মনে পড়ে সেই তামিমকে!
ক্রিকেট ইতিহাসে বছর ধরে পিছিয়ে যেতে থাকলে ৩ নভেম্বর তারিখে আপনি উল্লেখযোগ্য অনেক কিছু পাবেন। কয়েকটি বলি। ফিক্সিংয়ের দায়ে কোনো ক্রিকেটারের জেলে যাওয়ার অভাবনীয় ঘটনাটি এই দিনেই। বাট-আসিফ-আমিরের শ্রীঘরে যাত্রা মাত্রই তিন বছর আগের ঘটনা।
হাতে ৮ উইকেট এবং ১৪ বলে ২৩ রান দরকার—এই অবস্থায় ম্যাচ ছেড়ে দেওয়াটাকেও তো অভাবনীয়ই বলা উচিত, তাই না? এটি অবশ্য বেশ আগে, নির্দিষ্ট করে বললে ১৯৭৮ সালের ৩ নভেম্বর। পাকিস্তানি পেসার সরফরাজ নওয়াজের টানা চারটি বাউন্সার দেওয়ার প্রতিবাদে শাহিওয়াল ওয়ানডেতে ব্যাটসম্যানদের ডেকে পাঠান ভারতীয় অধিনায়ক বিষেন সিং বেদি।
১৯৯৯ সালে এই দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘতম ইনিংসটি শেষ হয়। হিমাচল প্রদেশের রাজীব নায়ার ১৭ ঘণ্টার চেয়ে মাত্র ৫ মিনিট কম সময় ক্রিজে থেকে ৭২৮ বল খেলে করেন ২৭১ রান।
সুনীল গাভাস্কারের ৩৪ টেস্ট সেঞ্চুরির মধ্যে দ্রুততমটি এই দিনে। ১৯৮৩ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৪ বলের ওই সেঞ্চুরিতে একটা গল্প আছে। কানপুরে সিরিজের আগের টেস্টে ম্যালকম মার্শালের বাউন্সারে গাভাস্কারের হাত থেকে ব্যাট ছুটে যায়। দর্শকেরা ব্যঙ্গবিদ্রূপ করতে শুরু করে। ‘তোর পেছনে মার্শাল আসছে’-জাতীয় কোরাস-টোরাসও হয়েছিল বলে শোনা যায়। দিল্লিতেও গাভাস্কারকে বাউন্সার-বৃষ্টিতে অভ্যর্থনা জানান সে সময়ের সবচেয়ে বিধ্বংসী দুই ফাস্ট বোলার মার্শাল ও হোল্ডিং। গাভাস্কার যে অনেক দিন পর ঝোলা থেকে হুক শটটিকে বের করে তাতে শাণ দিয়ে রেখেছিলেন, সেটি তো আর তাঁদের জানা ছিল না।
তা হঠাৎ করে ৩ নভেম্বর নিয়ে এমন গবেষণা কেন? খুলনায় ৩ নভেম্বর শুরু টেস্ট ম্যাচে তামিম ইকবালের ব্যাটিং দেখতে দেখতে মনে হলো, দিনটির বোধ হয় বাড়তি একটা তাৎপর্য আছে। দেখি তো এই দিনে বলার মতো কী কী হয়েছে!
না দেখলেও হতো। যে তাৎপর্যের কথা বলছি, ক্রিকেট ইতিহাসে সেটির আঁচড় কাটার প্রশ্নই ওঠে না। এটা একান্তই তামিম ইকবালের ব্যক্তিগত। সারা দিন ব্যাটিং করে ৭৪ রানে অপরাজিত। ৩৬৫ মিনিট ক্রিজে ছিলেন, বল খেলেছেন ২৫০টি, এর মাত্র ৬টি সীমানা পেরিয়েছে। ৩ নভেম্বরেই ব্যাটসম্যান তামিম ইকবালের রূপান্তর বোধ হয় সম্পূর্ণ হলো।
রূপান্তরটা বুঝতে পারছি। কিন্তু সেটি ভালো হলো না খারাপ, তা নয়। তামিম ইকবাল যা খেললেন, এই জাতীয় ব্যাটিংকে ‘আদর্শ টেস্ট ইনিংস’ বলে অভিহিত করার একটা চল আছে। দিন শেষে অনেকেই ‘টেস্টে এভাবেই ব্যাটিং করতে হয়’ বলে তাঁর পিঠ চাপড়ে দিয়ে থাকবেন।
তাই নাকি! টেস্টে শুধু এভাবেই ব্যাটিং করার নিয়ম? সেই নিয়মের পৃষ্ঠাটি তো কবেই টুকরো টুকরো করে ছিঁড়ে জানালা দিয়ে ছুড়ে ফেলেছেন অনেকে। সবচেয়ে নির্লিপ্ত এবং সবচেয়ে উৎসাহভরে কাজটি যিনি করেছেন, ঘটনাচক্রে তেরো বছর আগের এক ৩ নভেম্বরেই তাঁর টেস্ট অভিষেক। ব্লুমফন্টেইনে নেমেছিলেন মিডল অর্ডারে। সেঞ্চুরি করতে লেগেছিল ১৫৭ বল। পরবর্তী ঘটনাপ্রবাহে যা একটু ‘ধীরগতির ইনিংস’ বলেই বিবেচিত হবে। ব্যাটসম্যানের নাম বীরেন্দর শেবাগ।
বাজে আউট হয়েছেন, দুঃসময় এসেছে, কিন্তু নিজের খেলা বদলাননি। নিজের সামর্থ্যের ওপর অগাধ আস্থা থাকলেই শুধু এটি সম্ভব। টেস্টে ৫০ ছুঁইছুঁই গড়ে সাড়ে আট হাজারের বেশি রান। দুটি ট্রিপল সেঞ্চুরি, সঙ্গে ২৯০-এর ঘরে আরেকটি স্কোর। দুই ট্রিপল সেঞ্চুরিতে আরও দুজন আছেন, তবে সঙ্গে আরেকটি ২৯০ প্লাস ইনিংস বিবেচনায় নিলে শুধু স্যার ডন ব্র্যাডম্যানই শেবাগের সঙ্গী। রান-টান লিখছি ঠিকই, কিন্তু শেবাগদের মতো ব্যাটসম্যানদের মাহাত্ম্য বোঝাতে শুধু রানসংখ্যা যথেষ্ট নয়। ইনিংসের শুরুতে অমন বেপরোয়া আক্রমণে প্রতিপক্ষ বোলারদের আত্মবিশ্বাস দুমড়ে-মুচড়ে যাওয়ার প্রভাব আরও তাৎপর্যবহ, আরও সুদূরপ্রসারী।
শেবাগের রেকর্ড সর্বকালের সেরাদের দলেও প্রবেশাধিকার দাবি করে। তামিমকে তাঁর সঙ্গে তুলনা করাটা অবশ্যই বাড়াবাড়ি। তবে ‘গরিবের শেবাগ’ হওয়ার ক্ষমতা তো তামিমের ছিলই। ২০১০ সালে ঢাকা টেস্টে ইংলিশ সাংবাদিকদের বিস্ময়াভূত মুখগুলো এখনো মনে পড়ে। টেস্টের প্রথম দিন লাঞ্চের আগে সেঞ্চুরিটা প্রায় করেই ফেলেছিলেন। যা করতে পেরেছেন মাত্র চারজন ব্যাটসম্যান। এর আগে ইংল্যান্ডে পরপর দুই টেস্টেও এমন স্ট্রোক প্লের ছটা যে, উইজডেনের সে সময়ের সম্পাদক শিল্ড বেরি প্রথম আলোতেই লিখেছিলেন, অ্যাশেজে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও ইংলিশ বোলারদের ওপর এমন আধিপত্য করতে পারেননি।
সেই তামিম ইকবাল যে অনেক দিনই স্মৃতি, তার দায় বোধ হয় আমাদেরও। তামিমের মতো ব্যাটসম্যানদের যথেচ্ছ স্ট্রোক খেলার ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়াটা খুব জরুরি। তাতে ব্যর্থতার সম্ভাবনা হয়তো বাড়ে। তবে যেদিন হবে, ম্যাচের রং-ই বদলে যাবে। ঠুক-ঠুক করা ব্যাটসম্যান চাইলে তৈরি করা যায়, তামিমদের একেবারেই নয়। একেবারেই ব্যক্তিগত বিশ্বাস থেকে বলছি, গত কিছুদিন তামিমের ফর্মে যে ওঠা-নামা, সেটির আসল কারণ বোধ হয় ব্যাটিংয়ের ধরন নিয়ে তাঁর নিজের মনেই দোলাচল।
বদলে যাওয়া তামিমের ব্যাটে প্রায় সাড়ে চার বছরের খরা ঘোচানো টেস্ট সেঞ্চুরি দেখার আশা নিয়ে দ্বিতীয় দিন মাঠে আসব। সেই মাহেন্দ্রক্ষণে হাততালি দিতে দিতেও আক্ষেপটা কিন্তু মনে খেলা করবেই—কোথায় হারাল সেই তামিম!