
লাঞ্চের আর ৩ ওভার বাকি। ওয়েস্ট ইন্ডিয়ান বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বলটা সুইপ করতে গেলেন শন মার্শ। মিড উইকেটে দাঁড়ানো ড্যারেন ব্রাভোর ডান কিংবা বাঁ দিক দিয়ে বলটা বেরিয়ে গেলেই বাউন্ডারি হতো। আর তাতেই রেকর্ড বই থেকে ডন ব্র্যাডম্যান ও বিল পন্সফোর্ডের নাম সরিয়ে দিয়ে সামনে চলে আসতেন মার্শ-অ্যাডাম ভোজেস জুটি। কিন্তু হলো না। বল সোজা উড়ে গেল ব্রাভোর হাতে। মার্শ থামলেন ১৮২ রানে, মার্শ-ভোজেসের জুটিটা থেমে গেল ৪৪৯ রানে!
১৯৩৪ সালে ব্র্যাডম্যান-পন্সফোর্ডের গড়া টেস্টে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জুটির (৪৫১ রান) রেকর্ডটা ভাঙতে পারলেন না, কিন্তু মার্শ-ভোজেসের ৪৪৯ রানের জুটিটাও রেকর্ড বইয়ের পাতায় অনেক ওলট-পালট আনল। টেস্ট ক্রিকেটে চতুর্থ উইকেটে এটাই সবচেয়ে বড় রানের জুটি, আগের সর্বোচ্চ ছিল মাহেলা জয়াবর্ধনে-থিলান সামারাবীরার ৪৩৭ (২০০৯ সালে করাচিতে, পাকিস্তানের বিপক্ষে)। অস্ট্রেলিয়ার মাটিতেও এটাই যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি, এখানে কিন্তু ভোজেস-মার্শ ঠিকই পেছনে ফেলেছেন ব্র্যাডম্যানকে। ১৯৪৬ সালে অ্যাশেজে সিডনিতে ৪০৫ রানের জুটিতে ব্র্যাডম্যানের সঙ্গী ছিলেন সিডনি বার্নস। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর চেয়ে বড় জুটি আর হয়নি! সব মিলিয়েই অস্ট্রেলিয়ার হয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ।
এ তো গেল ভোজেস-মার্শ জুটির নানা রেকর্ডের কথা। হোবার্টে কাল ব্যক্তিগত অর্জনেও অনেক কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন ভোজেস। মার্শের সঙ্গে জুটিটা যখন ভাঙে, ততক্ষণে ২৫০ পেরিয়ে গেছেন ভোজেস। পরে লাঞ্চ বিরতিতে ৪ উইকেটে ৫৮৩ রানে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে দেওয়ার সময় তিনি অপরাজিত ছিলেন ২৬৯ রানে। ট্রিপল সেঞ্চুরি হলো না বলে একটা আক্ষেপ থাকতে পারে। তবে ২৮৫ বলে ২৬৯ রানের ঝোড়ো ইনিংস দিয়ে এমন একটা রেকর্ডে নাম লিখিয়েছেন ভোজেস, যেখানে তাঁর সামনে শুধুই বীরেন্দর শেবাগ। হোবার্টের এই ইনিংসটায় ভোজেসের স্ট্রাইক রেট ছিল ৯৪.৩৮! টেস্টে ২৫০ ছাড়ানো ব্যক্তিগত ইনিংসগুলোর মধ্যে স্ট্রাইক রেটে যা চতুর্থ দ্রুততম। তাঁর আগে শুধু শেবাগ। ১১৫.৩৫, ১০৪.৯৩ ও ১০২.৮৩ স্ট্রাইক রেট নিয়ে এ তালিকার প্রথম তিনটি ইনিংসের মালিকই সাবেক ভারতীয় ওপেনার!
মাস খানেক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে ২৮৬ বলে ২৫৩ রান করে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু হোবার্টে ভোজেস-ঝড় ২৭ দিন পরেই অস্ট্রেলিয়ান ওপেনারকে নামিয়ে দিল পাঁচে!
ভোজেসের এমন রেকর্ডময় দিনে যথারীতি অব্যাহত ছিল ওয়েস্ট ইন্ডিজের ভোগান্তি। শুধু বল হাতে নয়, পরে ব্যাট হাতেও। ব্যাটিংয়ে নেমে ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ৯১ রান তুলে সেখান থেকে ক্যারিবীয়দের টেনে তোলেন ড্যারেন ব্রাভো ও কেমার রোচ। ৬ উইকেটে ২০৭ রানে দিন শেষ করেছে উইন্ডিজ, ব্রাভো আছেন সেঞ্চুরি থেকে ৬ রান দূরে। কিন্তু ফলোঅন এড়ানোর জন্যই করতে হবে আরও ১৭৭ রান! ক্রিকইনফো।

ভোজেস–মার্শের
৪৪৯
- চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রান
- অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ জুটি
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ
- অস্ট্রেলিয়ার পক্ষে টেস্টে ২য় সর্বোচ্চ
- ষষ্ঠ সর্বোচ্চ টেস্ট জুটি