ভোজেসের গলায় বেনো পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্র্যাঙ্ক ওরেল ট্রফির সিরিজ-সেরা হয়ে রিচি বেনো পদক জিতলেন অ্যাডাম ভোজেস
ফ্র্যাঙ্ক ওরেল ট্রফির সিরিজ-সেরা হয়ে রিচি বেনো পদক জিতলেন অ্যাডাম ভোজেস

ফ্রাঙ্ক ওরেলের নাম আগে থেকেই খোদাই করা ছিল এই সিরিজের ট্রফিতে। এবার সিরিজের সঙ্গে যুক্ত হলো রিচি বেনোর নামও। যদিও অন্যভাবে। এখন থেকে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সিরিজ সেরা খেলোয়াড় পাবেন রিচি বেনো পদক। ক্রিকেটের কিংবদন্তিতূল্য এই ব্যক্তিত্বের নামে খোদাই করা পদকটি প্রথম গলায় পরার সৌভাগ্য হলো অ্যাডাম ভোজেসের।
শুধু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ নয়, ক্রিকেট ইতিহাসই ওরেল ও বেনোর কাছে কৃতজ্ঞ। আগের দশকের নানা নেতিবাচক ঘটনায় যখন টেস্ট ক্রিকেটের ভাবমূর্তিই সংকটে, সেই সময় ১৯৬০-৬১ মৌসুমে অস্ট্রেলিয়া সফর করতে এসেছিল ক্যারিবীয়রা। প্রতিদ্বন্দ্বী দুই দলের অধিনায়ক ছিলেন বেনো ও ​ওরেল। একই সঙ্গে ক্রিকেটীয় দ্বৈরথ ও আর প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধার মিশেলে টেস্ট ক্রিকেট নতুন জীবন ফিরে পেয়েছিল সেবার।​ যেটির শুরু হয়েছিল ব্রিসবেন ‘টাই’ টেস্ট দিয়ে। মাঠে মানুষের ঢল নেমেছিল। শেষ পর্যন্ত সিরিজটি ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলেও জিতে নিয়েছিল অস্ট্রেলীয়দের মন। দেশে ফেরার সময় ওয়েস্ট ইন্ডিজ দলকে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ রীতিমতো সংবর্ধনা দিয়ে বিদায় জানিয়েছিল।
গত বছর পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়া ক্রিকেটের সবচেয়ে পরিচিত কণ্ঠস্বরের নামে সিডনি টেস্টের একটি দিন উৎসর্গ করার দাবি জানিয়েছিলেন বেনোর ভক্তরা। এই দাবি নিয়ে সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বেনোর সাজে গ্যালারিতে হাজির হয়েছিলেন ৫০১ জন দর্শকও। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এর চেয়েও বড় কিছুর পরিকল্পনাই করে রেখেছিল। আজ জানিয়ে দেওয়া হলো, এখন থেকে ফ্রাঙ্ক ওরেল ট্রফির সিরিজ-সেরাকে দেওয়া হবে রিচি বেনো পদক।
বেনোর ভক্তরা এই খবরে খুশি। তবে আনন্দের চেয়ে আবেগই বেশি ছুঁয়ে যাচ্ছে বেনো পরিবারকে। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন বেনোর স্ত্রী ডাফনে। তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক আর ফ্রাঙ্ক ওরেলের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব রিচির কাছে ছিল অনেক বড় একটা ব্যাপার। এটা তাই অসাধারণ একটা সম্মানের। আমরা উচ্ছ্বসিত, এখন থেকে আজীবন এই দুই দলের সিরিজে তাঁর নামও জড়িয়ে থাকবে।’
জড়িয়ে থাকত এমনিতেই। তবে ক্রিকেটের গ্রন্থকীটেরা ছাড়া হয়তো বেশি জনের কাছে পৌঁছাত না কীভাবে দুই প্রতিপক্ষ অধিনায়ক মাঠে লড়াই করতে নেমেও হাতে হাত মিলিয়ে নতুন জীবন দিয়েছিলেন ক্রিকেটকে। ক্রিকেটের পুনর্জন্মের গল্পটাও সাধারণ মানুষের কাছে পৌঁছে গেল এই উদ্যোগে।