মজিদের সেঞ্চুরি, সানির ৬ উইকেট

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লড়াইটা জমেছে বেশ। দুই দিন আগে খেলাঘরের বিপক্ষে ৫ উইকেট নিয়ে শীর্ষে উঠেছিলেন আবদুর রাজ্জাক। কাল বিকেএসপিতে ভিক্টোরিয়ার বিপক্ষে ক্যারিয়ার-সেরা বোলিং (৬/৫৬) করে রাজ্জাককে পেছনে ফেলে দিলেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ৮ ম্যাচে ২২ উইকেট সানির, এক ম্যাচ কম খেলে রাজ্জাকের ২১। ভিক্টোরিয়াকে ১১৯ রানে হারিয়ে কাল জিতেছে সানির দল প্রাইম দোলেশ্বর। অষ্টম ম্যাচে দোলেশ্বরের এটা পঞ্চম জয়। কাল ফতুল্লায় খেলাঘরকে ২৮ রানে হারিয়ে পঞ্চম জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জও।
ওপেনার আবদুল মজিদের সেঞ্চুরির পর শেষ ১০ ওভারে চতুরাঙ্গা ডি সিলভা ও শরীফউল্লাহর ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩৯ রান তোলে দোলেশ্বর। জবাবে সানির স্পিনে জেরবার হয়ে ২২০ রানে অলআউট আট ম্যাচের আটটিতেই হারা ভিক্টোরিয়া। ১১৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১১৬ রান করেছেন মজিদ, তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন ৪১তম ওভারের প্রথম বলে। ২১৫ রানে দাঁড়ানো দোলেশ্বর এরপর তুলেছে ১২৪ রান। ২৫ বলে ৬৪ রান চতুরাঙ্গার, সমান বলে ৩৯ রান শরীফউল্লাহর।
ফতুল্লায় রূপগঞ্জের ২৩৯ রানের ইনিংসটাকে ভাগ করা যায় তিন ভাগে। প্রথম ভাগে প্রথম ৫ উইকেটে ১০৫ রান। দ্বিতীয় ভাগে ষষ্ঠ উইকেটে পাকিস্তানি রাজা আলীকে (৪৬) নিয়ে বাংলাদেশের ইয়াসির আলীর (৫৯) ৯৪ রানের জুটি। তৃতীয় ভাগে ৪০ রানে শেষ ৫ উইকেটের পতন। জবাবে নাজমুস সাদাত ও নাজিমউদ্দিন ফিফটি পেলেও ২১১ রানেই অলআউট নবাগত খেলাঘর।
সংক্ষিপ্ত স্কোর
দোলেশ্বর-ভিক্টোরিয়া, বিকেএসপি-৩
দোলেশ্বর: ৫০ ওভারে ৩৩৯/৬ (মজিদ ১১৬, চতুরাঙ্গা ৬৪, শরীফউল্লাহ ৩৯*, ইমতিয়াজ ৩৬, শাহরিয়ার ৩৪; আরাফাত ২/৪৮, মাহবুবুল ২/৫৮)। ভিক্টোরিয়া: ৪৫.৫ ওভারে ২২০ (শফিউল ৬৬, মঈনুল ৬৪; আরাফাত সানি ৬/৫৬)।
ফল: দোলেশ্বর ১১৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আরাফাত সানি।
রূপগঞ্জ-খেলাঘর, ফতুল্লা
রূপগঞ্জ: ৪৯.৫ ওভারে ২৩৯ (ইয়াসির ৫৯, রাজা ৪৬, হাসানুজ্জামান ৩৬; তানভীর ৩/৫৪, ডলার ২/৩৫)। খেলাঘর: ৪৮.১ ওভারে ২১১ (নাজিমউদ্দিন ৫৯, নাজমুস ৫২, সালাউদ্দিন ৩৮; নাঈম ২/১৬, মোশাররফ ২/২৭, শরীফ ২/৪৭, রাজা ২/৬৩)।
ফল: রূপগঞ্জ ২৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইয়াসির আলী।