ভয় জিনিসটা ওর নেই
>

তামিমের অভিষেকের আগেই অকালে শেষ হয়ে গেছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। কীর্তিমান ছোটভাইকে নিয়ে লিখেছেন নাফিস ইকবাল
অনেকেরই নিশ্চয়ই মনে আছে কথাটা। টেস্টে সেঞ্চুরি করার পর একবার আমি বলেছিলাম, ‘আমার চেয়েও ভালো ব্যাটিং করে আমার ছোট ভাই। ও আসছে...।’
তামিম তখন মাত্র অনূর্ধ্ব-১৭ ক্রিকেট খেলে। কথাটা তাই অনেকে বিশ্বাস করেননি, অনেকে হেসেছেন। কিন্তু আমার কথা ঠিকই সত্যি প্রমাণিত হয়েছে। তামিম আমার চেয়ে ভালো ব্যাটসম্যান তো বটেই, আমার চোখে এখন সে বিশ্বমানেরই একজন ক্রিকেটার।
ব্যাটসম্যান হিসেবে তামিমকে সব সময়ই আমি আমার চেয়ে ওপরে রেখেছি। খেলাটা নিয়ে ও ভাবে ভালো, খেলে ভালো। তবে এটা মানতেই হচ্ছে, তামিম আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আমি যেমন কখনো ভাবিনি, বাংলাদেশের ক্রিকেট এত দ্রুত এই পর্যায়ে আসবে। তেমনি এটাও ভাবিনি, তামিম এত দ্রুত এতটা উন্নতি করবে।
আমি শুধু ভেবেছি, ও একদিন বাংলাদেশ দলে খেলবে। একজন ভালো ব্যাটসম্যান হবে। কোনো একসময় তিন সংস্করণের ক্রিকেটেই সে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক থাকবে, এটা আসলেই চিন্তায়ই আসেনি। বাংলাদেশের সব প্রতিপক্ষই এখন তামিমকে নিয়ে চিন্তা করে, আলাদা পরিকল্পনা আঁটে। আমাদের সময়ে বা আমাদের আগে যাঁরা খেলে গেছেন, তাঁরা কেউ কখনো এই পর্যায়ে যাওয়ার কথা কল্পনা করিনি।
ব্যাটসম্যান তামিমের যেটা আমার সবচেয়ে পছন্দ, ও সবার কথা শোনে। সব কোচের কথা শোনে। কিন্তু শেষ পর্যন্ত নিজে যা ভালো মনে করে, তাই করে। এটাই ওর সবচেয়ে বড় শক্তির জায়গা। অনেক কোচের সঙ্গে ওকে কাজ করতে হয়েছে। এমন কোচও তামিম পেয়েছে, যাঁর কথামতো ব্যাটিং না করলে সমস্যা হতে পারত, কোচের অপছন্দের তালিকায় চলে যেতে পারত, তবু সে নিজের খেলা থেকে সরেনি।
বলতে পারেন, ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতের বিপক্ষে যে ব্যাটিংটা করেছিল, সেটি তো এখন তামিম করে না! কথাটা ঠিক। তবে করে না মানেই এই নয় যে, সে তা করতে পারে না। পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে ও কিছু শট খেলা ইচ্ছে করেই বাদ দিয়েছে। আসলে ওর হাতে এত বেশি শট আছে যে, আরও দু-একটা বাদ দিলেও সমস্যা নেই।
আর একটা ব্যাপার—মানসিকভাবে তামিম কিন্তু দারুণ শক্ত। ওর কখন খারাপ সময় যায়, আমরা তা বুঝি না। ভেতরের খারাপ লাগাটা বাইরে আনে না। এ কারণেই হয়তো সে খুব তাড়াতাড়ি খারাপ অবস্থা থেকে ফিরে আসতে পারে।
একটা জায়গায় তামিমকে নিয়ে আমার অতৃপ্তিও আছে। ও যে মানের ব্যাটসম্যান, তাতে নামের পাশে আরও আট-দশটা সেঞ্চুরি বেশি থাকতে পারত। অনেকবারই ৮০-৯০-এর ঘরে আউট হয়েছে। ৫০-এর পর হিসাব করলে তো উদাহরণ অনেকই আছে। আমি তামিমের মানের ওপর আস্থা রাখি বলেই বলছি, ওয়ানডেতে ওর সেঞ্চুরি আরও বেশি থাকা উচিত ছিল। ঘাটতিটা পুষিয়ে নেওয়ার সময় অবশ্য এখনো আছে। বয়স তো মাত্র ২৮! ফিফটি করে আউট হয়ে যাওয়ার প্রবণতা কাটিয়ে উঠতে পারলে ও আরও বড় ব্যাটসম্যান হয়ে উঠবে। আমি নিশ্চিত, তামিমও এ নিয়ে ভাবে।
ক্রিকেট নিয়ে আমাদের এখন কমই কথা হয়। কিন্তু একটা সময় ক্রিকেটই ছিল আলোচনার বিষয়। একসঙ্গে জুটিও বেঁধেছি বহুবার। তামিমের সঙ্গে ব্যাটিং করার অভিজ্ঞতা এককথায় অসাধারণ। অপর প্রান্তে তামিম থাকলে আমার চাপ একদমই কমে যেত। স্ট্রাইক রেটের চিন্তা করতে হতো না, রানরেটেরও চিন্তা থাকত না। সবচেয়ে বড় কথা, ও পার্টনারকে খুব সুন্দর বুঝিয়ে খেলতে পারে। তামিম যে রকম সমর্থন দিয়ে খেলে, উইকেটে যে কারও সঙ্গে তার ভালো বোঝাপড়া হবে।
অপর প্রান্তে দাঁড়িয়ে যখন দেখবেন আপনার সঙ্গী সব বোলারকে তুলাধোনা করছে, অনেক নির্ভার লাগবে। ওর ব্যাটিং সে রকমই। ভয় জিনিসটা ওর কখনোই ছিল না। নেমেই মেরে খেলার প্রবণতাও ছোটবেলা থেকে। যদি ছক্কার বল হয়, প্রথম বলেই ও ছক্কা মারতে যাবে। সেই আক্রমণাত্মক মানসিকতা আছে এখনো। জানি না এই জিনিসটা তামিম কোত্থেকে পেয়েছে বা কে ছিল তার আদর্শ। হতে পারে শ্রীলঙ্কার রমেশ কালুভিতারানা। টেনিস বলে খেলার সময় ও কালুভিতারানাকে খুব অনুসরণ করার চেষ্টা করত।
সেই তামিম এখন নিজেই অনুসরণযোগ্য একজন ক্রিকেটার। যার খেলা দেখে আমারও মাঝে মাঝে মনে হয়, নতুন করে খেলা শুরু করব নাকি!