মজিদের আরেকটি সেঞ্চুরি

আবার সেঞ্চুরি পেলেন আবদুল মজিদ। পাঁচ দিন আগে মিরপুরে ব্রাদার্সের বিপক্ষে ১১৮ রান করেছিলেন। আজ ফতুল্লায় গাজী গ্রুপের বিপক্ষে ভিক্টোরিয়ার ওপেনার করলেন ঠিক ১০০ রান। তাঁর সেঞ্চুরি ও মুমিনুল হকের ঝলমলে ৭৩ রানে ভর করেই নির্ধারিত ৩৩ ওভারে ২১৯ রান তুলেছে ভিক্টোরিয়া।
বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়েছে দেরিতে, দুপুর সোয়া ১২টায়। ৫০ ওভারের ম্যাচ কমিয়ে আনা হয় ৩৩ ওভারে। টস জিতে ব্যাটিং নেওয়া ভিক্টোরিয়া ৯ রানে হারায় ওপেনার ফজলে রাব্বীকে। এরপর ১৯.৩ ওভারে ১২২ রানের জুটি মজিদ-মুমিনুলের। মুমিনুল ৬৬ বলে ১০ চারে করেছেন ৭৩ রান। ৪৮ বলে ফিফটি ছোঁয়া বাঁহাতি এই ব্যাটসম্যান আউট হয়েছেন খণ্ডকালীন স্পিনার শামসুর রহমানের বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে।
মুমিনুলের আউটের পর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন মজিদ। ৫৬ বলে ফিফটি ছোঁয়া মজিদ সেঞ্চুরি করেছেন ৯১ বলে। তাঁর ৯২ বলের ১০০ রানের ইনিংসে ৮টি চার ও বিশাল ২টি ছক্কা। সেঞ্চুরি ছোঁয়ার পরের বলেই মোহাম্মদ শরীফের বলে বোল্ড মজিদ। ঠিক আগের বলেই ধীমান ঘোষকে আউট এনামুল হকের ক্যাচ বানিয়েছেন শরীফ। পরপর দুই বলে উইকেট পেয়েও ইনিংস শেষ হয়ে যাওয়ায় হ্যাটট্রিকের সুযোগ পাননি শরীফ।