পাকিস্তান সফর নিয়ে মোটেও ভীত নন জনক গামাগি। ভীত হওয়ার কথাও নয়। শ্রীলঙ্কার মানুষ, যুদ্ধ-বিগ্রহ আর বোমাবাজি দেখেই যে বড় হয়েছেন! কাল বিসিবি কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে মহিলা ক্রিকেট দলের কোচ বলছিলেন, ‘মাঠ থেকে বের হয়ে রাস্তা পার হতে পারব কি না, সে নিশ্চয়তাও ছিল না শ্রীলঙ্কায়। সামনের বাসটিতেই হয়তো কেউ আত্মঘাতী বোমা নিয়ে বসে আছে।’
ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই গামাগির মন থেকে ভয়-ডর দূর করে দিয়েছে। আর বাংলাদেশের মেয়ে ক্রিকেটারদের মন থেকে সেটা দূর করার দায়িত্ব নিয়েছে বিসিবি। পাকিস্তান সফরের আলোচনাটা যখন শুরু হলো, তখন ক্রিকেটারদের অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। পাকিস্তান যাওয়া নিয়ে জানিয়েছিলেন নিজেদের ভীতির কথা। এখন সেটা নেই বললেই চলে। ক্রিকেটারদের কেউ সিরিজ নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি না হলেও দল সূত্রের তথ্য, সবাই এখন সফরটা করতে চাচ্ছে। খেলাটাই তাদের কাছে বড়।
ক্রিকেটারদের কেউ সিরিজ নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি না হলেও দল সূত্রের তথ্য, সবাই এখন সফরটা করতে চাচ্ছে। খেলাটাই তাদের কাছে বড়
লাহোর-করাচি ঘুরে এসে বিসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দলের দেওয়া ইতিবাচক প্রতিবেদন এর একটা কারণ হতে পারে। তবে সবচেয়ে বড় কারণ বোধ হয় বিসিবি থেকে পাওয়া সাহস। মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল জানালেন, ‘নিরাপত্তার ব্যাপারে আমরা মেয়েদের দুবার ব্রিফ করেছি। ওখানে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা থাকবে, সেটাও বুঝিয়ে বলা হয়েছে। আমার জানামতে পাকিস্তানে খেলতে যেতে কারও আপত্তি নেই।’ তারপরও যদি কেউ পাকিস্তানে যেতে অনিচ্ছুক থাকেন, তিনি চাইলে না-ও যেতে পারেন।
পাকিস্তানে মেয়েদের দুই ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজটি হবে লাহোর-করাচি মিলিয়ে। করাচিতে খেলা হবে পাকিস্তান সেনা কর্মকর্তাদের একটি আবাসিক এলাকার মাঠে। ক্রিকেটারদের থাকার ব্যবস্থাও সেখানেই। লাহোরের ভেন্যু গাদ্দাফি স্টেডিয়াম। খেলোয়াড়েরা থাকবেন পাশের একাডেমির আবাসিক ভবনে। সফরের ব্যাপারে আজকালের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে বিসিবি সূত্রে।