মনে পড়ে হ্যামিল্টন
>

নিউজিল্যান্ডে বাংলাদেশের আগের তিনটি সফরই কাভার করেছেন। সেই তিনটি সিরিজের দিকে ফিরে তাকালে সবচেয়ে বেশি কী মনে পড়ে? স্মৃতি হাতড়ালেন উৎপল শুভ্র
২০০১
টেস্টের প্রথম বলটি লাফিয়ে উঠে ছোবল দিল মার্ক রিচার্ডসনের হাতে। পরের বলে মিড উইকেটে ফ্লিক করে একটা সিঙ্গেল নিলেন। পরের বলটিও উঠল। পুল করতে গিয়ে আকাশে বল তুলে দিলেন লু ভিনসেন্ট। ক্যাচটি নিলেন বোলার নিজেই। নিউজিল্যান্ড ১ উইকেটে ১!
বোলারের নাম? মাশরাফি বিন মুর্তজা।
আরেকটি নিউজিল্যান্ড সফরে গিয়ে মাশরাফির কি মনে পড়ছে সেই স্মৃতি? পনেরো বছর আগের সেই হ্যামিল্টন টেস্ট?
মাস দুয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। জাতীয় দলের হয়ে প্রথম সফর ওই নিউজিল্যান্ডেই। আঠারো বছরের টগবগে তরুণ। বলে গতির ঝড়। তার ওপর অমন উইকেট! খুব খেয়াল করে না দেখলে আউটফিল্ড থেকে যেটিকে আলাদা করা যাচ্ছে না। আগের কদিন সেটি আবার ছিল ঘোমটার নিচে।
বৃষ্টির কারণে প্রথম দুই দিন খেলা শুরুই হতে পারেনি। দ্বিতীয় দিন একফাঁকে শুধু টসটাই হয়েছে। সেটিতে জিতে অধিনায়ক খালেদ মাসুদের প্রায় ম্যাচ জয়ের উল্লাস! এই উইকেটে প্রথম ব্যাটিং করতে হলে তো সর্বনাশ!
সর্বনাশ নিউজিল্যান্ডেরও প্রায় হয়েই গিয়েছিল। মাশরাফি তাঁর পঞ্চম ওভারে িস্টভেন ফ্লেমিংকেও আউট করে দিলেন। নতুন বলে তাঁর সঙ্গী মঞ্জুরুলেরও প্রথম স্পেলেই ২ উইকেট। নিউজিল্যান্ড ৪ উইকেটে ৫১!
দুই দেশের মধ্যে আরেকটি সিরিজ শুরুর আগে বাংলাদেশ–নিউজিল্যান্ড প্রথম টেস্টের স্মৃতিচারণা হতেই পারে। তবে এই পুরোনো কাসুন্দি ঘাঁটার আসল কারণ কিন্তু মাশরাফি বিন মুর্তজাই। ইনজুরির তাঁর ছায়াসঙ্গী হয়ে যাওয়ার সেটাই তো শুরু।
ওয়েলিংটনে এর পরের টেস্টটাও খেলেছেন। তবে না খেললেই ভালো হতো। হ্যামিল্টনই নিংড়ে নিয়েছিল তাঁকে। এক দিনেই বোলিং করেছিলেন ২৩ ওভার! লাঞ্চ পর্যন্ত ৩০ ওভারের ১২টিই। অপরিণত শরীর কি এই ধকল নিতে পারে নাকি! অধিনায়ক খালেদ মাসুদ এখন নিশ্চয়ই বুঝতে পারেন, ‘সোনার ডিম পাড়া হাঁস’–এর পেট চিড়ে সব ডিম বের করে নিতে চাওয়ার ভুলটাই তিনি করেছিলেন।
ওয়েলিংটনে পরের টেস্টের আগের দিনের সেই দৃশ্যটা এখনো চোখে ভাসে। বেসিন রিজার্ভের এক কোণে দাঁিড়য়ে টিম ম্যানেজমেন্টের মিটিং। বিষয় অবশ্যই মাশরাফি। দেখা হলেই যিনি পাঁজরের ব্যথার কথা বলে চলেছেন। ট্রেভর চ্যাপেল তখন কোচ। সেই ট্যুরের ম্যানেজার আফজালুর রহমান সিনহা, সহকারী তানজীব আহসান সাদ। তিনজন মিলে সিদ্ধান্ত নিলেন, মাশরাফি খেলবেন।
খেললেন, কিছুক্ষণ পরপরই পাঁজরে হাত দিতে দিতে। একসময় তো শর্ট রানআপেও বল করতে হলো। দেশে ফেরার পর সেই যে মাঠের বাইরে ছিটকে পড়লেন, টেস্ট ক্রিকেটে ফিরতে ফিরতে প্রায় দেড় বছর।
২০০৭–০৮
ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠটা ছবির মতো। কংক্রিটের বড় স্থাপনা একটাই। বাকিটা খোলা। এক পাশে লম্বা লম্বা গাছ। গাঙচিলের ওড়াউড়ি। সবকিছুতে এলায়িত একটা ভঙ্গি। একটানে যা ক্রিকেটের সেই পুরোনো যুগে ফিরিয়ে নিয়ে যায়। সবকিছুই এমন অনানুষ্ঠানিক যে, টেস্ট শুরু হওয়ার দিন সকালে সাংবাদিকদের পিচ দেখাতে নিয়ে গেলেন কিউরেটর!
মাঠটা সবচেয়ে বেশি মনে থাকার কথা তামিম ইকবালের। টেস্ট অভিষেকের কথা কি আর কেউ ভুলতে পারে! সেই অভিষেকটাও হয়েছিল দুর্দান্ত। প্রথম ইনিংসে ৫৩, দ্বিতীয় ইনিংসে ৮৪। ওপেনিংয়ে তামিমের সঙ্গী জুনায়েদ সিদ্দিকেরও সেটি অভিষেক। নিজেদের প্রথম টেস্টেই কিনা ওপেনিং জুটিতে বাংলাদেশের পক্ষে রেকর্ড! দ্বিতীয় ইনিংসে ১৬১।
ওই সফরের কথা মনে হলে অবশ্য যত না ডানেডিনে তামিম–জুনায়েদের জুটি, তার চেয়ে অনেক বেশি মনে হয় এর আগে ওয়ানডের শেষ ম্যাচটা।
ডানেডিনের মাঠের সৌন্দর্যের কথা বললাম। আর কুইন্সটাউনের পুরো শহরটাই যেন শিল্পীর তুলিতে সাজানো অপরূপ এক ছবি। বছরের শেষ দিনে খেলা। থার্টি ফার্স্ট উদ্যাপন করতে উপচে পড়া পর্যটক। যাঁদের মধ্যে বিল গেটস নামে এক ভদ্রলোকও ছিলেন।
কুইন্সটাউনের মাঠটি যেন খোলা প্রান্তর। পাশেই বিমানবন্দর। মাঠের পাশ দিয়েই বিমান উঠছে–নামছে। তর্কযোগ্যভাবে বিশ্বের সবচেয়ে সুন্দর সেই ক্রিকেট মাঠটিই বাংলাদেশের ক্রিকেটে এক দুঃস্বপ্নের অধ্যায়ের সাক্ষী। বাংলাদেশ ৯৩ রানে অলআউট, আর ৬ ওভারেই নিউজিল্যান্ডের তা টপকে যাওয়া। বাংলাদেশের সফরকারী সাংবাদিকদের কাছে ওই ম্যাচের মজার একটা পরিচয় আছে—‘শিঙাড়ার ম্যাচ’! এই বিশেষ সংখ্যাতেই তারেক মাহমুদের লেখায় এটি আছে বলে বিস্তারিত না–ই বলি। তবে এটুকু জানিয়ে দেওয়া যায়, আমি ওই শিঙাড়ার ‘ফাঁদে’ পড়িনি। পিড়নি বলেই ম্যাককালামের ২৮ বলে ৮০ রানের তাণ্ডবটার চাক্ষুষ সাক্ষী হতে পেরেছি।
২০১০
হ্যামিল্টনেই দুই দলের প্রথম টেস্ট। ৯ বছর আগে সর্বশেষ টেস্টটিও এখানে। এবার সেখানে খেলা নেই। তবে সুখস্মৃতি খুঁজতে বাংলাদেশ দলকে হ্যামিল্টনেই ফিরতে হবে। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সেরা টেস্ট তো ওটাই। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ সতীর্থদের তা অবশ্যই মনে করিয়ে েদবেন। দুজনেরই প্রথম টেস্ট সেঞ্চুির যে ওই টেস্টেই।
দুটি দুই ইনিংসে। মাহমুদউল্লাহর সেঞ্চুরির ইনিংসেও সাকিবের ৮৭ ছিল। টেস্ট ক্রিকেটে এখনো বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরি নেই। সাকিব কিন্তু ওখানেই তা করে ফেলতে পারতেন। উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককালাম বলটা গ্লাভসে নেওয়ার আগেই সেটি ঘাস ছুঁয়েছিল। ওই টেস্টেই ডিআরএসের সঙ্গে বাংলাদেশের প্রথম পরিচয়। িরভিউ চাইলেই সাকিব বেঁচে যান। তাঁর যে সন্দেহই হয়নি! দিনের খেলা শেষে ম্যাককালামকে ধরলাম। তিনি ম্যাককালাম বললেই বিশ্বাস করতে ইচ্ছা করল তাঁর দাবি, ‘হাফ ভলিতে ক্যাচ নিলে অনেক সময় বোঝা যায় না। আমিও বুঝতে পারিনি।’
সাকিব সেই দুঃখ ভুললেন দ্বিতীয় ইনিংসে ঠিক ১০০ করে। অদ্ভুত এক ইনিংস! আগের দিন ২৫ বল খেলেও কোনো রান করতে পারেননি। পরদিন একসময় তাঁর রান ৪৫ বলে ১২। এরপরই রীতিমতো ঝড়! পরের ১৩ বলেই ৪০ করে ফিফটি! চার–ছয় ছাড়া কোনো স্কোরিং শট নেই। ভেট্টোরির প্রথম ওভারেই পরপর চার বলে তিন চার ও এক ছয়!
ওই সফরে টেস্ট ছিল একটিই। যেটির দিকে ফিরে তাকালে উদ্ধত স্ট্রোক প্লের জন্য সাকিবের কথা মনে পড়ে। একই ইনিংসে তামিমের ১৯ বলে ৩০ রানের ঝড়ও। তবে তাঁদের ছাপিয়ে সামনে এসে দাঁড়ান মাহমুদউল্লাহ। স্ট্রোক তিনিও েখলেছেন। ৯১ রানে গিয়ে হুক করে ছক্কা মেরেছেন। ৯৯ থেকে আরেকটি হুকে চার মেরেই সেঞ্চুরি। পার্থক্য হলো, মাহমুদউল্লাহর চার–ছয়ের স্ট্রোকেও অলস একটা সৌন্দর্য থাকে। ওই ইনিংসে অফ সাইডে ভেঙ্কট লক্ষ্মণকে মনে করিয়ে দেওয়া এমন কিছু শট খেলেছিলেন, এত দিন পরও যা চোখে লেগে আছে।
সফরের ব্যস্ততায় মাহমুদউল্লাহর এই লেখা পড়ার সুযোগ হবে কি না জানি না। তার পরও অবুঝ দর্শকের মতো আবারও ও রকম একটা ইনিংসের দাবি জানিয়ে রাখলাম!