মঈনই ইংল্যান্ডের 'এক নম্বর স্পিনার'!

চাপ কমানোর মন্ত্রটা তাহলে ভালোই কাজ করল!
মঈন আলী পুরো সিরিজেই বলে এসেছেন, তিনি নিজেকে ইংল্যান্ডের দ্বিতীয় স্পিনার হিসেবেই দেখেন। ইংলিশ অলরাউন্ডারের কথায় এত দিন সায় দিয়ে এসেছেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিসও।
নিজের ওপর থেকে চাপ কমানোর এই কৌশলের পুরস্কারও পেয়ে গেলেন মঈন আলী। চার ম্যাচ সিরিজে ২৫০ রান করেছেন, করতেই পারেন। তবে সঙ্গে ২৫ উইকেটও নেওয়ার কীর্তিতে ইতিহাসেই উঠে গেছে নাম তাঁর। ওভালে তৃতীয় টেস্টে হ্যাটট্রিক করে ম্যাচ শেষ করেছিলেন। পরশু ওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষটাও হলো মঈনের টানা দুই বলে দুই উইকেটে। অলরাউন্ড সাফল্যে ম্যাচসেরার তো হয়েছেনই, জিতেছেন সিরিজ-সেরার পুরস্কারও।
পরশু ম্যাচ শেষে বেলিস বললেন মঈনের নতুন উচ্চতায় ওঠার রহস্য চাপ কমিয়ে ফেলা, ‘মনস্তত্ত্বটা কাজ করছে মনে হয়। কোনো সন্দেহ নেই, সে আমাদের এক নম্বর স্পিনার। সে হয়তো একদিন বিশ্বমানের হয়ে উঠবে।’
ইংলিশ ক্রিকেটারদের মধ্যে এক সিরিজে ২৫০ রান ও ২৫ উইকেটের কীর্তি ছিল শুধু ইয়ান বোথামের। ডাকাবুকো চরিত্রের পুরো বিপরীত মঈন তাঁকে ছুঁয়ে ফেললেন দুই টেস্ট কম খেলেই। বেলিসও তাই মুগ্ধ, ‘সে নীরবে নিজের কাজ করে গেছে। পুরোপুরি একজন টিম ম্যান।’
অধিনায়ক রুটও মঈনের সাফল্যে চাপ কমিয়ে ফেলার অবদান দেখছেন, ‘ব্যাপারটা কাজ করেছে। সে সময়ের সঙ্গে উন্নতি করে যাচ্ছে। আমি সিরিজ শুরুর আগে বলেছিলাম, সিনিয়রদের আরও সিনিয়র হওয়ার সময় এসেছে। সে (মঈন) কথাটা শুনেছে, ওর অসাধারণ পারফরম্যান্সই প্রমাণ দিচ্ছে।’
মঈন ঋণ স্বীকার করছেন সাকলায়েন মুশতাকের কাছে। আগে বোলিং করার সময় ফিল্ডিং সাজানো নিয়ে মাথা ঘামাতেন না। দলের স্পিন বোলিং কোচই তাঁকে শিখিয়েছেন, কেমন বোলিংয়ে কী ধরনের ফিল্ডিং সাজানো উচিত। এএফপি।