মতিনের '১০০'-ই মাশরাফির বেশি প্রিয়

বিষয়টা বড় অদ্ভুত, তাই না? আপনার বাড়িতে উৎসব হচ্ছে। কিন্তু সেই উৎসবে অংশ নিতে পারছেন না, আপনি সেখানে শুধুই দর্শক! মজাটা হচ্ছে, অতিথিদের উৎসবের সুযোগটা করে দিয়েছেন আপনিই। নিজেকেই নিজে দর্শক বানিয়েছেন।
২০০৬ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ হচ্ছে ১০০তম ওয়ানডে। অথচ এই ম্যাচটায় নেই বাংলাদেশ। স্বাগতিক হিসেবে বিসিবি চাইলেই এই ম্যাচে বাংলাদেশকে রাখত পারত। কেন পারেনি? উপলক্ষের কথাটা সিরিজের সূচি তৈরির আগে বিসিবির ভাবনাতেই হয়তো আসেনি।
এই ভুলের ‘প্রায়শ্চিত্তে’র একটা উদ্যোগ নিয়েছে বিসিবি। ১০০তম ওয়ানডেকে তারা স্মরণীয় করে রেখেছে মাঠকর্মীদের সম্মান জানিয়ে, যাঁদের প্রতি বিন্দু ঘাম মিশে আছে ‘হোম অব ক্রিকেটে’র প্রতিটি ঘাসের সঙ্গে। আজ সকালে তাই শততম ওয়ানডের আয়োজন উপলক্ষে ৪৬ জন কর্মীকে স্মারক জ্যাকেট উপহার দিয়েছে বিসিবি। যে জ্যাকেটের গায়ে লেখা, ‘শেরেবাংলা স্টেডিয়ামের ১০০তম ওয়ানডে’।
টসের সময় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দলের দুই অধিনায়ক, ম্যাচ রেফারি ডেভিড বুন (কী মিল, তাঁরও এটি ম্যাচ রেফারি হিসেবে ১০০তম ওয়ানডে!) ও টিভি ধারাভাষ্যকার অ্যালিস্টার ক্যাম্পবেলের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির সবচেয়ে জ্যেষ্ঠ মাঠকর্মী আবদুল মতিন।
২০০৬ সালের ৮ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামের প্রথম ওয়ানডে ম্যাচেও মাঠ তৈরির কাজ করেছিলেন মতিন। ২০১২ সাল থেকে যদিও তিনি কাজ করছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে এই বিশেষ উপলক্ষে বিসিবির গ্রাউন্ডস বিভাগ তাঁকে ডেকে এনেছে মিরপুরে।
৩৬ বছর ধরে মাঠ পরিচর্যার সঙ্গে জড়িয়ে থাকা মানুষটাকে শ্রদ্ধা জানাতে ভোলেননি মাশরাফি বিন মুর্তজাও। আজ দুপুরে অনুশীলন শেষে ফেরার সময় দেখা করেছেন মতিনের সঙ্গে। তাঁর সঙ্গে সেলফি তুলে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘তামিম, সাকিব আরও অনেকের ১০০ পেরিয়ে আজ মতি ভাইয়ের ১০০ নট আউট যেন বেশি আনন্দের। অভিনন্দন মতি ভাই, ২০০-এর অপেক্ষায় আছে শেরেবাংলা...।’
সকাল থেকেই সবার কাছ থেকে শুভেচ্ছাবৃষ্টিতে সিক্ত হচ্ছেন আবদুল মতিন। হঠাৎ এমন শুভেচ্ছা-ভালোবাসায় একটু হকচকিয়েই গেছেন। দুপুরে বিসিবির আয়রন গেটের সামনে তাঁর সঙ্গে দেখা হলে মুখে তাঁর সলাজ হাসি, ‘এমন অভিজ্ঞতা আগে হয়নি। টসের সময় ডেকে নিয়েছে। সবাই শুভেচ্ছা জানাচ্ছে, অনেক ভালো লাগছে। আজ ১০০তম ওয়ানডে হচ্ছে। একদিন আশা করি, ৫০০তম ওয়ানডেও হবে এখানে।’
গামিনি ডি সিলভা অবশ্য এতটা চমকে যাননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই অভিজ্ঞ শ্রীলঙ্কান কিউরেটর সব সময়ই নিজেকে আড়াল করে রাখেন কঠিন গাম্ভীর্যে। তাঁর মুখের হাসি দেখা বড় দুর্লভ! দুপুরে প্রেসবক্সের সামনের লিফটে সেই দুর্লভ দৃশ্যটাই দেখা গেল! সহাস্যে নিজ থেকেই জানালেন মিরপুরের ১০০তম ওয়ানডে তাঁরা কীভাবে উদ্যাপন করছেন। পিঠ ঘুরিয়ে দেখালেন গায়ে চড়ানো স্মারক জ্যাকেটটা। গত নয় বছর কিউরেটর হিসেবে কাজ করেছেন মিরপুরে। তার আগে ছিলেন আন্তর্জাতিক আম্পায়ার। ২০০৫ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্টটা ড্র করে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল, সেটিতেও আম্পায়ারিং করেছেন গামিনি। অবশ্যই ওটাই তাঁর শেষ অন ফিল্ড আম্পায়ারিং। থার্ড আম্পায়ার হিসেবে কাজ করেছেন আরও চার বছর। পরে ক্যারিয়ার গড়েছেন কিউরেটর হিসেবে, যেটির অধিকাংশ সময় কেটেছে মিরপুরেই।
কেমন ছিল দীর্ঘ যাত্রাটা? ‘বাংলাদেশ ক্রিকেট এগোচ্ছে। আমার ভালো লাগা একটু বেশি এ কারণেই বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের অংশীদার আমিও’—লিফট থেকে নেমেই গামিনি চলে গেলেন মাঠের দিকে।
যেখানে চলছে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ম্যাচ। জিম্বাবুয়েকে দেখে বাংলাদেশের আফসোসটা আরও বাড়ার কথা। মিরপুরের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সেই জিম্বাবুয়ে মিরপুরের ১০০তম ওয়ানডেতেও আছে। অথচ যাদের উঠোনে উৎসবের আয়োজন, তারাই কিনা ‘দর্শক’!