ভেবে দেখবেন দ্রাবিড়
টিম ডিরেক্টর হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়ে গেছে বিশ্বকাপ শেষেই। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার নতুন টিম ডিরেক্টর নয়, কোচ করতে চাইছে কাউকে। তো সেটা কে হবেন?
সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি এসেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ের নামটাই। কিন্তু দ্রাবিড় কি রাজি কোচ হতে? সাবেক ভারতীয় ব্যাটসম্যান কিন্তু বলে দিয়েছেন, কোচের দায়িত্ব তিনি তখনই নেবেন, যখন সেই দায়িত্ব পালনের জন্য নিজেকে যোগ্য মনে করবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘উপদেষ্টা কমিটি’ দ্রাবিড়কেই ধোনি-কোহলিদের পরবর্তী কোচ হিসেবে ভাবতে শুরু করেছে বলে খবর। যে কমিটিতে রয়েছেন দ্রাবিড়ের একসময়ের তিন সতীর্থ শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ। তবে দ্রাবিড় আগেই বলে দিলেন, ‘আপনার সামনে কোনো প্রস্তাব এলে আপনাকে অনেক কিছু বিবেচনা করতে হবে। শুধু সময় আছে কি না এটা নয়, আপনি কাজটা করতে সক্ষম কি না—এটাও বিবেচনা করতে হবে।’
৪৩ বছর বয়সী দ্রাবিড় প্রায় এক বছর ধরে ভারতের ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের পরামর্শক হিসেবেও কাজ করছেন। ক্রিকইনফো।