ভেবে-চিন্তেই এসেছে আকস্মিক ঘোষণা

মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তে অবাক গোটা ক্রিকেট দুনিয়া। বুধবার সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ‘ক্যাপটেন কুল’। পুরো ব্যাপারটাই অনেকের কাছে এসেছে রীতিমতো ধাক্কা হয়ে। এর আগে যে আঁচই করা যায়নি এমন একটা ঘোষণা আসছে। তবে জানা যাচ্ছে, ঘোষণাটা আকস্মিক এলেও ধোনি ভেবে-চিন্তেই নিয়েছেন।
ধোনির খুব কাছের মানুষ বন্ধু অরুণ পাণ্ডে বলেছেন এই সিদ্ধান্তের পেছনে আছে ধোনির অনেক দিনের ভাবনা, ‘এমন সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না।’ ধোনি যে ধরনের মানুষ, তিনি এত বড় সিদ্ধান্ত হুট করে নেবেন না। ধোনির মনে হয়েছে, এটাই সেই সময়। অরুণ বলছেন, ‘সে মনে করেছে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলা শুরু করার এটিই সবচেয়ে উপযুক্ত সময়। অনেক ভেবেই ধোনি এমন সিদ্ধান্ত নিয়েছে।’
অরুণ ধোনির ঘনিষ্ঠ বন্ধুদের একজন। দেখভাল করেন তাঁর বাণিজ্যিক ব্যাপার-স্যাপারগুলো। ভবিষ্যতের কথা ভেবে ধোনি সরে দাঁড়িয়েছেন বলে জানালেন অরুণ, ‘নিজের অধিনায়কত্বকে সে দলের মধ্যে এক ধরনের সমাধানবিহীন সমস্যা মনে করছিল। সমস্যাটা দলের ভবিষ্যৎ-সংক্রান্ত। ভবিষ্যতের কথা ভেবেই সে অধিনায়কত্ব ছাড়ার জন্য এই সময়টাকে উপযুক্ত মনে করেছে। তার কাছে দলের স্বার্থটাই সবচেয়ে বড়।’
কিছুদিন আগেই ধোনিকে সীমিত ওভারের অধিনায়কত্বও বিরাট কোহলিকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। আরও বেশ কজনের কণ্ঠে ছিল এমন সুর। তবে এসব এই সিদ্ধান্তের পেছনে অনুঘটকের কাজ করেনি বলে দাবি ধোনির বন্ধুর, ‘ধোনি এসব মাথায় নেয় না। ভারতের বর্তমান দলের অনেক ক্রিকেটারই ধোনির অধিনায়কত্বের সময়টাতে নিজেদের মেলে ধরেছে। দলের বৃহত্তর স্বার্থেই সে এখন অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা ভেবেছে। বেশির ভাগই এমনটা করবে না। এমনটা খুব বেশি মানুষ করবে বলে মনে হয় না। কিন্তু ধোনি এটি করে দেখিয়েছে। ওর কাছে সব সময়ই দলই সবচেয়ে গুরুত্ব পায়।’ সূত্র: পিটিআই।