মনোযোগ দিলে চুলে, সব যাবে ভুলে!

অদ্ভুতুড়ে অ্যাকশন আর ক্রমাগত নিখুঁত ইয়র্কারে বহু ব্যাটসম্যানদের ঘুম হারাম করেছেন লাসিথ মালিঙ্গা। শুধু অ্যাকশন দিয়ে নয়, মালিঙ্গার ফ্যাশন-সচেতনতাও বলার মতোই। একটা সময় প্রতি সিরিজেই চুলের স্টাইল পাল্টাতেন। এখন অবশ্য ঘনঘন পরিবর্তন করেন না, তবে কেশসজ্জায় প্রচুর সময় ঠিকই ব্যয় করেন। হয়তো ফর্মের তুঙ্গে নেই। তবুও নিজের দিনে ‘সিলিঙ্গার মালিঙ্গা’কে সামলানো যেকোনো ব্যাটসম্যানের জন্যই কঠিন।
মালিঙ্গাকে সামলানোর দারুণ এক উপায় বাতলে দিলেন শচীন টেন্ডুলকার। খেলোয়াড়ি জীবনে বহু ডাকাবুকো বোলারকে সামলেছেন। স্বাভাবিকভাবে সে তালিকায় মালিঙ্গাও ছিলেন। টেস্টে ৬ ও ওয়ানডেতে ১৭ ইনিংস—মোট ২৩ ইনিংসে টেন্ডুলকারকে ছয়বার (টেস্টে দুই ও ওয়ানডেতে চার) আউট করেছেন মালিঙ্গা। কীভাবে মোকাবিলা করতেন লঙ্কান এ পেসারকে? শুনে টেন্ডুলকার হাসলেন। বেশ রসিকতার সুরেই বললেন, ‘অদ্ভুত চুলের দিকে নয়, দেখতে হবে তার বল’। টেন্ডুলকারের সহজ দাওয়াই, বোলার যে-ই হোক না কেন, তার চেহারায় নয়, মনোযোগ রাখতে হবে বলে।
বোলারের অন্য কিছুতে মনোযোগ দিলেই সর্বনাশ! তাতে বলের দিকে দৃষ্টি সরে যাবে। আর ক্ষণিকের ওই ভুলের চওড়া মাশুল দিতে হবে ব্যাটসম্যানকে। রসিকতা ছেড়ে বেশ সিরিয়াস ভঙ্গিতেই ব্যাটসম্যানদের করণীয় প্রসঙ্গে বললেন, ‘বিশ্বমানের বোলাররা নতুন নতুন কৌশল নিয়ে হাজির হচ্ছে। একজন ব্যাটসম্যানের কর্তব্য, তার নিজের খেলা নিয়ে কাজ করা।’ পিটিআই।