ভয় কী নামিবিয়ার হুংকারে!

সরাসরি কেউ কিছু বললেন না। কূটনৈতিক উত্তরেই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা। তবু মনের কথা কি গোপন রাখা যায়? ঠারেঠোরে যা বলা হলো, তাতেই পরিষ্কার কোয়ার্টার ফাইনালে দুই দলই প্রতিপক্ষ হিসেবে চাইছে নেপালকে।
কাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বেশ আগেই একাডেমির দ্বিতীয় মাঠে অনুশীলনে এল নামিবিয়া। চলল তাদের লম্বা অনুশীলন পর্ব। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে পরশু বিদায় করে দেওয়া নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের উত্তুঙ্গ আত্মবিশ্বাস বলছে, এবার বাংলাদেশকেও কাঁপিয়ে দিতে চায় তারা!
নামিবিয়া কোচ রাঙ্গারিরাই মানিয়ান্ডে স্কটল্যান্ডকে হারিয়েই হুংকার দিয়ে রেখেছিলেন, তাঁর দল গ্রুপের অন্য দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকেও হারিয়ে দিতে পারে। প্রোটিয়া যুবাদের পরাজয়ে সেটি ‘অর্ধেক সত্য’। বাংলাদেশ কি বাকিটা সত্যি হতে দেবে?
যুব বিশ্বকাপে একই সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও নামিবিয়ার। আজ দুই দলের ম্যাচে যারা জিতবে, তারাই গ্রুপ চ্যাম্পিয়ন। আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ নেপালকে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের চেয়ে নেপাল নিশ্চয়ই কাঙ্ক্ষিত প্রতিপক্ষ।
বাংলাদেশ শেষ আটেই ভারতের মুখোমুখি হতে চায় না বলেই নামিবিয়ার বিপক্ষে জিততে চায়। তবে নামিবিয়া যে সহজ প্রতিপক্ষ নয়, সেটি মেহেদী হাসান মিরাজ জানেন। স্কটল্যান্ডকে হারিয়েই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বলেছিলেন, ‘নামিবিয়ার বিপক্ষে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে। কারণ, এটা জিতলে কোয়ার্টার ফাইনাল কিছুটা সহজ হয়ে যাবে। জিতলে নেপালকে পাব। আর হারলে ভারত। ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
অবশ্য কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশ যুবদলের কোচ তেমন কিছু ভাবছেন না। লক্ষ্য যদি হয় এভারেস্ট ডিঙানো, তবে পা হড়কানোর ভয় কেন? কোচ মিজানুর রহমান তাই বললেন, ‘আমাদের লক্ষ্য অনেক বড়। সেই লক্ষ্য পূরণ করতে হলে সবার সঙ্গেই খেলতে হবে। যে দল সামনে আসে, খেলতে হবে। ওভাবে পছন্দে নেই যে এই দল পেলে ভালো হয়।’
যেহেতু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত, চাইলে এই ম্যাচে বাংলাদেশ একটু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতেই পারে। তবে মিজানুর কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে চান না। কেননা, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে একটি বার্তা দিয়ে রেখেছে নামিবিয়া। যুবাদের কোচ তাই জানালেন, আজ সম্ভাব্য সেরা একাদশই খেলবে নামিবিয়ার বিপক্ষে, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয় আছে। ফলে এখানে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ কম। ম্যাচে সেরা একাদশই খেলবে।’
মাঠে নামার আগে স্কটল্যান্ড জানিয়েছিল বাংলাদেশই ফেবারিট। নামিবিয়া সেটি মনে করে না! নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের কোচ মানিয়ান্ডে গ্রুপ চ্যাম্পিয়ন দেখতে চান তাঁর দলকেই। বাংলাদেশকে ফেবারিট মানতে রাজি নন তিনি, ‘এই ম্যাচে কেউ ফেবারিট নয়। এই মুহূর্তে আমাদের রানরেট অনেক ভালো। বাংলাদেশ অবশ্য টেস্ট খেলুড়ে দেশ। আমরা সহযোগী। তবে কাল (আজ) কেউ ফেবারিট নয়। দুই দলই সমান।’
নামিবিয়ার ‘হুংকার’ শুনে ক্রিকেটের আপ্তবাক্যটাই বললেন মিজানুর, দল ছোট-বড় যা-ই হোক, সবাই জিততেই মাঠে নামে। তবে বাংলাদেশ যুব দলের কোচ নরম সুরেই জানিয়ে রাখলেন চাওয়াটা, ‘আমরাও জয়ের লক্ষ্যেই খেলব। সেভাবেই পরিকল্পনা আছে। ছেলেরা ছন্দে আছে। ইনশা আল্লাহ, কালও (আজ) ভালো খেলবে।’