মধ্যাঞ্চলকে জেতালেন শরীফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ খেলেছেন সেই ২০০৭ সালে। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি মোহাম্মদ শরীফের। বাংলাদেশ দলে এখন দাপিয়ে বেড়াচ্ছেন একঝাঁক তরুণ পেসার। শরীফের জাতীয় দলে আবার ফেরার সম্ভাবনাটাও তাই খুব কম। কিন্তু ঘরোয়া ক্রিকেটে এখনো সেরাদের একজন বোলিং অলরাউন্ডারে রূপ নেওয়া এই পেসার। আর তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের কল্যাণে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ২০২ রানে জিতেছে ওয়ালটন মধ্যাঞ্চল।
৪২১ তাড়া করতে গিয়ে তৃতীয় দিনেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল উত্তরাঞ্চল। কাল কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে দিনের প্রথম ওভারেই উত্তরাঞ্চলের ম্যাচ বাঁচানোর আশাটা শেষ করে দেন শরীফ দ্বিতীয় ও পঞ্চম বলে ২ উইকেট নিয়ে, মুহূর্তেই উত্তরাঞ্চলের স্কোর দাঁড়ায় ২৭/৪। খানিক পরে চোট পেয়ে শরীফ মাঠ ছাড়লেও মধ্যাঞ্চলের কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি। মোহাম্মদ শহীদ ও শুভাগত হোমের বোলিংয়ের সামনে কোনো বড় জুটিই গড়তে পারেনি উত্তরাঞ্চল। সর্বোচ্চ রান নয়ে নামা মুক্তার আলীর, তবে ৫৮ বলে ৬০ রান করে দলের পরাজয়ের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছেন তিনি। দুই ইনিংসে ৭ উইকেট ও ৫৩ রান করে শরীফই হয়েছেন ম্যাচসেরা।
শেখ কামাল স্টেডিয়ামে দিনের অন্য খেলায় ড্র মেনে নিয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। তৃতীয় দিনে ৮৪ রানে অপরাজিত থাকা এনামুল হক কাল আর কোনো রান করার আগেই ফিরে গেছেন। ৪ উইকেটে ২০৪ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণাঞ্চলও অলআউট হয়ে গেছে ৩৫৩ রানে। তবে তাদের ইনিংস শেষ হতে হতেই প্রথম দুই সেশন শেষ হয়ে যায়। ফলে জয়ের জন্য ২০৯ রান করার জন্য পূর্বাঞ্চল পায় শুধু শেষ সেশনটি। তারা ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ করার পর ড্র মেনে নেয় দুই দল। প্রথম ইনিংসে অপরাজিত ১২৮ রানের ইনিংসটির জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে থাকা পূর্বাঞ্চলের জাকির হাসান।

সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল: ৮৫.৪ ওভারে ২৬০ ও ৯৬ ওভারে ৩২৯/৭ ডি.
উত্তরাঞ্চল: ৬৫.১ ওভারে ১৬৮ ও ৫৬.৫ ওভারে ২১৯।
ফল: মধ্যাঞ্চল ২০২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শরীফ।
দক্ষিণাঞ্চল: ৭৮.১ ওভারে ২৬২ ও ১১৭.৩ ওভারে ৩৫৩
পূর্বাঞ্চল: ১১৯.৩ ওভারে ৪০৭ ও ২৬ ওভারে ১১২/৪
ফল: ম্যাচ ড্র। ম্যান অব দ্য ম্যাচ: জাকির হাসান।