ বছর বয়সী ভেট্টোরি তাঁর শেষ বিশ্বকাপ খেলছেন কি না, সেটা নিশ্চিত না হলেও এবার সামর্থ্যের পুরোটাই ব্যবহার করছেন তিনি। এই পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে যদি তিনি বিশ্বকাপ জেতাতে পারেন, সেটাই হবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।

ওয়ানডেতে ৩০০ উইকেট পাওয়ার​ চেয়েও বড়! সূত্র: এএফপি, ক্রিকইনফো