মরগানই অধিনায়ক
বিশ্বকাপে ভরাডুবির পরই ইংল্যান্ড দলে আমূল পরিবর্তন এসেছে। দারুণ আক্রমণাত্মক ক্রিকেট খেলছে তারা। এই রদবদলের মাঝেও অধিনায়ক বদলায়নি ইংল্যান্ড। বিশ্বকাপ-ব্যর্থতার পরও অধিনায়ক হিসেবে এউইন মরগানই ইংল্যান্ডের প্রথম পছন্দ। আরও অনেক দিন তাঁকে অধিনায়ক দেখা যাবে বলেই মনে হচ্ছে। বাংলাদেশ সফরে না এলেও ভারত সফরেই সীমিত ওভারের নিয়মিত অধিনায়ককে ফিরে পাওয়ার আশা সহকারী কোচ পল ফারব্রেসের।
অথচ ঘটনাটা অন্য রকমও হতে পারত। নিরাপত্তাকে কারণ দেখিয়ে মরগান ও অ্যালেক্স হেলস না আসার সিদ্ধান্ত নেওয়ায় অসন্তুষ্ট হয়েছিলেন ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। নতুন কেউ এসে দলে স্থায়ী হয়ে যেতে পারে বলে সতর্কও করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে দারুণ খেলে বেন ডাকেট ও স্যাম বিলিংসও জানিয়েছেন তাঁরা প্রস্তুত। ইংল্যান্ড দলে জায়গা ফিরে পাবেন কি না তা নিয়ে মরগানের উদ্বিগ্ন হয়ে পড়াটাই ছিল স্বাভাবিক। সাবেক অধিনায়ক মাইকেল ভনও বলেছিলেন, বাংলাদেশ সফরকে না করে ‘বিরাট ভুল’ করে ফেলেছেন মরগান!
বাংলাদেশের বিপক্ষে জস বাটলারের অধিনায়কত্বে সিরিজও জিতেছে ইংল্যান্ড। তবে এমন সাফল্যেও ফারব্রেস ভোলেননি মরগানের কথা। জানুয়ারিতে ভারতের বিপক্ষেই মরগানকে দলের নেতৃত্বে দেখতে চান তিনি, ‘অবশ্যই ভারতে অধিনায়ক থাকবে মরগান। এর অন্যথা হওয়ার সুযোগ নেই।’ ফারব্রেসের চোখে, মরগানই বদলে যাওয়া ইংল্যান্ডের পথপ্রদর্শক, ‘এত দিন সে-ই নেতার ভূমিকায় ছিল এবং সবাইকে এভাবে (আগ্রাসী) খেলার সুযোগ দিয়েছে।’
এমন নিশ্চয়তার পরও মরগানকে ভারতে দেখা যাবে কি না, সেটা বলা যাচ্ছে না। বাংলাদেশে না আসার সিদ্ধান্ত জানানোর সময় বাংলাদেশ ও ভারত দুই দেশের নিরাপত্তা নিয়েই তো প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক। সূত্র: ডেইলি মেইল।