মদ্যপ ও'কিফের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের সেরা মৌসুম কাটিয়ে স্টিভ ও’কিফের এখন আনন্দে ভাসার কথা। এক যুগ পরে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার টেস্ট জয়টা এসেছিল তাঁরই বাঁহাতি স্পিনে। কিন্তু সিরিজটা শেষ হতে না হতেই ভিন্ন কারণে আলোচনায় ও’কিফ। রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের এক অনুষ্ঠানে উল্টোপাল্টা কথা বলে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হচ্ছে তাঁকে।
রাজ্য দলের অনুষ্ঠানে অতিরিক্ত পান করে বেসামাল হয়ে কিছু মন্তব্য করেছেন ও’কিফ। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এ ঘটনায় ও’কিফের শাস্তির কথা নিশ্চিত করেছে, ‘অস্ট্রেলিয়ান কোনো ক্রিকেটারের কাছ থেকে যেকোনো সময় বা স্থানে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। এবং এ বিষয়ে আমরা ন্যূনতম ছাড় দেব না। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমরা খুব হতাশ। এর আগের ঘটনার কথা বিবেচনা করলে তো আরও বেশি। ভারত সফরে স্টিফেনের পারফরম্যান্সকে আড়ালে পাঠিয়ে দিয়েছে এ ঘটনা।’
গত আগস্টেও মদ্যপ অবস্থায় সিডনির এক হোটেলে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করায় শাস্তি পেয়েছিলেন ও’কিফ। ১০ হাজার ডলার জরিমানা দিয়েছেন। দেড় বছরের মধ্যে একই ঘটনা দুবার করায় শাস্তিও দ্বিগুণ হয়েছে তাঁর। ও’কিফ অবশ্য এ শাস্তি মেনে নিয়েছেন। এএফপি।