মনোহরের তিন চ্যালেঞ্জ

আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাত্রই। নিয়মানুযায়ী শশাঙ্ক মনোহর এ দায়িত্বে থাকবেন আগামী দুই বছর। নির্বাচিত হয়েই ক্রিকেট প্রশাসনে আরও স্বচ্ছতা ও সমতা আনার প্রতিশ্রুতিও দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদ্য সাবেক সভাপতি। তবে সেই প্রতিশ্রুতি রাখা কি আদৌ সহজ হবে তাঁর জন্য? ক্রিকইনফো আইসিসির স্বাধীন চেয়ারম্যান হিসেবে মনোহরের সামনে দেখছেন বড় তিনটি চ্যালেঞ্জ—
প্রথম চ্যালেঞ্জটা অবশ্যই আয়ের সুষম বণ্টন। ২০১৪ সালে আইসিসি পুনর্গঠনের পর যে আয় বণ্টননীতি করা হয়েছে, তাতে আইসিসির আয়ের বড় একটা অংশই পাওয়ার কথা ‘তিন মোড়ল’ ক্রিকেট বোর্ড—বিসিসিআই, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। যদিও তখন যুক্তি দেখানো হয়েছে, টেলিভিশন প্রচারস্বত্বের চুক্তির অঙ্ক বাড়বে বলে অন্যান্য বোর্ডের আয়ও বাড়বে। এ ছাড়া টেস্ট ক্রিকেটের তহবিল থেকেও অন্য বোর্ডগুলো প্রতি আট বছরের চক্রে ১০ মিলিয়ন ডলার করে পাবে। তবে বাস্তবতা হচ্ছে, পুনর্গঠিত এ অর্থ বণ্টনকাঠামোর ফলে ‘বিগ থ্রি’ ছাড়া অন্য বোর্ডগুলোর আয় কমে যাচ্ছে। এই বণ্টন-প্রক্রিয়ায় কি আবার সমতা আনতে পারবেন মনোহর?
শুধু আয় বণ্টননীতিই নয়, পুনর্গঠনের পর প্রশাসনিক কাঠামোতেও পুরো ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিগ থ্রি। নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হয়েছে এই তিন বোর্ডের হাতে। বিসিসিআই সভাপতি হওয়ার পরই যে প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছিলেন মনোহর। এমনকি আইসিসিতে স্বাধীন চেয়ারম্যান নির্বাচনের আইনটাও হয়েছে তাঁর হাত ধরেই। এবার সেই চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় প্রশাসনিক কাঠামোর অন্যান্য জায়গায় ক্ষমতার পুনর্বণ্টন নিয়েও তাঁর কাছে একটা প্রত্যাশা তৈরি হয়েছে।
এ ছাড়া সদস্য দেশগুলোর এফটিপির (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) আগের নিয়মে আইসিসির কিছুটা নিয়ন্ত্রণ ছিল। ফলে অনেক সময় ছোট দলগুলোর সঙ্গে বড় দলগুলোকে খেলতে রাজি করানোর ব্যাপারে একটা ভূমিকা থাকত আইসিসির। কিন্তু পুনর্গঠনের ফলে ভবিষ্যৎ সফর পরিকল্পনা চুক্তি হবে শুধুই সদস্য দেশগুলোর মধ্যে। দ্বিপক্ষীয় চুক্তি ছাড়া কোনো দেশই কোনো দেশকে তাদের বিপক্ষে খেলার জন্য জোর করতে পারবে না। আইসিসিও পারবে না দুটি দেশের দ্বিপক্ষীয় চুক্তিতে হস্তক্ষেপ করতে। যে কারণে বড় দলগুলোর বিপক্ষে ছোট দলগুলোর খেলার সুযোগ যাচ্ছে কমে। মনোহর কি পারবেন আবার তাদের এই সুযোগটা করে দিতে? ক্রিকইনফো।