ভেট্টোরিকে ডাকছে ইতিহাস

নিউজিল্যান্ডের জয়রথ ছুটছেই। ম্যাককালাম-ঝড় উঠছেই। সাউদি-বোল্টের তোপ চলছেই। অনেকেই হয়তো খেয়াল করছেন না, আরেকজন কিন্তু ঠিকই দারুণভাবে করে যাচ্ছেন নিজের কাজ। ৪ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৩.৩৩, সময়ের বিবেচনায় যেটিকে অসাধারণ বললেও কম বলা হয়। চোটজর্জর দীর্ঘ হতাশার প্রহর পেরিয়ে আবারও আপন চেহারায় চিরসবুজ ড্যানিয়েল ভেট্টোরি।
ওয়ানডের আঙিনায় দেড় যুগের পথচলায় আজ দাঁড়িয়ে এমন এক মোড়ে, দুই পা এগোলেই যা তাঁকে নিয়ে যাবে ইতিহাসের ঠিকানায়। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে উইকেট! কাল বাংলাদেশ সময় ভোর ৪টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। মণিমাণিক্যখচিত ক্যারিয়ারে নতুন পালক জুড়তে কাল নেপিয়ারে ভেট্টোরির চাই মাত্র ২ উইকেট।
কয়েক বছর ধরে চোটের সঙ্গে সম্পর্ক এতটা ‘উষ্ণ’ না হলে অবশ্য তিন শ অনেক আগেই হতে পারত ভেট্টোরির। গত বিশ্বকাপের পর থেকে এই বিশ্বকাপের আগ পর্যন্ত চার বছরে খেলেছেন মাত্র ১৪টি ওয়ানডে! একসময় অবশ্য মনে হচ্ছিল ক্রিকেটেই আর ফিরতে পারবেন না। সেদিক থেকে তাই আক্ষেপের পাশে স্বস্তিও আছে। টেস্টে ৪ হাজার রান ও ৪০০ উইকেটের অসাধারণ ডাবল ছোঁয়ার তাড়না অনেকবারই শুনিয়েছেন ভেট্টোরি। স্যার রিচার্ড হ্যাডলির ৪৩৪ উইকেট পেরিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল একটা সময়। হয়নি কোনোটিই। তবে ওয়ানডের মাইলফলকের সামনে দাঁড়িয়েও দারুণ রোমাঞ্চিত ৩৬ বছর বয়সী স্পিনার, ‘টেস্ট রেকর্ডগুলো নিয়েই আমি অনেক অনেক ভেবেছি। চেয়েছি। ওয়ানডে একটু আড়ালেই চাপা পড়েছিল। তবে সত্যি বলতে, এই টুর্নামেন্টে আসার সময় ৩০০ উইকেটের ব্যাপারটি মাথায় এসেছে আমার। পরে দল যেমন দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে, নিজের রেকর্ডের কথা ভুলেই গিয়েছিলাম। এখন ভালো লাগছে। করতে পারলে দারুণ এক অর্জন হবে।’
ওয়ানডেতে ৩০০ উইকেট আছে ১১ জনের। তবে বাঁহাতি স্পিনে শুধুই সনাৎ জয়াসুরিয়ার (৩২৩)। নিউজিল্যান্ডের হয়ে ভেট্টোরি ছাড়া আড়াই শ উইকেটও নেই আর কারও। ২৪০ উইকেট নিয়ে দুইয়ে কাইল মিলস। টেস্টে ভেট্টোরির রান সাড়ে চার হাজার হলেও উইকেট ৩৬২টি। চোটের সাম্প্রতিক ইতিহাস মনে রাখলে ‘ডাবল’ ছোঁয়া আর হবে না বলেই দেওয়া যায়। ওয়ানডের মাইলফলকই তাই আপাতত তৃপ্তির উপলক্ষ। এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।