মনে পড়ে সেই সোহাগ বনাম গেইল...?

ওই একই মাঠ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। কী অদ্ভুত ব্যাপার, ঘটনাচক্রে বছরের সময়টাও প্রায় মিলে গেল! ২০১২ সালের নভেম্বরে প্রথম দেখা হয়েছিল ক্রিস গেইল ও সোহাগ গাজীর। চার বছর পর কাল আবারও দুজনের দেখা হলো মিরপুরে, রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের ম্যাচে। সেদিন জয়ী হয়েছিলেন সোহাগ, কিন্তু এবার গেইলই জয়ী।
প্রথমেই প্রশ্ন উঠতে পারে, এ দুজনের তো মাঝে বেশ কয়েকবারই দেখা হয়েছে। হঠাৎ এ ম্যাচেই এত কথা কেন? কারণটা একটু পরেই বলা যাক। প্রথমেই ২০১২ সালের ম্যাচটিতে কী হয়েছিল দেখে নেওয়া যাক।
সেদিন টেস্ট অভিষেক হয়েছিল সোহাগ গাজীর। অভিষেকেই ম্যাচের প্রথম ওভার করতে বলা হয়েছিল। তারপর তো ‘ইতিহাস’ই হয়ে গেল। সে বলে ছক্কা হাঁকিয়ে অনন্য এক রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। টেস্ট ইতিহাসে ম্যাচের প্রথম বলে ছক্কার প্রথম নজির। দুই বল পরেই আবারও ছক্কা। দুটিই লং অন দিয়ে। তবে শেষ হাসিটা সেদিন হেসেছিলেন সোহাগ। গেইলকে আউট করেই আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম উইকেট পেলেন। সেদিন সোহাগের ১১ বলে ২ ছক্কায় গেইল করেছিলেন ১৬ রান।
কাল অবশ্য সোহাগের প্রথম বলটি খেলেছেন তামিম ইকবাল। গেইল সুযোগ পেলেন ওভারের শেষ দুই বলে, তাতে কোনো রান নিতে পারলেন না। এই ধারা চলল আরও চার বল। সোহাগের প্রথম ছয় বলে গেইলের রান শূন্য! পরের তিন বলে ২, ২, ০। সোহাগের বোলিংয়ের কোটা পূরণ হয়ে যাচ্ছে ভেবেই কি না, নড়েচড়ে উঠলেন গেইল। শেষ দুই বলে বিশাল দুই ছয়। সোহাগের মুখোমুখি ১১ বলে গেইলের রান? ঠিক ১৬ রান, ২ ছক্কায়! চার বছর আগের লড়াইটায় যা হয়েছিল। মনে তো পড়বেই!
এভাবেই পুরোপুরি ভিন্ন দুই ফরম্যাটে ৪ বছরের ব্যবধানেও একই বিন্দুতে মিলে গেল সোহাগ-গেইল দ্বৈরথ। বড় পার্থক্য হলো, প্রথম দেখায় ব্যক্তিগত লড়াইয়ে জিতলেও এবার আর গেইলকে আউট করতে পারেননি সোহাগ। ২৬ বলে ৪০ রান করা গেইল আউট হয়েছেন শহীদ আফ্রিদির বলে।
তবে এর মাঝে যতবার দেখা হয়েছে, গেইল বনাম সোহাগের এই লড়াইয়ে সোহাগই জিতেছেন। ২০১২ সালে টেস্ট সিরিজে গেইলকে দুবার আউট করার পর ওয়ানডেতেও একবার আউট করেছেন। ৫ সিরিজের ওয়ানডেতে গেইলের আত্মবিশ্বাসকে একেবারে তলানিতে পাঠিয়ে দিয়েছিলেন বাংলাদেশের অফ স্পিনার। ৫ ম্যাচে একটা ফিফটিও পাননি, সেই সিরিজে সোহাগের ৪২ বলে গেইল করতে পেরেছিলেন মাত্র ৫ রান! পুরো ক্যারিয়ারে গেইলের এমন অসহায় অবস্থা আসেনি কখনো।
তারই রেশ দেখা গেছে দ্বিতীয় বিপিএলে (২০১৩)। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে মাত্র একটি ম্যাচই খেলেছিলেন গেইল। কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ ছিল সিলেট রয়্যালস। সোহাগের ৬ বলে মাত্র ২ রান করা গেইল সেদিন করেছিলেন ১১৪ রান! সেটাও আবার ৫১ বলে। অথচ সোহাগ যতক্ষণ বোলিংয়ে ছিলেন, গেইলের ব্যাটে ছিল না ঝড়ের ইঙ্গিত। তাঁর কোটা পূরণ হওয়ার সময়ও গেইলের রান ছিল ১৯ বলে ২১। পরের ৩২ বলে ৯৩ রান নিয়ে সেবার দলকে জয়ে এনে দিয়েছেন গেইল।
২০১৪ সালে উইন্ডিজ সফরে দুই ওয়ানডে ও দুই টি-টোয়েন্টিতে অবশ্য সমতায় ছিলেন দুজন। ৪ ম্যাচে সোহাগের বলে একবারও আউট হননি গেইল, ২ ওয়ানডেতে সোহাগের ২৮ বলে ২০ রান করেছিলেন। আর ২ টি-টোয়েন্টিতে ১৩ বলে ১২ রান। লড়াইটা সামনের দিনগুলো তুলে রাখা হয়েছিল বলেই হয়তো। দেখা যাক, এবার বিপিএলে আরও জমে কি না!