
পার্থক্যটা একা আবদুল মজিদই গড়ে দিলেন। মজিদ রান করেছেন ১১৮। ভিক্টোরিয়া ম্যাচ জিতেছে ১১২ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই জয় দিয়ে কাল সুপার লিগও নিশ্চিত করে ফেলেছে দলটা। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।
এবারের লিগে কাল প্রথম সেঞ্চুরি পেলেন মজিদ। লিস্ট ‘এ’তে এটি তাঁর তৃতীয় শতক। চার ছক্কা আর এগারো বাউন্ডারিতে ১১৭ বলে ১১৮, ফজলে মাহমুদের সঙ্গে মজিদের ওপেনিং জুটিতে এসেছে ১৭০। ৩৪তম ওভারেও সব উইকেট হাতে রেখে ১৭০ করে ফেলার পর ভিক্টোরিয়ার সামনে সুযোগ ছিল ব্রাদার্সের সামনে রানের পাহাড় দাঁড় করানোর। কিন্তু মজিদ আউট হওয়ার পরের ৪ ওভারে কোনো বাউন্ডারিই হলো না!
মজিদের ফিরতি ক্যাচ নেওয়ার এক বল পর ব্রাদার্সের অফ স্পিনার ইফতেখার সাজ্জাদ বোল্ড করেছেন মুমিনুল হককেও। পরের ৪ ওভারে হয়তো সে কারণেই একটু সতর্ক হয়ে খেলেছেন ওপেনার ফজলে মাহমুদ (৭১) আর আল আমিন। তবে শেষ ১২ ওভারে ১১০ রান তুলে স্কোরটা ঠিকই তিন শর ওপরে নিয়ে যান ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের ঝুঁকিপূর্ণ শটের সুযোগ নিয়ে এ সময় নিজের উইকেট-ভান্ডারটা ভারী করে নেন নাবিল সামাদ। ৫ ওভারের প্রথম স্পেলে ১৬ রান দিয়ে প্রাপ্তি শুধু একটা মেডেন, কোনো উইকেট ছিল না। কিন্তু ৫ ওভারের পরের স্পেলে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
ব্রাদার্সের ইনিংসের চিত্র তুলে ধরতে দু-একটা তথ্যই যথেষ্ট। দলের আট ব্যাটসম্যানই পৌঁছাতে পারেননি দুই অঙ্কে, তাঁদের সম্মিলিত সংগ্রহ ২৭! ৪৬ রানে পড়ে ৫ উইকেট। এরপর অবশ্য বলতে গেলে অধিনায়ক তুষার ইমরানের একক প্রচেষ্টায় ১৯০-এ যায় ব্রাদার্সের স্কোর। তিন নম্বরে নেমে শেষ উইকেট হিসেবে আউট হয়েছেন লিগে ভালো ফর্মের ধারাবাহিকতা ধরে রাখা অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ১১ বাউন্ডারিতে ৯৩ রানের ইনিংসে প্রথম পঞ্চাশ রান করতে ৭৯ বল খেললেও পরের ৪৩ করেছেন ৪৭ বলে।