মনের জোরে ওরা ক্রিকেটার
শারীরিক প্রতিবন্ধীদের জাতীয় ক্রিকেট দল গঠনের উদ্দেশ্যে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। বিকেএসপির এ ‘প্রতিভা অন্বেষণ কর্মসূচি’তে অংশ নেওয়া ১৫০ খেলোয়াড়ের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে ৫০ জনকে।
তিন দিন প্রশিক্ষণের পর ৫০ জনের মধ্য থেকে নির্বাচন করা হবে ২৫ খেলোয়াড়। প্রতিভা অন্বেষণ কর্মসূচি শেষে ২৫ জন নির্বাচিত খেলোয়াড় বিকেএসপিতে তিন মাসব্যাপী এক প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিকেএসপি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ বিকেলে বিকেএসপির মাঠে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। শারীরিক প্রতিবন্ধী জাতীয় ক্রিকেট দল আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় পাঁচ জাতি টুর্নামেন্টে অংশ নেবে।