মরগানের কাছে সাহসী নেতৃত্ব কীভাবে চাইবে ইংল্যান্ড?

আর কোনো খেলোয়াড় হলে হয়তো এত কথা উঠত না। তিনি ইংল্যান্ডের অধিনায়ক বলেই এউইন মরগানের পিছু হটা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অ্যান্ড্রু স্ট্রাউস প্রকাশ্যেই নিজের হতাশার কথা বলেছেন। আর ইংলিশ মিডিয়া প্রশ্ন তুলেছে, দলের সংকটময় মুহূর্তে যে অধিনায়ক নিজে থাকে না, তিনি কী করে সতীর্থদের বলবেন, ‘বাড়তি লড়াই করো, নিজেকে উজাড় করে দাও।’
এই সফরে আসারই কথা ছিল না অ্যালিস্টার কুকের। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বাবা হতে চলেছেন। এই সময়ে স্ত্রী ও পরিবারের পাশে থাকাই ছিল স্বাভাবিক। কিন্তু সফরটা ‘বিশেষ’ বলেই কুক শেষ পর্যন্ত দলের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সফর করে গিয়েই নিজের নবজাতকের মুখ হয়তো দেখতে হবে তাঁকে। কিন্তু ওয়ানডে অধিনায়ক মরগান হাঁটলেন উল্টো পথে।
মরগান এমন সিদ্ধান্ত নিতে পারেন—এটি অনুমিতই ছিল। ইংলিশ মিডিয়া প্রশ্ন তুলেছিল, মরগান যদি না যান, নেতৃত্বও ছেড়ে দেওয়া উচিত তাঁর। বিশেষ করে মরগানের এই সিদ্ধান্ত তাঁকে আর যাই হোক সাহসী বলে প্রতিষ্ঠিত করেনি। ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘বাংলাদেশ সফরে না গিয়ে ইংল্যান্ডকে হতাশ করলেন মরগান, এখন তিনি নিজের দলকে কীভাবে বলবেন আরও বেশি লড়াই করো?’
মাইকেল ভনের কলাম থেকে ডেইলি টেলিগ্রাফ শিরোনাম করেছে, ‘ইংল্যান্ড অধিনায়ক কাজ হলো নেতৃত্ব দেওয়া, মরগানের বাংলাদেশে না যাওয়া বড় ভুল।’ সরাসরি মন্তব্য না করলেও ডেইলি সান প্রশ্ন তুলেছে, এই সফরে না যাওয়ার পেছনে যে দুটি কারণ বড় করে দেখিয়েছেন মরগান তার একটা তিনি নিজেই বিশ্বাস করেন কি না। কারণ ২০১০ আইপিএলে বোমা আতঙ্কের কথা বললেও মরগান নিজে এরপর আরও পাঁচবার আইপিএল খেলেছেন বলে লিখেছে পত্রিকাটি। এ কারণে ইসিবি স্বাভাবিকভাবেই তাঁর ওপর ক্ষুব্ধ।
এর পরিণতি কী হবে এখনও অনিশ্চিত। তবে ইউকে এক্সপ্রেস লিখেছে, মরগান ও হেলস বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নিয়ে নিজেদের ক্যারিয়ার ঝুঁকির মধ্যে ফেলে দিলেন।