মজিদের একারই ২৫৩

জাতীয় লিগে আগের ম্যাচে বরিশালের বিপক্ষে রনি তালুকদারের ২২৭ রানের ইনিংসটা দেখে কি একটু ‘আফসোস’ হচ্ছিল আবদুল মজিদের? রনিকে দেখেই কি না, ফতুল্লায় ঢাকা মহানগরের বিপক্ষে মজিদের ব্যাট চওড়া হয়ে উঠল অস্বাভাবিকভাবে! একই সঙ্গে জাতীয় লিগে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহে রনিকেও পেছনে ঠেলে দিলেন মজিদ!
আগের দিনের ১৭৩ রানের ইনিংসটা টেনে লম্বা করে নিলেন ‘২০০’-এর ওপরে। মজিদের অপরাজিত ২৫৩ রানের সুবাদে পাহাড় গড়ল ঢাকা বিভাগ। ৯ উইকেটে ৫২৫ তুলে ইনিংস ঘোষণা করেছে ঢাকা।
মজিদের ২৫৩—জাতীয় লিগে চতুর্থ সর্বোচ্চ রান। ঘরোয়া ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান রকিবুল হাসানের। ২০০৬-০৭ মৌসুমে এই ফতুল্লায় সিলেটের বিপক্ষে রকিবুল করেছিলেন অপরাজিত ৩১৩ রান। দ্বিতীয়টি মোহাম্মদ আশরাফুলের, চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে করেছিলেন ২৬৩ রান। আর তৃতীয়টি এসেছিল ফরহাদ রেজার ব্যাট থেকে, গত মৌসুমে বিকেএসপিতে চট্টগ্রামের বিপক্ষে করেছিলেন ২৫৯ ।