ভোগান্তি শেষে রোমাঞ্চকর ফাইনালের আশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাময়িক ভোগান্তি ভুলে রোমাঞ্চকর ফাইনালের আশায়
সাময়িক ভোগান্তি ভুলে রোমাঞ্চকর ফাইনালের আশায়

টিকিট হাতে হাসিমুখে সেলফি—মাঠে ঢুকেই ফেসবুকে অনেক দর্শক ছবি পোস্ট করেছেন। গ্যালারিতে একটু বসতে না বসতেই মুখের সেই হাসিটা হারিয়ে গেল তাদের। সেখানে হঠাৎ ভর করল শঙ্কা আর আতঙ্কের। কিছুক্ষণ পর শুরু হলো হুড়োহুড়ি, ছোটাছুটি। সন্ধ্যা ৬টার দিকে আচমকা ঝড়-বৃষ্টি-বিদ্যুচ্চমক এলেমেলো করে দিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম!

আতঙ্ক আরও বাড়াল লোডশেডিং। ফ্লাডলাইট ও স্টেডিয়ামের অধিকাংশ বাতি নিভে যাওয়ায় মুহূর্তেই আঁধারে ডুবে গেল চারদিক। ঘুটঘুটে অন্ধকারে হাতছোঁয়া দূরুত্বের কাউকে দেখা পর্যন্ত যায় না। মিরপুরের আলোকিত সন্ধ্যা হঠাৎই রূপ নিল ভূতুড়ে পরিবেশে। বড় পর্দার ফ্রেমের একটা অংশ ভেঙে পড়ল। ঝড়ে বেরিয়ে পড়ল সাইটস্ক্রিনের কঙ্কাল। মাঠে জমল হাঁটু পানি!
গ্রান্ড স্ট্যান্ডের গ্যালারির দর্শকেরা দ্রুত ঠাঁই নিলেন বিসিবি কার্যালয়ের লনে। অন্য গ্যালারির দর্শকেরা কোনো মতে ঠাঁই নিলেন ঢোকা-বের হওয়ার সরু পথে। অল্প জায়গায় হাজার হাজার মানুষের সংকুলান না হওয়ায় অনেকেই কাকভেজা হলেন। সবচেয়ে বেশি ভোগান্তি হলো নারী-শিশুদের। কেউ কেউ স্টেডিয়ামে ঢুকে আবার বেরিয়েও পড়লেন।
প্রায় দেড় ঘণ্টার ঝড়-বৃষ্টির পরই স্বস্তি ফেরে দর্শকদের মধ্যে। প্রায় শূন্য হয়ে যাওয়া গ্যালারি আবার ভরে ওঠে চোখের পলকে। মাশরাফিদের অনুপ্রাণিত করতে আবারও চিৎকার-গর্জনে কেঁপে ওঠে মিরপুর। সাময়িক ভোগান্তি ভুলে রোমাঞ্চকর ফাইনালের আশায় অপেক্ষায় দর্শকেরা।
এরই মধ্যে পাওয়া গেল সুসংবাদ—খেলা শুরু হবে সাড়ে ৯টায়। ২০ ওভারে বদলে ম্যাচ হবে ১৫ ওভারের। প্রতীক্ষার ফাইনালে বাংলাদেশ দারুণ কিছু করতে পারলে সার্থক হবে দর্শকদের এই কষ্ট, ভোগান্তি।