
রীতিমতো অনুনয় ঝরল জো রুটের কণ্ঠে। অনুনয় করারই কথা। শুধু এই সফরের ফল দেখলে সবাই ভাববে, ভারত একেবারে নাকানিচুবানি খাইয়েছে ইংলিশদের। অথচ সত্যিটা হলো, আগের চার টেস্টেই কখনো না কখনো দারুণ সুবিধাজনক অবস্থানে থাকার সুফলটা শেষ পর্যন্ত পকেটে পুরতে পারেনি ইংল্যান্ড। এক-দুইটা মুহূর্ত ম্যাচ এবং সিরিজের চেহারাই বদলে দিয়েছে। রুটের অনুরোধ সতীর্থদের কাছে, এবারও যেন তা না হয়।
২১ রানে ২ উইকেট হারালেও কাল চেন্নাই টেস্টের প্রথম দিনটা শেষ পর্যন্ত ইংল্যান্ডের পক্ষেই গেছে। ৪ উইকেটে ২৮৪ রান। রুটের অনুরোধ সতীর্থরা যেন ভারতকে চাপে ফেলার সুযোগ হাতছাড়া না করেন।
মঈনকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেওয়ার কাজটা করেছেন রুট নিজেই, তৃতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়ে। তবে কাজটা শেষ করে যেতে পারেননি রুট। আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থেকে। মঈন অবশ্য অপরাজিত ১২০ রানে। ৩-০-তে নিষ্পত্তি হয়ে যাওয়া সিরিজের শেষ টেস্টে ভারতের পাওয়ার কিছু নেই। তবে ইংল্যান্ডের আছে।
অন্তত একটি জয় নিয়ে হলেও বড়দিনে ঘরে ফিরতে চান রুট, ‘একটি জয় নিয়ে বাড়ি ফিরতে পারাটাও দারুণ হবে। শুরুটা তো ভালোই হলো। কাল (আজ) আরও এগিয়ে যেতে হবে। আশা করছি, মঈন আজকের মতোই ব্যাটিং করবে। আর স্টোকস স্বভাবসুলভ ইনিংস খেলতে পারলে তো কথাই নেই।’ ৫ রানে অপরাজিত থেকে আজ মাঠে নামবেন স্টোকস। কাল দিনের শেষ ৯ ওভার অসম্ভব ধৈর্য নিয়ে পার করেছেন স্টোকস। আসলে মঈনের সঙ্গে ৮৬ রানের জুটি গড়া বেয়ারস্টো ৪৯ রান করে ফিরে আসায় শেষ দিকে সতর্ক পা ফেলেছে ইংল্যান্ড।
শেষটা আর শুরুটা ছাড়া কালকের ইংল্যান্ডে কোনো খুঁত নেই। শুরুর ধাক্কাটা তারা খেয়েছে ষষ্ঠ ওভারেই। গত ম্যাচে অভিষেকে সেঞ্চুরি করা কিটন জেনিংস এবার উল্টো পিঠটা দেখে ফিরলেন ১ রানে। দিনের প্রথম বলেই ১১ হাজার রানের মাইলফলক ছোঁয়া অধিনায়ক কুক ফিরেছেন নিজে দুই অঙ্ক ছুঁয়েই। রুট-মঈনের ওই জুটিটা না হলে দিন শেষে ভারতকে চাপে ফেলার কথা এভাবে জোর গলায় বলতে পারত কি ইংল্যান্ড?
পঞ্চম টেস্ট সেঞ্চুরিটায় মঈন ভাগ্যকে পাশে পেয়েছেন। মিড উইকেটের ক্যাচটা নিতে পারেননি লোকেশ রাহুল, মঈন তখনো রানের খাতাই খোলেননি। ওই বলে উল্টো ২ রান, পরে আরও ১১৮—মঈনের একেকটা রান কি পোড়াচ্ছে রাহুলকে?
ভারতের বিপক্ষে ফিফটি করাটাকে অভ্যাস বানিয়ে ফেলা রুট ফিরেছেন আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে। পরে স্বীকার করেছেন আচরণটা ‘শিশুতোষ’ ছিল। তবে সতীর্থদের এবার শিশুতোষ ভুল না করারই অনুরোধ তাঁর। এএফপি।