মন কেড়েছেন মনোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার জোর দিয়ে বলেছিলেন, কথাগুলো তাঁর ব্যক্তিগত মত। তবে শশাঙ্ক মনোহরের এই ‘ব্যক্তিগত’ মতই পুরো ক্রিকেট-বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সমর্থন পাচ্ছেন সবার। এবার যেমন আইসিসি চেয়ারম্যানের বক্তব্যকে অভিনন্দন জানালেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী হারুন লরগাত ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) অন্তর্বর্তীকালীন প্রধান সিদাথ ওয়েতেমুনি। দুজনই বলছেন, এই ৫৮ বছর বয়সী ভারতীয় কর্মকর্তাই পারবেন আইসিসিকে ভালো কিছুর দিকে নিয়ে যেতে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে এই মাসের গোড়ার দিকেই পদাধিকার বলে আইসিসির চেয়ারম্যান হয়েছেন মনোহর। দায়িত্ব বুঝে নিতে দুবাইয়ে এসে দুই দিন আগে অকপটেই জানিয়েছেন, তিন ‘মোড়ল’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ‘খবরদারি’র নীতিকে মন থেকে সমর্থন করেন না। শুধু তা-ই নয়, আইসিসি বর্তমানে যে নীতিতে চলছে, তা সদস্যদেশগুলোর মধ্যে ভারসাম্যহীনতা তৈরি করবে বলে মনে করেন তিনি। আইসিসির বর্তমান আয়বণ্টন ও দ্বিপাক্ষিক সিরিজ-নীতিরও সমালোচনা ছিল তাঁর কণ্ঠে। যে নীতিমালার কারণে তিনি এ মুহূর্তে আইসিসির চেয়ারম্যান, সেটিরও তিনি সমালোচক।
যদিও আইসিসির গঠনতন্ত্রের এসব বিষয়ে পরিবর্তনের নির্দিষ্ট কোনো রূপরেখা দেননি মনোহর, তবু তাঁর বক্তব্য বিশ্বজুড়েই ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে। একটা বিশ্বাস তৈরি হয়েছে যে পরিবর্তন আসছে!
হারুন লরগাতেরও এমনটাই বিশ্বাস। মনোহরের বক্তব্যকে সমর্থন করে সিএসএ-প্রধান বললেন, ‘মি. মনোহরের বক্তব্যে যদি আমি সন্তোষ প্রকাশ না করি তাহলে মিথ্যা বলা হবে। এই কথাগুলো শুনে বেশ খুশি লাগছে। আর লোকটাকেও তো চিনি। আমার বিশ্বাস, তিনি গঠনতন্ত্রে পরিবর্তন এনে আইসিসিতে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন, যাতে সদস্যদেশগুলো এবং আন্তর্জাতিক ক্রিকেট আরও এগিয়ে যেতে পারে।’
একই বিশ্বাস শ্রীলঙ্কান বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান সিদাথ ওয়েতিমুনিরও। মনোহর তাঁর চোখে ‘বুদ্ধিমান ব্যক্তি’, ‘কোনো বোর্ডপ্রধানের দৃষ্টিকোণ থেকে নয়, বরং সবার কথা মাথায় রেখে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেই কথাগুলো বলেছেন শশাঙ্ক। আইসিসি-প্রধান হিসেবে তাঁর বক্তব্যকেই আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে।’ এনডিটিভি।