
মঈন আলী নিশ্চিত করেছেন। জনি বেয়ারস্টোও এখন পর্যন্ত ইতিবাচক। ইসিবিকে সবুজ সংকেত দিয়েছেন অ্যালিস্টার কুকও। তবে এউইন মরগানের বাংলাদেশ সফর নিয়ে এখনো সংশয় কাটেনি। সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন তাঁকে সতর্ক করে বলেছেন, বাংলাদেশে না গেলে বড় মূল্য দিতে হতে পারে মরগানকে।
গুলশানে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে ইসিবির সিদ্ধান্তে নির্ধারিত সূচি অনুযায়ীই ইংল্যান্ড দল আসছে বাংলাদেশে। মরগানসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার নিরাপত্তা নিয়ে নিজেদের শঙ্কার কথা জানিয়েছিলেন। ডেইলি টেলিগ্রাফকেদেওয়া এক কলামে পিটারসেন বলছেন, অনেকেই যাওয়ার সিদ্ধান্ত নিলে মরগানের না বলার সুযোগ নেই, ‘এউইন মরগানের বাংলাদেশে না যাওয়ার কোনো সুযোগ নেই। সবাই যাচ্ছে, কিন্তু সে না বলে দিলে ওর নামের পাশে একটা লাল দাগ পড়বে।’ পিটারসেনের ব্যাখ্যা, টেস্ট অধিনায়ক কুকই যখন ইতিবাচক, তখন মরগানের না বলাটা কঠিন, ‘অ্যালিস্টার কুক নিজেই যখন টেস্টে আসতে আগ্রহী, ওয়ানডে অধিনায়ক হিসেবে মরগানের ওপর সেটা চাপ বাড়াবে। সে হয়তো এরপরও সফরে না-ও যেতে পারে। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছেও। কিন্তু ভবিষ্যতে এটা অনেকভাবেই তার বিপক্ষে যেতে পারে।’
গত সপ্তাহেই কেপি বলেছিলেন, এই পরিস্থিতিতে তিনি নিজেও হয়তো নাম সরিয়ে নিতেন। তবে ইংল্যান্ড দলে ব্রাত্য পিটারসেনের মুখে এখন উল্টো সুর, ‘যখন সবাই যাওয়ার ব্যাপারে রাজি, তখন আপনি বাকিদের চেয়ে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন কী করে?’
পিটারসেন বলছেন, নিরাপত্তার আশ্বাসের পরেও না এলে মরগান বোর্ডের বিরাগভাজন হতে পারেন, ‘ইংল্যান্ডের কর্তাব্যক্তিরা অনেক কিছুই মনে রাখে। তারা ভুলবে না, একজন তাদের পরামর্শ উপেক্ষা করেছে, ইংল্যান্ডের অধিনায়কত্ব ফিরিয়ে দিয়েছে।’ এএফপি।