মঈনের ব্যাটে এগিয়ে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি চোখ রাঙাচ্ছিল দিনের শুরু থেকেই। শেষ বিকেলে আকাশ ভেঙে নেমেছে সেই বৃষ্টি। তৃতীয় দিনের খেলা একটু আগেভাগেই শেষ হয়েছে। তবে ইংল্যান্ডের জন্য স্বস্তির খবর আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টির সম্ভাবনা নেই। ইংল্যান্ড যে অবস্থানে আছে, একমাত্র বৃষ্টিই হয়তো তাদের জয় বঞ্চিত করতে পারে। লিড হয়ে গেছে ৩৬০ রানের। ওল্ড ট্র্যাফোর্ডে এর আগে ২৯৪ রানের বেশি তাড়া করে জেতেনি কোনো দল।

ইংল্যান্ডকে এমন শক্ত অবস্থানে নিয়ে গেছেন মূলত মঈন আলী। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে চেপে ধরেছিল দক্ষিণ আফ্রিকার বোলাররা। ১৩৪ রানে ৬ উইকেটে হারিয়ে ফেলে স্বাগতিকেরা। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বেন স্টোকস আউট হওয়ার পর উইকেটে আসেন মঈন। শুরু করেন পাল্টা আক্রমণ। দিন শেষে উইকেটে ছিলেন ৫৯ বলে ৬৭ রান নিয়ে। মঈন আসার খানিক পরেই আউট হয়ে ফেরেন জনি বেয়ারস্টোও।

এরপর টবি রোল্যান্ড-জোন্সের সঙ্গ অষ্টম উইকেটে গড়েন ইনিংস সর্বোচ্চ ৫৮ রানের জুটি। এর মধ্যে ৪৫ রানই করেন মঈন। তাও আবার ৪০ বলে। আগের দিন হেইনো কুন আর কেশব মহারাজকে আউট করে সিরিজে ২০ উইকেট হয়েছে মঈনের। কাল রানটা নিয়ে গেলেন ২০০তে। ইংল্যান্ডের অষ্টম ব্যাটসম্যান হিসেবে এক সিরিজে ২০০ রান ও ২০ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন তিনি। ২০০৫-এর অ্যাশেজ সিরিজে অ্যান্ড্রু ফ্লিনটফের পর প্রথম। রুট অবশ্য এক রানের জন্য ফিফটি পাননি।  এর আগে প্রথম ইনিংসে ২২৬ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ৩৬২ ও ৬৬.২ ওভারে ২২৪/৮ (রুট ৪৯, স্টোকস ২৩, জেনিংস ১৮, মঈন ৬৭*; কুক ১০, বেয়ারস্টো ১০; অলিভিয়ের ৩/৩৮, মরকেল ২/৩৯, রাবাদা ২/৩৭, মহারাজ ১/৯২)। দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৭২.১ ওভারে ২২৬ (বাভুমা ৪৬, আমলা ৩০, ডু প্লেসি ২৭, কুন ২৪, ডি কক ২৪, রাবাদা ২৩, মরকেল ২০*; অ্যান্ডারসন ৪/৩৮, ব্রড ৩/৪৬, মঈন ২/৫৭, রোল্যান্ড-জোন্স ১/৪১)।