ভোটাভুটি হলে 'না' বলবে বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনব্যাপী প্রধান নির্বাহীদের সভা শুরু হয়ে গেছে গতকাল। এডিনবরায় আজ শেষ হতে যাওয়া সে সভা হয়ে দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের প্রস্তাবটি যাবে শনিবার অনুষ্ঠেয় আইসিসির নির্বাহী পরিষদের সভায়। সেখানেই সিদ্ধান্ত হওয়ার কথা ২০১৯ সাল থেকে টেস্ট ক্রিকেট আসলেই দুই স্তরের হয়ে যাবে, নাকি আপাতত স্থগিত থাকবে বিষয়টি।
এখন পর্যন্ত দ্বিতীয় সম্ভাবনাটাই বেশি জোরালো বলে জানা গেছে। তারপরও আইসিসির প্রস্তাবের জবাবে বিসিবির অবস্থান গত পরশু অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন সহসভাপতি মাহবুবুল আনাম। জানিয়ে দিয়েছেন, বিসিবি দ্বিস্তরবিশিষ্ট টেস্টের ধারণা সমর্থন করে না। কাল আরও নির্দিষ্টভাবে জানা গেল, আইসিসির সভায় বিসিবি এর নেতিবাচক দিকগুলোই তুলে ধরবে বেশি করে। কী কী কারণে বাংলাদেশ দুই স্তরের টেস্ট ক্রিকেট সমর্থন করে না, ব্যাখ্যা করা হবে সেসবও। এরপরও যদি এই সভাতেই বিষয়টি চূড়ান্ত ভোটাভুটি পর্যন্ত চলে যায়, বিসিবি তখনো ‘না’ ভোটই দেবে। ‘এ রকমও পরিস্থিতি হতে পারে যে বেশির ভাগ সদস্যদেশই এর পক্ষে থাকল। তারপরও বিসিবি “না” ভোট দেবে। আমরা অন্তত আইসিসির রেকর্ডে রাখতে চাই যে, বিসিবি এর বিপক্ষে ছিল’—নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা কাল মুঠোফোনে জানালেন এ কথা।
দ্বিস্তরবিশিষ্ট টেস্টের কাঠামো বাস্তবায়িত হলে ২০১৯ থেকে অন্তত দুই বছর বাংলাদেশ বড় দলগুলোর সঙ্গে টেস্ট খেলার সুযোগ পাবে না। তবে দ্বিতীয় স্তরের চারটি দলের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দুই বছরে টেস্ট খেলবে মোট আটটি। এই দুই বছরের মেয়াদ যদি বাংলাদেশ দল দ্বিতীয় স্তরের শীর্ষে থেকে শেষ করতে পারে, তাহলে উঠে যাবে প্রথম স্তরে। তখন প্রথম স্তরের দলগুলোর বিপক্ষেও পরের দুই বছর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে নিশ্চিত টেস্ট খেলার সুযোগ পাওয়া যাবে। এ ছাড়া কাঠামোয় টেলিভিশন সম্প্রচার-স্বত্বের আয়ের ভাগাভাগির যে নিয়ম প্রস্তাব করা হয়েছে, অঙ্কের হিসাবে সেখানেও বিসিবির আয় বাড়বে বলেই দেখানো হয়েছে।
তবে সূত্র জানিয়েছে, আইসিসির দেখানো সম্ভাবনাগুলোর কোনোটাতেই আস্থা রাখতে পারছে না বিসিবি। দ্বিতীয় স্তরে নেমে গেলে বাংলাদেশ দলের বাজারমূল্য (ব্র্যান্ড ভ্যালু) থেকে শুরু করে দেশের মধ্যে টেলিভিশন সম্প্রচার-স্বত্বসহ অন্যান্য স্পনসরশিপেও লাগবে ভাটার টান। আইসিসির দেখানো লাভজনক সমীকরণ সেসব ঘাটতি কতটা দূর করবে বা এই সমীকরণ আদৌ কাজ করবে কি না, তা নিয়েও সন্দেহ বিসিবির। দ্বিস্তর টেস্টের ধারণা তাই আশাবাদী করার চেয়ে তাদের শঙ্কিতই করে তুলছে বেশি।
সবচেয়ে বড় ভয়, বাংলাদেশ দ্বিতীয় স্তরের টেস্ট দল হয়ে গেলে ধাক্কা লাগতে পারে দেশের ক্রিকেট মানসিকতাতেও। ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ের পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন, টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০০ সালে টেস্ট অভিষেক এবং অনেক চড়াই-উতরাই পেরিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে সমীহ করার মতো দলে পরিণত হওয়া—টেস্টের মূল স্রোতে না থাকলে এসব অর্জনের কোনোটারই মূল্য থাকবে না। সবই আবার নতুন করে শুরু করতে হবে।
বাংলাদেশের মানুষের আর্থসামাজিক জীবনে ক্রিকেটের সম্পৃক্ততাও কমতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। খেলাটা নিয়ে দেশের মানুষের মধ্যে থাকা উৎসাহ-উদ্দীপনা, ক্রিকেটকে কেন্দ্র করে সবার এক হয়ে যাওয়া বা মাশরাফি-সাকিব-তামিমদের দিকে তাকিয়ে তরুণ প্রজন্মের ক্রিকেটার হওয়ার স্বপ্ন—নেতিবাচক প্রভাব পড়তে পারে সবকিছুতেই। এমনকি সরকার এখন ক্রিকেট নিয়ে যে রকম আগ্রহী, ক্রিকেটের সবকিছুতেই যে সমর্থন সরকারের শীর্ষ পর্যায় থেকে পাওয়া যায়, সেটাও তখন এতটা থাকবে না বলে আশঙ্কা বিসিবির।
সবচেয়ে বাজে প্রভাবটা পড়তে পারে খেলোয়াড়দের মধ্যে। খেলার সংখ্যা বাড়লেও বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ না পেলে ক্রিকেটারদের উৎসাহে ভাটা পড়াটা স্বাভাবিক। আরও ভয়ংকর হলো, যদি বাংলাদেশ দুই বছরের চক্র শেষেও প্রথম স্তরে উঠতে না পারে, তাহলে হয়তো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে টেস্ট খেলার অনুভূতি না জেনেই হারিয়ে যাবে ক্রিকেটারদের একটা প্রজন্ম।
দ্বিস্তরবিশিষ্ট টেস্টের প্রশ্নে বাংলাদেশ তাই এখন চেষ্টা করছে ‘না’ বলার শক্তিটাকে আরও বাড়াতে। সূত্র জানিয়েছে, এডিনবরায় এর মধ্যেই দু-একটি বড় বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন বিসিবির কর্মকর্তারা। সেটা তাঁদের এমনও আশাবাদী করছে যে, আইসিসির এবারের সভায় হয়তো এ নিয়ে কোনো সিদ্ধান্তই হবে না।