ভয় পেয়েছিল অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার হাতের নখ আর একটাও বাকি নেই!’

না, স্টিভ স্মিথ নেইল-কাটার ব্যবহার করেননি। ক্রিকেট মাঠে সেটা করা যায়ও না। অস্ট্রেলিয়া অধিনায়কের হাতের নখ সব হাওয়া হয়ে গেছে ম্যাচের উত্তেজনায়, দাঁত দিয়ে নখ কামড়ে। একটু হলেই যে চতুর্থ ইনিংসে ৪৯০ রান তাড়া করার অবিশ্বাস্য গল্প লিখে ব্রিসবেন টেস্টটা জিতে যাচ্ছিল পাকিস্তান!

শেষ পর্যন্ত তা হয়নি। পঞ্চম দিনের প্রথম সেশনেই সিরিজের প্রথম টেস্টটা স্মিথরা জিতে নিয়েছেন ৩৯ রানে। তবে তার আগে টেস্ট ক্রিকেট তার সব রূপ-রস নিয়ে যেভাবে হাজির হলো, সেটিই এই টেস্টকে স্মরণীয় করে রাখবে অনেক দিন। কে বলে, টেস্ট ক্রিকেট মরে গেছে!

৬০০-১! বেটিং প্রতিষ্ঠান বেটফেয়ার এক্সচেঞ্জে এটিই ছিল পাকিস্তানের জয়ের পক্ষে বাজির দর। তা বাজিটা কেউ জিততে পারেননি। কিন্তু মিসবাহ-উল-হকের দল স্বপ্ন দেখিয়েছিল, সেটিকে বিশ্বাসে রূপ দিচ্ছিলেন আসাদ শফিক। কাল পঞ্চম দিনের ২১ ওভার পর্যন্তও আশাটা টিকে ছিল ভালোভাবে। মিচেল স্টার্কের হঠাৎ লাফিয়ে ওঠা বলটা শফিকের ব্যাটের হাতলের ওপরের দিকে না লাগলে...কে জানে, হয়তো রূপকথাটা হয়েই যেত।

তার আগ পর্যন্ত জয়ের বাতিঘরটা চোখের সামনেই যেন দেখছিলেন শফিক, ‘ওরা (লেজের দিকের ব্যাটসম্যানেরা) অনেক সাহসী ব্যাটিং করেছে। আজ (কাল) শক্তিও বাঁচিয়ে রেখেছিলাম, কারণ ম্যাচ জয়ের জন্য ঝাঁপাতে হতো। সেটিই ছিল আমাদের লক্ষ্য—ম্যাচ জেতা।’

 পাকিস্তান দ্বিতীয় ইনিংসে যে এত দূর এসেছে, এর পেছনে স্মিথের রক্ষণাত্মক অধিনায়কত্বের দায়ও দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কেরা। মার্ক টেলর আগের দিন সমালোচনা করেছিলেন, কাল দিনের শুরুতেই মাইকেল ক্লার্কও সমালোচক, ‘ঠিক আছে, শফিক ১০০ রানে অপরাজিত, কিন্তু নতুন দিনে ইনিংসটা নতুন করেই শুরু করতে হয়। অথচ স্লিপে মাত্র একজন, বাউন্ডারিতে এত বেশি ফিল্ডার...স্মিথ রান বাঁচানো নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন।’

অস্ট্রেলিয়া আত্মবিশ্লেষণে মগ্ন, পাকিস্তান মজে আছে শফিকে। টেস্ট অভিষেকের আগে কখনো ছয়ে ব্যাট করেননি, অথচ আন্তর্জাতিক মঞ্চে এসে সেটিকেই যেন ‘আপন’ করে নিয়েছেন। ছয় নম্বরে স্যার গ্যারি সোবার্সের আট সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিয়েছেন। ক্রিকইনফো, এএফপি।