ভয় দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে গোনায় ধরছেন না কেউ। সর্বোচ্চ ডার্ক হর্স বলার সাহস দেখাচ্ছেন কেউ। কিন্তু বিগ হিটারে ভর্তি একটি দল নিজেদের দিনে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে সেটা টের পেল নিউজিল্যান্ড। পুরো পঞ্চাশ ওভার খেলতে না পারা উইন্ডিজ দল ৪২১ রান তুলেছে আজ।
প্রস্তুতি ম্যাচ বলে ওয়েস্ট ইন্ডিজের রান বন্যাকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ, সেরা বোলিং লাইন আপ নিয়েই নেমেছিল নিউজিল্যান্ড। সে বোলিং লাইনআপই দুমরে মুচড়ে গেল আজ উইন্ডিজ ঝড়ের সামনে।
ওয়েস্ট ইন্ডিজ আর ঝড় বললেই ইদানীং দুটি নাম মাথায় আসে। ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। তা, আজ এ দুজন খারাপ করেননি। চার ছক্কা মেরেছেন দুজনই। কিন্তু রানবন্যার মাঝে এ দুজনের অবদান ৯০ রান, এ তথ্য প্রমাণ করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলটা কেন এত ভয়ংকর।
ভারতকে নাকানিচুবানি খাইয়েছিলেন ট্রেন্ট বোল্ট। সে সাফল্যে আত্মবিশ্বাসী হয়ে নেমেছিলেন আজ। নিজের প্রথম ওভারে গেইলকে বাউন্সার দিয়ে ও টানা দুই বল মিস করিয়ে বেশ ভালো শুরুই করেছিলেন বোল্ট। কিন্তু পরের ওভারেই ম্যাট হেনরিকে দিনের বাকি সময়টা কেমন হবে, সেটা জানিয়ে দিয়েছেন গেইল। দুই চার ও দুই ছয় মেরে জড়তা কাটালেন গেইল। ৩ ওভারে ৪০ রান দিয়ে হেনরি বোলিং আক্রমণ থেকে সরে গেলেও বোল্ট ঠিকই নিজের জায়গা ধরে রাখলেন।
সপ্তম ওভারেই গেইলকে ফেরালেন বোল্ট। ২২ বলে ৩৬ করে ফিরলেন গেইল। কিন্তু গেইলকে ফিরিয়ে যেন উল্টো বিপদ ডেকে আনলেন বোল্ট। আগের ৪ ওভারে ১২ রান দেওয়া বোল্টের পঞ্চম ওভারে এল ১৯ রান। সদ্য নামা হোপই টানা তিন বলে মারলেন দুই ছয় ও এক চার। প্রথম পাওয়ার প্লেতে ৯১ রান তুলে থামল ওয়েস্ট ইন্ডিজ।
এর পর ইনিংস এগিয়েছে, কিন্তু গল্প পরিবর্তন হয়নি। এভিন লুইস পঞ্চাশ ছুঁয়ে বিদায় নিয়েছেন, ড্যারেন ব্রাভো কিংবা শিমরন হেটমেয়াররাও বেশিক্ষণ টেকেননি। কিন্তু দ্রুত তালে দুই প্রান্তেই রান তোলার কাজটা নিশ্চিত করেছেন শাই হোপ। ফলে ৩০ ওভারেই ২৩০ ছুঁয়ে ফেলতে অসুবিধা হয়নি তাদের। ৮৬ বলে শাই হোপ ফিরেছেন ৩৬ ওভারে। তবু ৪০ ওভারেই ৩০০ হয়ে গেছে উইন্ডিজের।
এরপরই শুরু হয়েছে আন্দ্রে রাসেলের ঝড়। ৭ চার ও ৩ ছক্কায় ২৩ বলেই ফিফটি পেরিয়েছেন রাসেল। পর পর দুই ওভারে হোল্ডার (৪৭) ও রাসেলের(৫৪) বিদায়ের পর মনে হয়েছিল রান বৃষ্টি থামবে। কিন্তু অ্যাশলি নার্স ও ব্রাফেটরা আরও ৪২ রান এনে দিয়েছেন। শেষ ওভারের দ্বিতীয় বলে রোচকে নিজের বলে ক্যাচ দিতে বাধ্য করে ঝড়ের শেষ দেখেছেন ওই বোল্টই। এমন ঝড়ের মাঝেও ৯ ওভারে মাত্র ৫০ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন বোল্ট। ওদিকে ৯ ওভারেই ১০৭ রান দিয়েছেন ম্যাট হেনরি।