মনের ভূতেই খেল প্রোটিয়াদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির পর অজিঙ্কা রাহানে l এএফপি
দেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির পর অজিঙ্কা রাহানে l এএফপি

নাগপুরের মতো ‘নারকীয়’ উইকেট এটা নয়। এখানে বল পড়ে যখন-তখন বাঁকও নিচ্ছে না। ফিরোজ শাহ কোটলার উইকেট যে ব্যাটসম্যানদের জন্য মোটেও ‘নরক’ নয়, সেটির প্রমাণ অজিঙ্কা রাহানে আর রবিচন্দ্রন অশ্বিনই দিয়েছেন। দক্ষিণ আফ্রিকাই পারল না। প্রথম ইনিংসে ভারতের ৩৩৪ রানের জবাবে অলআউট হয়ে গেল ১২১ রানে। আর তাতেই দুই দিন আগে সুনীল গাভাস্কারের বলা কথাটাই আবার সামনে এল—উইকেটে যতটা না ভূত, তার চেয়ে বেশি ভূত আসলে ব্যাটসম্যানদের মনে! আমলা-ডু প্লেসিদেরও তো আসলে মনের ভূতেই খেল!
১ উইকেটে ৩৮ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া প্রোটিয়ারা যে শেষ সেশনে আর ৮৩ রান তুলতেই বাকি ৯ উইকেট হারিয়ে ফেলল, সেটা কতটা ভারতীয় বোলারদের কৃতিত্বে আর কতটা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মনের জুজুতে, তা নিয়ে বিতর্ক হতে পারে। হাশিম আমলা আর টেমবা বাভুমা দুজনই রবীন্দ্র জাদেজাকে কাট করতে গিয়ে আউট হয়েছেন, যে বলগুলো আসলে কাট করার মতো শর্ট ছিল না। জেপি ডুমিনি আর ডেন ভিলাস আউট হয়েছেন রিভার্স সুইংয়ে, ঠিকঠাক ফুটওয়ার্কের অভাবে। এবি ডি ভিলিয়ার্সের ৪২ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২২ এসেছে বাভুমার ব্যাটে। প্রোটিয়াদের সাত ব্যাটসম্যানের মোট রান ২৩, যাঁদের মধ্যে আমলা, ডুমিনি, ডু প্লেসিরাও আছেন!
দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের যে উইকেট-জুজুতে পেয়ে বসেছে, সেটার সবচেয়ে ভালো উদাহরণ হতে পারেন ফাফ ডু প্লেসি। সিরিজটা প্রায় দুঃস্বপ্নের মতো কেটেছে তাঁর, সেই চাপ সামলাতে না পেরেই কি না, ব্যাট হাতে নেমে দ্বিতীয় বলেই সুইপ করতে গেলেন! ফল জাদেজার আরও একটা উইকেট! গতকালের ৫ উইকেটসহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে ১০.৬১ গড়ে ২১ উইকেট হলো ভারতীয় এই স্পিনারের।
দিনের শেষটা যদি জাদেজার হয়, তাহলে শুরুটা নিঃসন্দেহে সেঞ্চুরিয়ান অজিঙ্কা রাহানের। প্রথম দিনেই ৭ উইকেট হারিয়ে ২৩১ রান করেছিল ভারত। সিরিজের সর্বোচ্চ স্কোর হয়ে গিয়েছিল তাতেই। আগের তিন টেস্টে দলীয় সর্বোচ্চই যে ছিল মাত্র ২১৫! কাল সেটিকে তিন শ পার করলেন রাহানে-অশ্বিন। নেতৃত্ব দিয়েছেন রাহানেই। ৮৯ রানে দিন শুরু করে এই মিডল অর্ডার ব্যাটসম্যান কাল তাঁর ক্যারিয়ারের পঞ্চম ও দেশের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন। এই সিরিজেরই প্রথম সেঞ্চুরি এটি। অশ্বিনের সঙ্গে তাঁর ৯৮ রানের জুটিটিও এই সিরিজের সর্বোচ্চ জুটি!
উইকেট যে শুধুই স্পিনারদের ছিল না তার আরেকটা প্রমাণ কাইল অ্যাবটের বোলিংয়েও। ২৪.৫ ওভার বোলিং করে ৪০ রানে ৫ উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। সর্বশেষ ২৮ বছরে দিল্লিতে এই প্রথম কোনো পেসার ৫ উইকেট পেলেন! ক্রিকইনফো।