ভয়-ডরহীন সাব্বির

বিশ্বকাপে আপনার লক্ষ্য কী? কিংবা স্বপ্ন? রুটিন প্রশ্নগুলো ধেয়ে গিয়েছিল তাঁর দিকেও। কিন্তু তিনি যেন নিরুত্তাপ। ‘কোনো লক্ষ্য নেই’, ‘কোনো স্বপ্ন নেই’-সাদামাটা উত্তর। একজন খেলোয়াড় বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন অথচ তাঁর লক্ষ্য-স্বপ্ন থাকবে না! অবশ্যই থাকবে। তবে সাব্বির রহমান সেটি মুখে জানাতে চাননি। বিশ্বকাপের আগে কেবল জানিয়ে গিয়েছিলেন, ‘দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করব।’
যা বলেছেন, তা-ই করেছেন। দলের প্রয়োজন অনুযায়ী বেশির ভাগ সময়ে নেমেছেন সাত নম্বরে, কখনো বা আট নম্বরে। তবে ব্যতিক্রম স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে, সেদিন নেমেছিলেন ছয়ে। যে সময় ব্যাট করতে নামেন, বল-সময় কোনোটাই পর্যাপ্ত থাকে না। ভাবনা-চিন্তার অবকাশও সামান্য। ওই পজিশনে ব্যাট করতে হয় ‘ধর তক্তা মার পেরেক’ পদ্ধতিতে! সাব্বির সেই পদ্ধতিতেই সফল। এ বিশ্বকাপে বাংলাদেশের অনেক প্রাপ্তি আছে। নিঃসন্দেহে এর মধ্যে একটি প্রাপ্তি-সাব্বির রহমান। ক্রিকেটের বড় মঞ্চে ভালোভাবেই চেনালেন ২২ বছর বয়সী এ ডানহাতি। সবচেয়ে চোখে পড়েছে তাঁর নির্ভীক ব্যাটিং। বোলারের নামটি যত বড়ই হোক না কেন, সাব্বিরের যেন কুছ পরোয়া নেহি!
চাপের মুহূর্তে সাব্বিরের ব্যাট থেকে এসেছে কার্যকারী কিছু ইনিংস। হয়তো সেগুলো বড় ছিল না, তবে দলের জন্য ভীষণ উপকারী। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে খেললেন ৫৩ রানের ইনিংস। স্কটল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফিরলেন। নিউজিল্যান্ডের বিপক্ষেও এল ৪০ রানের একটি ছোট্ট অথচ সময়োপযোগী ইনিংস। ৬ ম্যাচে করেছেন ১৮২ রান। গড় ৩৬.৪০, স্ট্রাইকরেট ৯৮.৩৭।

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেই চলে গিয়েছেন নিজ বাড়ি রাজশাহীতে। সেখান থেকেই প্রথম আলোকে বললেন, ‘আমি আসলে গত কয়েক বছর ধরেই এ পজিশনে খেলছি। প্রিমিয়ার লিগেও ওই পজিশনে রান পেয়েছি। লক্ষ্য ছিল স্বাভাবিক খেলাটা খেলতে পারলে প্রথমে বল নষ্ট করলেও সেগুলো পুষিয়ে দিতে পারব। তাতে দলের জন্য কিছু করতে পারব। কোচ আমাকে ব্যাপারটা বিশ্বাস করতে শিখিয়েছেন, ফিনিশিংটা ভালো হলে দল বড় স্কোর পাবে। এ কারণে, আমার লক্ষ্যই ছিল ফিনিশিংটা ভালো করার। দলে আমার ভূমিকাটা ছিল এমনই।’
সাফল্যের কারণ হিসেবে আরেকটি বিষয়ে জানালেন, বিশ্বকাপের আগে দ্রুতই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছিলেন। বললেন, ‘আমি ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম নিউজিল্যান্ডে। দুটো দেশের পিচও অনেকটা এক। এ কারণ পিচ-কন্ডিশন নিয়ে একটা ধারণা তো ছিলই। আসলে মানিয়ে না নিয়েও তো উপায় নেই। তবে বিশ্বকাপের আগে প্রথম ১২ দিন যে সময় পেয়েছিলাম, ওই অনুশীলনটা ভীষণ কাজে দিয়েছিল। ভুল-টুল যা করেছিলাম, ওই সময়ে করে ফেলেছিলাম। সেই ১২ দিনের অভিজ্ঞতা আমাকে অনেক সহায়তা করেছে।’
ব্যাট থেকে ভালো কিছু ইনিংস এলেও সেগুলো খুব একটা বড় হয়নি। এ নিয়ে কোনো আক্ষেপ নেই সাব্বিরের, ‘আসলে যে সময়ে ব্যাট করতে নামি, ওই সময় ওভার থাকে কম। বলের তুলনায় বেশি রান তুলতে হবে-এমনই থাকে পরিস্থিতি। পরিস্থিতির দাবি মেনেই আমাকে খেলতে হয়েছে। একদিন উইকেট বাঁচিয়ে খেলা, আরেকদিকে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলা। এমন সমীকরণেও চেষ্টা করেছি, নিজের কাজটা ঠিকঠাক করতে। বড় ইনিংস নিয়ে সেভাবে আক্ষেপ নেই। তবে চেষ্টা করব, ভবিষ্যতে আরও বড় স্কোর করতে। চেষ্টা করব, আরও ভালো করতে।’
ভবিষ্যতের কথা যখনই বললেন, স্বাভাবিকভাবেই উঠবে সামনের দিনগুলো নিয়ে তাঁর ভাবনা প্রসঙ্গে। সাব্বিরের একটিই কথা, ‘আপাতত জাতীয় দলে স্থায়ী হওয়াটাই লক্ষ্য।’ তবে তারও আগে চান সময়টা উপভোগ করতে। এপ্রিলে পাকিস্তান সিরিজের আগে পাওয়া এ অবসর সময়টুকু কাটাতে চান নিজের মতো করেই। কিন্তু তা আর হচ্ছে কোথায়? ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হতে হচ্ছে প্রতি মুহূর্ত। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মুহূর্তগুলো। একজন খেলোয়াড়ের এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!