মনে পড়ে সেই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টসের সময় দুই অধিনায়কের স্মারক বিনিময়  l ফাইল ছবি
টসের সময় দুই অধিনায়কের স্মারক বিনিময় l ফাইল ছবি

শততম টেস্টের আগে পেছন ফিরে অভিষেক টেস্টের দিকে তাকালেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান
কত দিন হলো? ষোলো বছরেরও বেশি! অথচ মনে হয়, এই তো সেদিন সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টস করতে নামছি। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ আর সেটিতে আমি অধিনায়ক! আগের দিন সৌরভকে বলেছিলাম, ‘টেস্টে তো আমরা নতুন এলাম।’ সৌরভ শুধু একটা কথাই বলেছিল, ‘শুধু লড়ে যাবে।’
তা আমরা প্রথম তিন দিন ভালোই লড়েছিলাম। আমার ‘লড়া’ অবশ্য ম্যাচের আগের দিন থেকেই শুরু হয়েছিল। প্র্যাকটিস থেকে বারবার দৌড়াতে হচ্ছিল নির্বাচক আর বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে। বিষয় বুলবুল ভাই (আমিনুল ইসলাম) ও সুমনকে (হাবিবুল বাশার) দলে রাখা না-রাখা। বুলবুল ভাইয়ের ব্যাপারে আমার যুক্তি ছিল পরিষ্কার, ক্রিকেটের যে জনপ্রিয়তার কারণে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে, সেটির পেছনে বুলবুল ভাই, আকরাম ভাইয়ের বড় অবদান আছে। আরেকজনের কথাও বলতে হয়, তবে নান্নু ভাই (মিনহাজুল আবেদীন) তো স্কোয়াডেই ছিলেন না। তো আমার কথা ছিল, ওই দুজনকে অবশ্যই রাখতে হবে। আমরা তো আর ভারতের বিপক্ষে জিততে নামছি না। ড্র করলেই খুশি, এমনকি শুধু ভালো খেললেই।
উত্সব-উত্সব একটা ভাব তো আগেই ছড়িয়ে পড়েছিল। সেটি আরও বেশি বুঝলাম ম্যাচের দিন সকালে। টিম তো অনেক আগে মাঠে যায়, দর্শকেরা তখনো আসেই না। অথচ আমরা মাঠে গিয়ে দেখি, গেটে তখনকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের দাঁড়িয়ে আছেন। এখন মনে হয়, প্রথম টেস্টের উত্তেজনায় অনেক রুটিন কাজও করা হয়নি। যেমন আমাদের কেউ টেস্ট ক্যাপ পরিয়ে দেয়নি। যেকোনো টেস্টের আগেই যেমন একটা অফিশিয়াল ফটোগ্রাফ তোলা হয়, আমাদের সেটাও তোলা হয়নি।
টসের সময় মজার একটা ঘটনা ঘটল। সৌরভ ‘কল’ করেছিল, কয়েন মাটিতে পড়ার পর দাবি করল, ও জিতেছে। অথচ আমি দেখছি, আমি জিতেছি। শেষ পর্যন্ত ম্যাচ রেফারি রমন সুব্বা রাও মীমাংসা করলেন। আমিই জিতেছি। টস করতে নামার সময় আমার বাবার কথা খুব মনে পড়ছিল। উনি সব সময় বলতেন, ক্রিকেট খেলা টস থেকে দেখতে হয়। আমার ক্লাবের খেলা দেখার জন্য উনি মানিকগঞ্জ থেকে ভোরবেলায় রওনা দিয়ে ঢাকায় আসতেন। আর আমি যখন বাংলাদেশের অভিষেক টেস্টে টস করতে নামছি, তিনি তা দেখে যেতে পারলেন না।
টসে জিতে ব্যাটিং করতে নামার পর ৪০০ করে ফেলাটা ছিল স্বপ্নের মতো। সুমনের হাফ সেঞ্চুরি, বুলবুল ভাইয়ের সেঞ্চুরি...তবে এরপর যা হলো, সেটি এখন কল্পনাও করা যায় না। তখন তো নিরাপত্তা এমন ছিল না, আকসুর লোকজনও ছিল না। আমাদের ড্রেসিংরুম পুরো বাজারে পরিণত হলো। যার ইচ্ছা সে-ই আসছে। শুধু বোর্ডের লোকজনই না, নাটকের লোকজনও। সবারই নানা উপদেশ—এই করতে হবে, ওই করতে হবে।
এখন মনে হয়, দ্বিতীয় ইনিংসে আমাদের অমন ভেঙে পড়ায় (৯১ রান) আমাদের অনভিজ্ঞতার সঙ্গে ওসবেরও ভূমিকা ছিল। অথচ প্রথম ইনিংসে ওদের আমরা অলআউট করে দিয়েছিলাম। ওই ব্যাটিংয়ের বিপক্ষে যেখানে ব্যাটসম্যানদের শান্ত রাখাটাই মূল উদ্দেশ্য ছিল, সেখানে আমি ৬ উইকেট নিয়ে ফেললাম।
দ্বিতীয় ইনিংসে আমরা নিজেরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। টেস্ট ক্রিকেটটা যে কত কঠিন, অভিষেক টেস্টটাই আমাদের তা বুঝিয়ে দিয়েছিল। বাইরে থেকে অনেক সময় যা বোঝা যায় না। ওয়ানডে-টি টোয়েন্টি নিয়ে হাওয়া যতটা গরম থাকে, টেস্ট ক্রিকেট নিয়ে তা থাকে না। তবে টেস্টই হলো আসল খেলা। কেউ টেস্টে ভালো খেললে ওয়ানডে বা টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারে। কিন্তু অন্যটা নিশ্চিত করে বলা যাবে না।
শততম টেস্ট খেলতে আমাদের ষোলো বছরের বেশি লেগে গেল, এটার পেছনে এফটিপির যেমন ভূমিকা আছে, তেমনি টেস্ট নিয়ে আমাদের অনাগ্রহেরও। নইলে ১৬-১৭ বছর খেললে একজন ক্রিকেটারেরই তো এক শ টেস্ট খেলা হয়ে যায়। সত্যি কথা বললে, এত দিনেও আমরা সত্যিকার টেস্ট প্লেয়িং নেশন হয়ে উঠতে পারিনি। আমাদের এখানে এখনো লঙ্গার ভার্সনের ক্রিকেটের যতটা গুরুত্ব পাওয়া উচিত, তা পায় না। ক্রিকেট সংস্কৃতিও সেভাবে গড়ে ওঠেনি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কথা বাদই দিন, ঘরের পাশে ভারতেও দেখবেন, একটা রঞ্জি প্লেয়ার কতটা সম্মান পায়। কিন্তু আমাদের দেশে ফার্স্ট ক্লাস ক্রিকেটারের কোনো মর্যাদাই নেই। এসবে পরিবর্তন আসাটা খুব জরুরি।
জরুরি আরও অনেক কিছুই। এখনো আমাদের আঞ্চলিক ক্রিকেটটা দাঁড়ায়নি। মাত্র একটাই একাডেমি। ‘এ’ দলের কার্যক্রম চোখে পড়ে না। বলতে পারেন, এখন তো আমি নিজেই বোর্ডে আছি। যখন কাজ করার সুযোগ ছিল, আমি চেষ্টা করেছি। অনেক প্রস্তাবও দিয়েছি। তবে বোর্ডে তো সবাই মিলে সিদ্ধান্ত হয়। আমার সব পরিকল্পনা তাই আলোর মুখ দেখেনি।
শততম টেস্টের আগে এসব আক্ষেপের কথা বলার পর শুধু আশাই করতে পারি, বাংলাদেশ দুই শতম টেস্ট খেলার আগে সবকিছু ঠিক হয়ে যাবে। আশা নিয়েই তো বাঁচে মানুষ, তাই না?