
টুকরো টুকরো কত ছবি মিলেই না তৈরি হয় একটা ক্রিকেট সিরিজের কোলাজ। স্মৃতির সাগরে সাঁতার কাটার সময় একটা ছবি এসে আরেকটিকে সরিয়ে দেয়। কখনো বা একটি এসে মিশে যায় আরেকটিতে। বাংলাদেশ–ইংল্যান্ড সিরিজও তো এমনই হওয়ার কথা।
আশ্চর্যই বলতে হবে, এখানে একটা ব্যতিক্রম হচ্ছে। চারটি সিরিজে এত সব চিত্রবিচিত্র ঘটনা, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বললেই বাকি সবকিছুকে কনুই মেরে পেছনে ফেলে আমার চোখের সামনে এসে দাঁড়ায় একটিই দৃশ্য। যেটি কোনো আনন্দের ছবি নয়। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বোলিং করে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে পড়ে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এরপরের দৃশ্যগুলো যেন ফাস্ট ফরোয়ার্ড বাটন টিপে দেওয়া। দৌড়ে আসা সতীর্থদের ভিড় তাঁকে ঘিরে। দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়ে যাওয়া। তখন তো আর জানার উপায় ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ফিরতে বয়ে যাবে প্রায় চৌদ্দ মাস সময়!
এর আগে–পরে কতবার ইনজুরিতে পড়েছেন। ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে বোলিং করতে এসে মাশরাফির পড়ে যাওয়ার দৃশ্যটাও তো প্রেসবক্স থেকেই দেখা। সেই সফরে বাংলাদেশের একমাত্র সাংবাদিক আমি। সেই সুবিধা কাজে লাগিয়ে কিছুক্ষণ পর ড্রেসিংরুমে গিয়ে কথাও বলেছি ম্যাসাজ টেবিলে শুয়ে থাকা মাশরাফির সঙ্গে। ফিজিও কী সব বুঝিয়ে একটু আশার আলো দেখাতে চাইছিলেন, মাশরাফি মাথা নাড়তে নাড়তে বাংলায় বললেন, ‘ও কিছুই জানে না। আমি জানি, আমার লিগামেন্ট গেছে!’
সেন্ট ভিনসেন্ট এক অর্থে আরও মর্মান্তিক ছিল। অধিনায়ক হিসাবে অভিষেক টেস্ট, সেটিতেই এমন সর্বনাশ! তার পরও মাশরাফির চোট পাওয়ার কথা উঠলেই চট্টগ্রামের ছবিটাই কেন সবার আগে এসে সামনে দাঁড়ায়? কারণটা অনুমান করতে পারি। মাশরাফি তখন মাত্রই ডানা মেলে উড়তে শুরু করেছেন। বেরিয়ে যাওয়ার আগে ওই টেস্টে নাসের হুসেইনের নাকের জল চোখের জল এক করে ছেড়েছিলেন। শেষবেলায় এসে নেতা হিসেবে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন। তবে বোলার হিসেবে অমিত সম্ভাবনাকে পূর্ণতা দিতে না পারার যে আক্ষেপ এখনো মাশরাফির বুক চিরে দীর্ঘশ্বাস বের করে আনে, সেই সর্বনাশের বীজ পোতা হয়েছিল ওই চট্টগ্রামেই।

২.
মাশরাফির ছবিটাই না হয় সবার আগে। চোখের সামনে সেটিই নেচে বেড়াল অনেকক্ষণ। কিন্তু এরপর, বাংলাদেশ–ইংল্যান্ড বললে এরপর আর কী কী মনে পড়ে? সিরিজ থেকে সিরিজে যাই। জয়–পরাজয়, রান–উইকেট এসব তো রেকর্ড বইয়েই লেখা আছে। সেসব এক পাশে সরিয়ে রেখেই নাহয় স্মৃতিচারণাটা হোক। চারটি সিরিজই কি থাকবে? ২০১০ সালে পরপর দুটি সিরিজ ছয় বছর আগের কথা। তারপরও সেই স্মৃতিতে এমন কোনো ধুলো পড়েনি। যা পড়েছে প্রথম দুটি সিরিজের স্মৃতিতে। শুধু সেই দুটিতেই না হয় ফিরে যাই—
২০০৩
ঢাকা টেস্টে অভিষেক হলো এনামুল হক জুনিয়রের। সেই টেস্ট কাভার করতে আসা উইজডেন অ্যালম্যানাক–এর সে সময়কার সম্পাদক ম্যাথু অ্যাঙ্গেল তো বিস্মিত, ‘এই পিচ্চি ছেলে টেস্ট খেলছে, বয়স কত ওর?’ এনামুলের অফিশিয়াল বয়স তখন ১৬ বছর ৩২০ দিন। শুনে অ্যাঙ্গেল একটু বিস্মিত। তাঁকে আরেকটু বিস্মিত করতে বললাম, ‘বাংলাদেশে বয়স নিয়ে একটু ঝামেলা আছে। তুমি বছর খানেক যোগ করে নিতে পারো।’ মাস ছয়েক পর অ্যালম্যানাক হাতে পাওয়ার পর দেখি, রেকর্ড সেকশনে ‘সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেক’–এর নিচে এনামুল হক জুনিয়রের ব্যাপারে একটা পাদটীকা—এনামুলকে চেনেন–জানেন, এমন মানুষেরা মনে করেন, তাঁর বয়স ১৮–এর কম হবে না। অ্যাঙ্গেলের ম্যাচ রিপোর্টে প্রসঙ্গটা এসেছিল আরও চমৎকারভাবে, ‘এনামুল জুনিয়রের বয়স অফিশিয়ালি ১৬, টিভিতে নিজেই বলেছেন ১৭, দেখতে লাগে ১২ আর পরিচিতজনেরা বলছেন ১৮।’
এঙ্গেলের কথা ওঠায় আরেকটা দৃশ্যও ভেসে উঠছে চোখের সামনে। বগলে বালিশ নিয়ে তিনি চলেছেন সংবাদ সম্মেলনে। বালিশ কেন? প্রেসবক্সের প্লাস্টিকের চেয়ারে সারাদিন বসে থাকা কঠিন। একটু আরামে বসার জন্য এঙ্গেল তাই হোটেল থেকে বালিশ নিয়ে যেতেন। আইডিয়াটা আমারও খুব পছন্দ হয়েছিল। কিন্তু ‘লোকে কী বলবে’ ভয়ে তাঁকে অনুসরণ করতে পারিনি।
lll
ওই ঢাকা টেস্টের আরেকটা দৃশ্যও কেন যেন মনে গেঁথে আছে। প্রথম টেস্ট খেলতে নামা গ্যারেথ ব্যাটির বল দেখেশুনে ছেড়ে দিয়ে বোল্ড হচ্ছেন অলক কাপালি। এর আগ পর্যন্ত হার্মিসন–হগার্ডদেরও অলকসুলভ স্বচ্ছন্দে খেলে ২৮ রান করেছেন। অলকের ব্যাটিং মানেই তখন দৃষ্টির জন্য প্রশান্তি। ওই টেস্টের আগে বছর খানেক এমন খেলেছেন যে হয়ে উঠেছেন নির্ভরতার আরেক নাম। ভবিষ্যৎ সুপারস্টারও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার রাতে আকরাম খান আমাকে বলেছিলেন, ‘অলক একদিন বাংলাদেশের সীমা ছাড়িয়ে ক্রিকেট বিশ্বেরই সেরাদের একজন হবে।’ আকরামের সঙ্গে একমত না হওয়ার কোনো কারণ দেখিনি। সেই অলক যে শেষ পর্যন্ত দীর্ঘশ্বাসের নামান্তর হয়ে রইলেন, সেটির সূচনাপর্বটা খুঁজতে গেলে ব্যাটির বলে বোল্ড হওয়ার দৃশ্যটাই চোখে ভাসে। এরপরও অলক–ঝলক দেখা গেছে কখনো–সখনো। কিন্তু অলকের যা হওয়ার কথা ছিল, তা আর হতে পারেননি। কেন যেন মনে হয়, পতনের পথে অলকের যাত্রা শুরু ওই ব্যাটির হাতেই। বিস্মৃতপ্রায় সেই গ্যারেথ ব্যাটি আবারও আসছেন বাংলাদেশে। অলক কাপালির কি মনে পড়ছে সেই স্মৃতি?
lll
ডেভ হোয়াটমোরের একটা কথা দিয়ে এই পর্ব শেষ করি। ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এক ইংরেজ সাংবাদিক পরের টেস্টের সম্ভাব্য কম্বিনেশন নিয়ে প্রশ্ন করলেন। হোয়াটমোর উত্তর দিলেন: আটজন ব্যাটসম্যান ও ছয়জন বোলার!
২০০৫
হিথ্রো এয়ারপোর্টে নেমে পত্রিকা কিনেই দেখি, খেলার পাতায় মুশফিকুর রহিমের বিশাল এক ছবি। আগের দিন নর্দাম্পটনশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১১৫ রানের এক ইনিংস খেলেছেন। ষোলো বছরের একটা ছেলে ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করছে, ইংল্যান্ডে হইচই ফেলে দেওয়ার জন্য আর কী লাগে!
ইংল্যান্ডে বাংলাদেশের প্রথম সফরটি ছিল অনেক লম্বা। প্রায় আট সপ্তাহের। প্রস্তুতি ম্যাচ–ট্যাচ খেলার পর দুই টেস্টের সিরিজ, এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ন্যাটওয়েস্ট ট্রফি। আশরাফুল–বীরত্বে কার্ডিফে অস্ট্রেলিয়া–বধের কারণে যেটি স্মরণীয় হয়ে আছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। তবে ওই সফরে সবচেয়ে চমক জাগানো গল্পের নাম ওই মুশফিকুর রহিম। স্কোয়াডে ঢুকেছিলেন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে। কিন্তু প্রস্তুতি ম্যাচগুলোতে দেখা গেল, ইংলিশ গ্রীষ্মের শুরুর ওই সিমিং কন্ডিশন একমাত্র তাঁর ব্যাটেই বশ মানছে। নর্দাম্পটনের বিপক্ষে ওই অপরাজিত সেঞ্চুরির আগে সাসেক্সের বিপক্ষে ৬৩। লর্ডসে প্রথম টেস্টে তাই স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই অভিষেক হয়ে গেল তাঁর। অভিষেক ইনিংসে ১৯ রানের বেশি করতে পারেননি। তবে উইকেটে স্বচ্ছন্দ ৮৫ মিনিট যে ইঙ্গিত দিয়েছিল, সেটি ঠিকই সত্যি হয়েছে পরে। মুশফিকের ইংল্যান্ড–অভিযান অবশ্য সেবার লর্ডসেই শেষ। চেস্টার লি স্ট্রিটে পরের টেস্টেও খেলতেন। কিন্তু হোটেলের সিঁড়িতে পা মচকে তা আর খেলা হয়নি।
ওই সফরে করা তাঁর একটা রেকর্ড যে এখনো অক্ষয় হয়ে আছে, মুশফিক কি তা জানেন? নর্দাম্পটনে সেঞ্চুরি করেছিলেন ১৬ বছর ২৬১ দিনে। ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম বয়সে ফার্স্ট ক্লাস সেঞ্চুরির রেকর্ডটা এখনো কেউ ভাঙতে পারেননি। আবারও আসছে উইজডেন। মুশফিকের ওই রেকর্ডের কথা বলে যাতে পাদটীকা জুড়ে দেওয়া আছে—বাংলাদেশের যেকারও বয়স নিয়ে একটু সংশয় থাকে। তবে ওয়াকিবহাল সূত্রে জানা গেছে, মুশফিকের বয়স বড়জোর ছয় মাস এদিক–ওদিক হতে পারে!
lll
একটু আগে অলকের কথা বলছিলাম। অলকের মতোই সম্ভাবনাকে পূর্ণতা দিতে না পারা সহজাত আরেক প্রতিভার নাম আফতাব আহমেদ। নিয়মনীতিকে থোড়াই কেয়ার করার আফতাবীয় দুঃসাহসের সাক্ষী ওই টেস্ট সিরিজ। ইংল্যান্ডে তাঁর প্রথম টেস্ট ইনিংসে ১৪ বল খেলেছিলেন। দৌড়াদৌড়ির ধার ধারেননি, ৫টি চারে করেছিলেন ২০ রান। পরের ইনিংসে ৩৩ বলে ৩২। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একটু যেন ‘টেস্ট’ ব্যাপারটা মাথায় ঢুকেছিল—৬ রান করতে তাই ৩১ বল। দ্বিতীয় ইনিংসে ওই সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮২ রান ঠিক ৮২ বলে। চেস্টার–লি–স্ট্রিটের রিভারসাইড মাঠের পাশেই একটা দুর্গ। যেটিতে ভূত–টূত আছে বলেও শোনা যায়! তৃতীয় দিন চার ওভারের মধ্যেই টেস্ট শেষ হয়ে যাওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সংবাদ সম্মেলনে এসে বিস্ময়মাখা কণ্ঠে বলেছিলেন, ‘বাংলাদেশের ওই ছোট্ট ব্যাটসম্যানটা তো ডেঞ্জারাস! প্রায় ওই দুর্গে পাঠিয়ে দিয়েছিল বল!’
lll
স্মৃতির দেয়াল যে কী লিখে রাখে, আর কী মুছে ফেলে, তা এক রহস্য বটে। নইলে এখন যা বলব, এত স্মৃতির ভিড়ে এটি তো মনে থাকার কথা নয়। বাংলাদেশ যে টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, ‘টাই’–য়ে শেষ হয়েছিল সেই ত্রিদেশীয় ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালটা। দুই দল যুগ্ম চ্যাম্পিয়ন। বাংলাদেশ তো আর তখন পাতে দেওয়ার মতো দল নয়। ফাইনালে কারা খেলেছিল, সেটি বোধ হয় তাই না বললেও চলে। গত কিছুদিন ধারাভাষ্যকার হিসেবে আবির্ভূত ব্রায়ান মুর্গাট্রয়েড সেই সিরিজটা কাভার করছিলেন একটা বার্তা সংস্থার হয়ে। ম্যাচ শেষে ওর একটা কথা মনে করে এখনো হাসি। লর্ডসের সিঁড়িতে দাঁড়িয়ে গম্ভীর মুখে মুর্গাট্রয়েড বলেছিল, ‘আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো! তিনটা দল খেলছে, টুর্নামেন্ট শুরুর আগেই সবাই জানে কোন দুটি দল ফাইনালে খেলবে। অথচ এতগুলো ম্যাচ খেলার পরও আমরা জানতে পারলাম না, এই দুই দলের মধ্যে কোনটি ভালো! তুমিই বলো, এর কোনো অর্থ হয়!’